বুধবার, জুন ৩, ২০২৬
37.7 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমলাইফস্টাইলশীতকালীন স্বাস্থ্য সুরক্ষা: দায়িত্বে অটল থাকার জন্য জরুরি কিছু যত্ন

শীতকালীন স্বাস্থ্য সুরক্ষা: দায়িত্বে অটল থাকার জন্য জরুরি কিছু যত্ন

ডিটেকটিভ ডেস্ক
,

উত্তর দিকের কনকনে হাওয়া আর গভীর রাতের কুয়াশা জানিয়ে দিচ্ছে-শীত এখন আর দরজায় নয়, আমাদের জীবনের ভেতরেই ঢুকে পড়েছে।রাস্তার বাতির নিচে ভেসে থাকা সাদা ধোঁয়াটে কুয়াশা, নিঃশ্বাসে ধোঁয়া ওঠা, আর গরম চায়ের কাপ হাতে নিয়ে সকালের ডিউটিতে যাওয়া পুলিশ সদস্যদের পরিচিত দৃশ্য।শীতের সকাল যেমন আরামদায়ক ও কবিতার মতো রোমান্টিক, তেমনি এই ঋতু হঠাৎ সর্দি-কাশি, গলা ব্যথা, জয়েন্ট পেইন কিংবা জ্বর নিয়ে বেশিরভাগ সময়ই অপ্রস্তুত করে ফেলে। অনেকেই ডিউটির মাঝে অসুস্থ হয়ে পড়েন, আবার কেউ কেউ শারীরিক অস্বস্তির কারণে প্রিয় এই মৌসুমকে উপভোগ করতেই পারেন না।এই অস্বস্তি, বিরক্তি বা অসুস্থতা থেকে দূরে থাকতে চাই কিছু অতিরিক্ত সচেতনতা-বিশেষত সেই পুলিশ সদস্যদের জন্য, যাদের কাজের সময়, স্থান বা দায়িত্ব আবহাওয়ার থেকে কোনো ছাড় পায় না।

শীতের সময় যেসব সমস্যা বেশি দেখা দেয় সর্দি-কাশি, গলা ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট, জয়েন্টে ব্যথা, ত্বক-চুলের শুষ্কতা, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া-এসব সমস্যা শীতে খুব সাধারণ।বাইরে দীর্ঘক্ষণ ডিউটি, হঠাৎ তাপমাত্রা পরিবর্তন, ঘাম হওয়ার পর ঠান্ডা হাওয়া লাগা-এসবই ঝুঁকি বাড়ায় অ্যালার্জি প্রবণ সদস্যদের ক্ষেত্রে সমস্যা আরও জটিল হয়।

রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যা করবেন
শীতকালে ঠান্ডা লাগার ঝুঁকি বেশি-তাই চাই ভেতর থেকে সুরক্ষা।দেহের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী থাকলে কাজের চাপ, ডিউটির পরিবর্তন ও পরিবেশগত পরিবর্তনেও অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে।

  • শীতকালীন শাকসবজি ও ফল বেশি খান-ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, গাজর, মটরশুঁটি, পেয়ারা, কমলা, শালগম ইত্যাদিতে ভিটামিন-সি, আয়রন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।
  •  কুসুম গরম পানি পান-শীতে ঠান্ডা পানি অনেকের গলা খারাপ করে; কুসুম গরম পানি শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে| চাইলে অল্প পরিমাণ মধু মেশানো যেতে পারে।
  • ভেষজ উপাদান পরিমিত গ্রহণ-তুলসী, আদা, কালোজিরা, মধু, দারুচিনি ইত্যাদি রোগ প্রতিরোধে সহায়ক। ডিউটি থেকে ফিরে গরম পানিতে আদা-তুলসী-কালোজিরা মিশ্রণ অনেকেই উপকারী মনে করেন।
  • ঘুম ও বিশ্রামকে গুরুত্ব দিন-রাতের ডিউটি বা টানা দায়িত্বের পর শরীর বিশ্রাম না পেলে রোগ সহজেই ধরতে পারে।

ত্বক ও চুলের যত্ন – প্রাকৃতিকভাবেই সমাধান

শীত এলেই ত্বক খসখসে হয়ে যাওয়া, ঠোঁট ফাটা, চুল রুক্ষ হয়ে যাওয়া খুব সাধারণ।কেমিক্যাল-সমৃদ্ধ প্রসাধনী দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে।বরং—

  • নারিকেল বা অলিভ অয়েল মৃদু মালিশে ত্বক ও মাথার ত্বক আদ্র থাকে।
  • শেভিংয়ের পর অ্যালোভেরা বা সরিষার তেল ব্যবহার করলে ত্বক কম শুষ্ক হয়।
  • মধু + চিনি অল্প গরম পানিতে মিশিয়ে স্ক্রাব করলে মৃত কোষ দূর হয়।
  • গরম পানিতে অতিরিক্ত গোসল না করা-এতে ত্বক আরও শুষ্ক হয়।

হাত-পা গরম রাখতে করণীয়

হাত-পা বরফের মতো ঠান্ডা হওয়া মূলত রক্ত প্রবাহ কমে যাওয়ার লক্ষণ।ডিউটির সময় এটি অস্বস্তিকর এবং কর্মক্ষমতা কমিয়ে দেয়।

  • হাতের গ্লাভস ও পায়ের মোজা পরা-বিশেষ করে রাতের ডিউটিতে।
  • হালকা গরম সরিষার তেল মালিশ-রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
  • দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ডিউটি হলে মাঝে মাঝে হাঁটা-নড়াচড়া করা।
  • অ্যানিমিয়া থাকলে আয়রনসমৃদ্ধ খাবার খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা।

শীতের সময় দায়িত্ব যেমন কমে না, রোগের ঝুঁকিও তেমন কম নয়।তাই যথাযথ পদক্ষেপ হবে-ডিউটি, শরীর এবং বিশ্রামকে সমান গুরুত্ব দেওয়া।সামান্য সচেতনতা এবং নিয়মিত যত্নই একজন পুলিশ সদস্যকে সারা মৌসুম সুস্থ, কর্মক্ষম এবং দায়িত্বে নির্ভরযোগ্য রাখতে পারে।

সম্প্রতি

নাগরিক সংযোগ