হোমপেশাগত মানোন্নয়নমাঠপর্যায়ে পুলিশিংয়ে নেতৃত্ব দেওয়ার ১২টি কৌশল

মাঠপর্যায়ে পুলিশিংয়ে নেতৃত্ব দেওয়ার ১২টি কৌশল

শাহজাদা মো. আসাদুজ্জামান
,

“নেতা সেই ব্যক্তি, যিনি মানুষ ও প্রক্রিয়ার সম্ভাবনা খুঁজে বের করার দায়িত্ব নেন এবং সেই সম্ভাবনা বিকাশের সাহস রাখেন।”
— ব্রেনে ব্রাউন

মাঠপর্যায়ের পুলিশিং হলো পুলিশের পেশাদারত্বের সবচেয়ে বাস্তব ও চ্যালেঞ্জিং ক্ষেত্র; যেখানে আইন প্রয়োগের পাশাপাশি নৈতিকতা, জনসম্পৃক্ততা, সংকট ব্যবস্থাপনা এবং মানবিক আচরণ একসঙ্গে পরীক্ষিত হয়। এই বাস্তবতায় নেতৃত্ব মানে নির্দেশ দেওয়া বা শৃঙ্খলা আরোপের পাশাপাশি সততা, আস্থা, আবেগীয় বুদ্ধিমত্তা এবং ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণের একটি সমন্বিত প্রকাশ। কার্যকর মাঠপর্যায়ের নেতা সেই কর্মকর্তা, যিনি পদ বা কর্তৃত্বের ওপর নির্ভর না করে নিজের আচরণ ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে দলকে প্রভাবিত ও অনুপ্রাণিত করেন, সবার মতামতকে গুরুত্ব দেন এবং দায়িত্ব বণ্টনের মাধ্যমে সদস্যদের সক্ষম করে তোলেন। কারণ পুলিশ একটি দল হিসেবে কাজ করে। একই সঙ্গে এখানে সফলতা কারো ব্যক্তিগত দক্ষতার চেয়ে বরং পারস্পরিক বিশ্বাস, সুনির্দিষ্ট লক্ষ্য এবং সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। কঠিন পরিস্থিতিতে কার্যকর নিয়ন্ত্রণ তখনই সম্ভব, যখন দলের সদস্যরা একে অপরের ওপর আস্থা রাখে, ভুল থেকে শেখার সুযোগ পায় এবং দলনেতা চাপ, সময়স্বল্পতা ও অনিশ্চয়তার মধ্যেও দলকে ঐক্যবদ্ধ রেখে প্রত্যেকের সক্ষমতাকে সমাধানমুখীভাবে কাজে লাগাতে সক্ষম হন। এই ধরনের নেতৃত্বই মাঠপর্যায়ে পেশাদারত্ব বজায় রেখে পরিস্থিতিকে স্থিতিশীল রাখার প্রধান শক্তি হয়ে ওঠে। এর জন্য প্রয়োজনীয় ১২টি বৈশিষ্ট্য নিয়ে লিখেছেন পুলিশ ওয়ান ম্যাগাজিনে প্রকাশিত আলথিয়া ওলসন ও অফিসার মাইক ওয়াসিলিউস্কি। আলথিয়া ওলসন একজন লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং মাইক ওয়াসিলিউস্কি একজন পুলিশ কর্মকর্তা ও সোশ্যাল ওয়ার্কার। তাঁরা পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা, নৈতিকতা, মনোবল, পারস্পরিক সম্পর্ক ও পেশাগত আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

১. নৈতিকতা ও সততা

কার্যকর পুলিশ নেতৃত্বের ভিত্তি হলো নৈতিকতা। একজন অফিসার যখন নিজের কাজ ও সিদ্ধান্তে ন্যায়বিচার, স্বচ্ছতা এবং সম্মান বজায় রাখেন, তখন তা স্বাভাবিকভাবেই দলের মধ্যে আস্থা তৈরি করে। যেমন: বাংলাদেশের কোনো থানায় দরিদ্র, প্রভাবহীন বা দূরবর্তী গ্রাম থেকে আসা একজন ভুক্তভোগী যেন একজন প্রভাবশালীর মতো একই সম্মান ও গুরুত্ব পান, তা নিশ্চিত করা। মাঠপর্যায়ে নেতৃত্ব তখনই গ্রহণযোগ্য হয়, যখন সদস্যরা বিশ্বাস করে যে সিদ্ধান্তগুলো ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব ও নীতির ভিত্তিতে নেওয়া হচ্ছে।

২. প্রভাবের মাধ্যমে নেতৃত্ব

মাঠপর্যায়ে প্রকৃত নেতৃত্ব মূলত পদবির ওপর নির্ভর করে না; নির্ভর করে আচরণ, দক্ষতা ও মানবিক সংযোগের ওপর। একজন অফিসার যখন নিজের কাজে, ভাষায় ও সিদ্ধান্তে অন্যদের অনুপ্রাণিত করতে পারেন, তখন জুনিয়র-সিনিয়র ভেদাভেদ ছাড়াই টিম তাঁকে অনুসরণ করে। যেমন: চেকপোস্ট, বাজার এলাকা বা উত্তেজনাপূর্ণ জনসমাগমে টিম লিডার নিজে যদি শান্ত, সংযত ও সম্মানজনক ভাষা ব্যবহার করেন, অধীনস্থরাও একই আচরণ অনুসরণ করেন।

৩. ইমোশনাল ইন্টেলিজেন্স

যেকোনো বিষয়ে ধৈর্য, মনোযোগ দিয়ে শোনা এবং দ্বন্দ্ব নিরসনের সক্ষমতা মাঠপর্যায়ের পুলিশিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশলগত দক্ষতার বাইরে গিয়েও মানুষের অনুভূতি বোঝার ক্ষমতাই অনেক সময় একটি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

৪. অবদানকে স্বীকৃতি দেওয়া

দলের সদস্যদের কাজের স্বীকৃতি দেওয়া মনোবল ও পারস্পরিক বিশ্বাস বাড়ায়। একজন নেতা যখন ছোট অর্জনকেও গুরুত্ব দেন, তখন সদস্যরা দায়িত্ব পালনে আরও আগ্রহী ও আন্তরিক হয়ে ওঠে। যেমন: ঈদযাত্রা, পূজা, দুর্গম এলাকায় অভিযান বা দুর্যোগকালীন ডিউটিতে কনস্টেবল, ড্রাইভার, ওয়্যারলেস অপারেটর—সবাই ভূমিকা রাখেন। সে অনুযায়ী তাঁদের স্বীকৃতি দিয়ে প্রশংসা বা পুরস্কার অনেক ক্ষেত্রে পুরো টিমকে উদ্দীপ্ত করে তোলে।

৫. বিনয় ও দায়বদ্ধতা

নিজের ভুল স্বীকার করার মানসিকতা দুর্বলতা নয়। মাঠপর্যায়ে কোনো কারণে ভুল তথ্য, ভুল যোগাযোগ বা জনভোগান্তি তৈরি হলে তার জন্য কোনো কর্মকর্তা ভুল স্বীকার করলে পুরো টিমে একটি শেখার সংস্কৃতি গড়ে ওঠে। বিনয় ও ভুল স্বীকারের মানসিকতার মাধ্যমে ব্যক্তিগত মানবিক গুণাবলির উন্নতির সুযোগ তৈরি হয়।

একজন আদর্শ নেতার ১২টি গুণাবলি
১। নৈতিকতা ও সততা
২। পদ নয়, প্রভাবের মাধ্যমে নেতৃত্ব
৩। আবেগীয় বুদ্ধিমত্তা
৪। অবদানকে স্বীকৃতি দেওয়া
৫। বিনয় ও দায়বদ্ধতা
৬। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা
৭। সবার মতামতকে গুরুত্ব দেওয়া
৮। দৃঢ় কিন্তু ন্যায়সংগত সিদ্ধান্ত
৯। আস্থা ও দায়িত্ব অর্পণ
১০। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ
১১। ক্ষমাশীলতা ও সংশোধনের সুযোগ
১২। সমাধানমুখী সৃজনশীলতা

৬. ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা

কার্যকর নেতা কেবল বর্তমান দায়িত্ব সামলান না; তিনি ভবিষ্যতের জন্য মানুষও তৈরি করেন। বিট পুলিশিং সভা, স্কুলভিত্তিক সচেতনতা কার্যক্রম বা সাইবার প্রতারণা প্রতিরোধ ক্যাম্পেইনের মতো ক্ষেত্রে জুনিয়র সদস্যদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন, পরামর্শ এবং উৎসাহের মাধ্যমে সক্ষম করে তোলা যেতে পারে, যা দীর্ঘমেয়াদে নেতৃত্ব তৈরির মূল চাবিকাঠি।

৭. সবার মতামতকে গুরুত্ব দেওয়া

অভিজ্ঞতা ও পদমর্যাদা নির্বিশেষে দলের সদস্যদের পর্যবেক্ষণ ও মতামত শোনার মানসিকতা মাঠপর্যায়ে সিদ্ধান্তের গুণগত মান বাড়ায়। অনেক সময় একটি অভিযানে একজন কনস্টেবল বা বিট অফিসারের পর্যবেক্ষণও পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

৮. দৃঢ় ও ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়া

কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্তহীনতা ঝুঁকি বাড়ায়। হঠাৎ সংঘর্ষ, গুজব-ক্যাম্পেইন বা যানজটের সময় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়; কিন্তু সেই সিদ্ধান্ত যেন অযথা কঠোরতা বা পক্ষপাতদুষ্ট আচরণে পরিণত না হয়। কার্যকর নেতা সেই ব্যক্তি, যিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন, কিন্তু তা করেন সম্মান, ন্যায়সংগততা ও দা

৯. আস্থা ও দায়িত্ব অর্পণ

একজন নেতা যখন যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেন এবং তাঁদের ওপর আস্থা রাখেন, তখন পুরো ইউনিটের সক্ষমতা বাড়ে। এখানে সামগ্রিক সাফল্যকে অগ্রাধিকার দেওয়াই মুখ্য হওয়া উচিত।

১০. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ

একটি স্পষ্ট লক্ষ্য দলকে একই দিকে এগিয়ে যেতে সাহায্য করে। মাঠপর্যায়ে এই স্পষ্টতা দায়িত্ব পালনে গতি আনে এবং বিভ্রান্তি কমায়। যেমন: নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ে যানজট বা যাত্রী হয়রানি কমানো কিংবা একটি স্কুল এলাকায় মাদকের বিস্তার রোধ-এমন নির্ধারিত লক্ষ্য থাকলে তা দলের মধ্যে কাজের গতি আনে।

১১. ক্ষমাশীলতা ও সংশোধনের সুযোগ

মাঠপর্যায়ে নতুন বা জুনিয়র সদস্য ভুল করতেই পারেন। ভুল থেকে শেখার সুযোগ না থাকলে সুস্থ কর্মপরিবেশ গড়ে ওঠে না। একজন কার্যকর নেতা ভুলকে শাস্তির উপকরণ না বানিয়ে সংশোধন ও উন্নতির পথ হিসেবে দেখেন।

১২. সমাধানমুখী সৃজনশীলতা

সমস্যা চিহ্নিত করাই যথেষ্ট নয়; দলকে সঙ্গে নিয়ে বাস্তবসম্মত সমাধান বের করাই নেতৃত্বের আসল দক্ষতা। মাঠপর্যায়ে সৃজনশীল চিন্তা ও দলগত উদ্যোগ অনেক সময় জটিল পরিস্থিতির কার্যকর সমাধান এনে দেয়। মাঠপর্যায়ের পুলিশিংয়ে কার্যকর নেতৃত্ব কোনো একটি গুণের ওপর দাঁড়িয়ে নেই। এটি নৈতিকতা, মানবিকতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং দলগত সক্ষমতার একটি ভারসাম্যপূর্ণ সমন্বয়। যে নেতা এসব গুণ নিজের আচরণে ধারণ করতে পারেন, তিনিই মাঠপর্যায়ে পুলিশের পেশাদারত্ব ও জনআস্থা সুদৃঢ় করতে সক্ষম হন।

লেখক
অতিরিক্ত ডিআইজি
পুলিশ হেডকোয়ার্টার্স

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ