শাহবাগের রাস্তায় চলছে আন্দোলনকারীদের সড়ক অবরোধ। পুলিশ প্রথমেই এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এরপর জননিরাপত্তা ও সাধারণ মানুষের চলাচলের বিষয়টি সামনে রেখে তাদের সামনে এগোতে বাধা দেয়। পরিস্থিতি আরও জটিল হলে পুলিশ সতর্ক করে, নির্দেশ দেয় এবং প্রয়োজন হলে সীমিত ও আইনসম্মতভাবে শক্তি প্রয়োগ করে। টিয়ার গ্যাস, জলকামান বা অন্যান্য নিয়ন্ত্রণমূলক পদ্ধতি তখনই ব্যবহার করা হয়, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তা অপরিহার্য হয়ে ওঠে। এই যে ধাপে ধাপে পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল, সেটিই গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল। এই ধারণার একাডেমিক ভিত্তি গড়ে ওঠে জন ব্রেইথওয়েটের ১৯৮৫ সালের টু পানিশ অর পারসুয়েড গ্রন্থে, যেখানে তিনি শাস্তি ও বোঝানোর সমন্বিত প্রয়োগের কথা বলেন। পরবর্তীতে ইয়ান এয়ার্স ও জন ব্রেইথওয়েট তাঁদের ১৯৯২ সালের রেসপনসিভ রেগুলেশন: ট্রান্সসেন্ডিং দ্য ডিরেগুলেশন ডিবেট গ্রন্থে এই ধারণাকে “এনফোর্সমেন্ট পিরামিড” বা ধাপে ধাপে প্রতিক্রিয়ার মডেল হিসেবে সুসংহত করেন।
“আইনের উদ্দেশ্য হলো সমাজে শৃঙ্খলা রক্ষা করা;
কিন্তু সেই শৃঙ্খলা হতে হবে ন্যায়ের পথে।”
—মার্টিন লুথার কিং জুনিয়র
আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমে কিছু ক্ষেত্রে শক্তি প্রয়োগ অনিবার্য হয়ে উঠতে পারে। মব ভায়োলেন্স, সহিংসতা বা জনসম্পদের ক্ষতি ঠেকাতে অনেক সময় পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়। তবে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে মূল প্রশ্ন শক্তি প্রয়োগ করা নয়; বরং কখন, কতটুকু এবং কীভাবে সেই শক্তি প্রয়োগ করা হবে। কারণ পুলিশের এই ক্ষমতা আইন, নৈতিকতা, প্রয়োজনীয়তা, সামঞ্জস্য ও জবাবদিহিতার সীমার মধ্যে আবদ্ধ। আন্দোলন বা সমাবেশে পুলিশের দায়িত্ব একদিকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা, অন্যদিকে জনশৃঙ্খলা, জননিরাপত্তা ও সাধারণ মানুষের চলাচলের অধিকার রক্ষা করা।
সংবিধান শান্তিপূর্ণ ও নিরস্ত্র সমাবেশের অধিকার স্বীকার করলেও জনশৃঙ্খলা ও জনস্বাস্থ্যের স্বার্থে যুক্তিসংগত বিধিনিষেধের সুযোগ রেখেছে। একইভাবে, ফৌজদারি কার্যবিধির ১২৭-১২৮ ধারা অনুযায়ী বেআইনি সমাবেশ বা শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে প্রথমে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়া হবে; তা অমান্য হলে প্রয়োজনীয় ও আইনসম্মত মাত্রায় বলপ্রয়োগ করা যেতে পারে। ফলে পুলিশের পদক্ষেপ হওয়া উচিত বিভিন্ন মাত্রায় বিভক্ত। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ও বেসিক পুলিশ টেকনিকস ম্যানুয়াল-এর মতো প্রশিক্ষণ কাঠামোও বলছে, আইন প্রয়োগকারী সংস্থা কেবল কঠোরতার প্রয়োজন হলে এবং দায়িত্ব পালনের জন্য যতটুকু অপরিহার্য ততটুকুই শক্তি প্রয়োগ করতে পারে। এই ভাবনা থেকেই আধুনিক পুলিশিং দর্শনে গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল কী
গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল হলো আইন প্রয়োগের এমন একটি নীতিগত কাঠামো, যেখানে পুলিশ সর্বনিম্ন মাত্রার হস্তক্ষেপ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে প্রতিক্রিয়ার মাত্রা বাড়ায়। এখানে মূল নীতি হলো, “যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই প্রয়োগ।” এই মডেল পুলিশকে তাৎক্ষণিক কঠোরতার বদলে বিবেচনাপ্রসূত, আনুপাতিক এবং পরিস্থিতিনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এই মডেলের সঙ্গে শক্তি প্রয়োগের চারটি মৌলিক নীতি সরাসরি সম্পর্কিত: বৈধতা, প্রয়োজনীয়তা, সমানুপাতিকতা এবং জবাবদিহিতা।
প্রথমত, বৈধতা: বৈধতা অর্থ হলো, কেবল আইনসম্মত উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই শক্তি প্রয়োগ করা যাবে। কোনো বেআইনি শক্তি প্রয়োগের জন্য ব্যতিক্রম, অজুহাত বা ব্যক্তিগত ব্যাখ্যা গ্রহণযোগ্য হতে পারে না।
দ্বিতীয়ত, প্রয়োজনীয়তা: প্রয়োজনীয়তা অর্থ হলো, প্রথমেই অহিংস ও অনাক্রমণাত্মক কৌশল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। যেমন-কর্ডন তৈরি, নিরাপদ দূরত্ব বজায় রেখে জনতাকে নিয়ন্ত্রণ, ক্লিয়ারিং ওয়েভ, সফট এম্পটি হ্যান্ড কন্ট্রোল, গ্রেপ্তার ও নিয়ন্ত্রণ কৌশল, হ্যান্ডকাফ বা রেস্ট্রেইন্ট ব্যবহারের মতো পদ্ধতি পরিস্থিতির প্রাসঙ্গিকতা অনুযায়ী বিবেচনা করা যায়। তবে এগুলোর প্রতিটিই হতে হবে আইনসম্মত, প্রশিক্ষণভিত্তিক এবং সর্বোচ্চ সংযমের সঙ্গে প্রয়োগযোগ্য।
তৃতীয়ত, সমানুপাতিকতা: সমানুপাতিকতা অর্থ হলো, শক্তি প্রয়োগের মাত্রা আইনসম্মত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে ঝুঁকি বা বিপদের আশঙ্কা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন শক্তিই প্রয়োগ করা যাবে এবং সর্বনিম্ন ক্ষতি নিশ্চিত করার চেষ্টা করতে হবে।
চতুর্থত, জবাবদিহিতা: জবাবদিহিতা অর্থ হলো, শক্তি প্রয়োগের প্রতিটি ঘটনা যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা যাচাই ও অনুসন্ধান করবেন এবং আইনগত প্রয়োজন হলে ব্যবস্থা গ্রহণ করবেন। ঊর্ধ্বতনের অবৈধ আদেশকে শক্তি প্রয়োগের বৈধতা হিসেবে ব্যবহার করা যাবে না। একইভাবে, আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এবং তা কখনোই সাধারণ নিয়ন্ত্রণ কৌশলের বিকল্প হতে পারে না।
গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল সাধারণত কয়েকটি সুস্পষ্ট ধাপে বিভক্ত:
উপস্থিতি ও দৃশ্যমানতা: সবচেয়ে প্রাথমিক ধাপ হলো পুলিশের উপস্থিতি। অনেক ক্ষেত্রেই পুলিশের দৃশ্যমান উপস্থিতি নিজেই পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়। যেমন-ইউনিফর্ম, যানবাহন এবং কর্তৃত্বপূর্ণ কিন্তু সংযত ভঙ্গি-এসবের সমন্বয়ে এই ধাপ কাজ করে। এখানে লক্ষ্য থাকে ভয় দেখানো নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের উপস্থিতি বোঝানো।
মৌখিক যোগাযোগ ও নির্দেশনা: পরবর্তী ধাপে আসে কথোপকথন। পরিস্থিতি বোঝা, নির্দেশ দেওয়া, সতর্ক করা এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। এই ধাপে পুলিশের ভাষা, ভঙ্গি ও মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভুল ভাষা বা অপ্রয়োজনীয় কঠোরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই সংলাপ, সতর্কতা ও স্পষ্ট নির্দেশনা এই ধাপের মূল ভিত্তি।
নন-ফোর্সফুল কন্ট্রোল: যখন মৌখিক নির্দেশ অমান্য হয়, তখন সীমিত পরিসরে শারীরিক নিয়ন্ত্রণ বা কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। যেমন-পথ রোধ, এলাকা ঘেরাও, নিরাপদ দূরত্ব বজায় রেখে নিয়ন্ত্রণের চেষ্টা, ঝুঁকিপূর্ণ অংশ আলাদা করা বা পরিস্থিতিকে ছড়িয়ে পড়া থেকে আটকে রাখা।
সীমিত শক্তি প্রয়োগ: এই ধাপে প্রয়োজনীয় কিন্তু নিয়ন্ত্রিত শক্তি প্রয়োগের বিষয়টি আসে। যেমন-ব্যারিকেড ব্যবহার, জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া অথবা নিয়ন্ত্রণমূলক কৌশল প্রয়োগ। এখানে উদ্দেশ্য থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা। তবে শক্তি প্রয়োগ কখনোই শাস্তি দেওয়ার উদ্দেশ্যে হতে পারে না; এটি কেবল আইনসম্মতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের একটি উপায়।
উচ্চমাত্রার শক্তি প্রয়োগ: চূড়ান্ত ধাপে আসে শক্তি প্রয়োগ, যা গুরুতর নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় অপরিহার্য। যেমন-সশস্ত্র বা বিধ্বংসী হামলা প্রতিহত করা। এই ধাপ সর্বশেষ বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। একই সঙ্গে এটি কঠোর আইনগত ও নৈতিক মানদণ্ডে আবদ্ধ। এই মডেলের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, শক্তি প্রয়োগের মাত্রা শুধু বাড়ানো নয়, প্রয়োজন হলে তা কমিয়ে আনা। একে বলা হয় এসকেলেশন ও ডি-এসকেলেশন অব ফোর্স। যদি কোনো সমাবেশ বা জনতা সহিংস হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়, তাহলে পুলিশ পরিস্থিতি অনুযায়ী বলপ্রয়োগের মাত্রা যুক্তিসংগতভাবে বাড়াতে পারে। তবে যখন সহিংসতার মাত্রা কমে আসে, জনতা ছত্রভঙ্গ হওয়ার প্রবণতা দেখায় বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, তখন দায়িত্বে থাকা পুলিশ অফিসারের দায়িত্ব হলো তাঁর দলের সদস্যদের বলপ্রয়োগের মাত্রা কমিয়ে দেওয়া বা বন্ধ করা। পিআরবি, ১৯৪৩-এর বিধি ১৫৫(ঘ)-এর আলোকে এ ধরনের সংযম ও পরিস্থিতি অনুযায়ী বলপ্রয়োগ কমিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ অব্যাহত থাকলে তার দায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ওপর বর্তাতে পারে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রশ্নও আসতে পারে।
পুলিশিংয়ে গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেলের প্রয়োগ
গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল কাগজে-কলমে একটি নীতিগত কাঠামো হলেও এর প্রকৃত কার্যকারিতা নির্ভর করে মাঠপর্যায়ের প্রয়োগের ওপর। জনসমাবেশ ব্যবস্থাপনা, গ্রেফতার কিংবা সংকট মোকাবিলায় প্রতিদিনের পুলিশি সিদ্ধান্তে এই মডেল প্রতিফলিত হলেই তা অর্থবহ হয়ে ওঠে।
জনসমাবেশ ও মিছিলে: জনসমাবেশ ও মিছিলের ক্ষেত্রে এই মডেল বিশেষভাবে প্রাসঙ্গিক। এখানে প্রথমে যোগাযোগ, সমন্বয় ও নির্দেশনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরিস্থিতি অবনতির দিকে গেলে ধাপে ধাপে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়। কেবল তখনই শক্তি প্রয়োগের প্রশ্ন আসে, যখন জননিরাপত্তা বা জীবনহানির ঝুঁকি সৃষ্টি হয়। এই দৃষ্টিভঙ্গি জনসমাবেশকে দমন নয়, বরং ব্যবস্থাপনার বিষয় হিসেবে দেখতে শেখায়।
গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে: গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের সময়ও গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল পুলিশের আচরণে সংযম ও পেশাদারত্ব নিশ্চিত করে। প্রথমে মৌখিক নির্দেশ ও সহযোগিতার সুযোগ দেওয়া হয়, প্রয়োজনে ধীরে ধীরে নিয়ন্ত্রণমূলক কৌশল প্রয়োগ করা হয়। এতে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ কমে এবং আইনি প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা বাড়ে। একই সঙ্গে এটি অভিযুক্ত ব্যক্তি, সাধারণ নাগরিক এবং পুলিশ সদস্য-সবার নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখে। হঠাৎ সৃষ্টি হওয়া সড়ক অবরোধ বা রাস্তা দখল করে সহিংস সমাবেশের মতো পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই মডেল পুলিশকে সময় নিয়ে পরিস্থিতি বোঝা ও উত্তেজনা কমানোর সুযোগ দেয়। প্রথমেই কঠোর পদক্ষেপের বদলে যদি আলোচনা, সতর্কতা, বিকল্প পথ নির্ধারণ, ঝুঁকিপূর্ণ অংশ আলাদা করা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ নেওয়া যায়, তাহলে সংঘর্ষের সম্ভাবনা কমে। তবে পরিস্থিতি যদি জীবন, সম্পদ বা জননিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়, তখন আইনসম্মত ও প্রয়োজনীয় মাত্রায় প্রতিক্রিয়া দেখানো পুলিশের দায়িত্ব।
বাংলাদেশ প্রেক্ষাপটে গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেলের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ, সামাজিক বৈচিত্র্যময় এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল দেশে গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেলের প্রাসঙ্গিকতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে জনসমাবেশ, রাজনৈতিক কর্মসূচি কিংবা সামাজিক উত্তেজনার পরিস্থিতি প্রায়ই আইন প্রয়োগকারী সংস্থার জন্য জটিল চ্যালেঞ্জ তৈরি করে। বাস্তবে অনেক সময় দেখা যায়, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে একই ধরনের পদ্ধতিতে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। এর ফলে সমস্যার সমাধান হওয়ার বদলে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল এই একমাত্রিক প্রতিক্রিয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসার একটি কার্যকর পথ দেখায়। এই মডেল কার্যকরভাবে প্রয়োগ করা গেলে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক জনসমাবেশ ও আন্দোলন ব্যবস্থাপনায় অপ্রয়োজনীয় উত্তেজনা যেমন কমবে, একই সঙ্গে পুলিশি উপস্থিতি ও কথোপকথনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ বাড়বে, যা সংঘাত এড়াতে সহায়ক হবে। বিগত সময়ের নানা রাজনৈতিক ও সামাজিক সংকটের অভিজ্ঞতায় সাধারণ নাগরিক ও পুলিশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমিয়ে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার জায়গা তৈরি করতেও এই মডেল সহায়ক হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মডেল “বলপ্রয়োগই একমাত্র সমাধান”-এই প্রচলিত ও কর্তৃত্ববাদী মানসিকতাকে চ্যালেঞ্জ করে। এটি পুলিশিংকে বলপ্রয়োগকারী দৃষ্টিভঙ্গি থেকে বের করে এনে সংযম, বিচক্ষণতা ও পেশাদারত্বের পথে পরিচালিত করে; যা বর্তমান গণতান্ত্রিক নতুন বাংলাদেশে পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না। গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল বাস্তবায়নের জন্য প্রয়োজন নিয়মিত ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, স্পষ্ট ও ব্যবহারযোগ্য নির্ধারিত কার্যপদ্ধতি এবং সর্বোপরি মাঠপর্যায়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও পেশাগত স্বাধীনতা বৃদ্ধি।

গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল নাগরিক অধিকার সংরক্ষণেও কার্যকর ভূমিকা রাখে। শক্তি প্রয়োগের আগে বিকল্প পথ অনুসন্ধানের সংস্কৃতি গড়ে ওঠায় নাগরিক-পুলিশ সম্পর্ক আরও ইতিবাচক হয়। মানুষ পুলিশকে দমনকারী শক্তি নয়, বরং সমস্যার সমাধানকারী প্রতিষ্ঠান হিসেবে দেখতে শেখে। তখন পুলিশের প্রতি সহযোগিতার মানসিকতা তৈরি হয়। এই আস্থাই অপরাধ দমন, তথ্য সংগ্রহ ও আইন প্রয়োগকে আরও কার্যকর করে তোলে। একই সঙ্গে এই মডেল পুলিশের নিজস্ব পেশাগত নিরাপত্তাকেও জোরদার করে। অপ্রয়োজনীয় সংঘর্ষ কমলে শারীরিক ঝুঁকি ও মানসিক চাপ উভয়ই হ্রাস পায়। দীর্ঘমেয়াদে এটি পুলিশের কর্মদক্ষতা, পেশাগত স্থিতিশীলতা এবং জনসম্পৃক্ততা বজায় রাখতে সহায়ক হয়। গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল আধুনিক পুলিশিংয়ের একটি নৈতিক ও কার্যকর দিকনির্দেশনা। এটি পুলিশের হাতে শক্তিকে একটি দায়িত্বশীল উপকরণ হিসেবে উপস্থাপন করে। আইন প্রয়োগ যদি মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য হয়, তবে সেই প্রয়োগও হতে হবে পরিমিত, যুক্তিসংগত এবং মানবিক। গ্র্যাজুয়েটেড রেসপন্স মডেল সেই দর্শনেরই বাস্তব প্রতিফলন। বাংলাদেশে জনতার জন্য পুলিশ ধারণা প্রতিষ্ঠার পথে এই মডেল হতে পারে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যদি বাস্তবে আন্তরিকভাবে প্রয়োগ করা যায়।
লেখক:
অ্যাডি. ডিআইজি (ট্রেনিং-১)
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা
