হোমখবরাখবরঅভিযানের খবরপাঁচ বছর পর অপহরণ ও ছিনতাই মামলার পলাতক আসামি সিআইডির হাতে গ্রেপ্তার

পাঁচ বছর পর অপহরণ ও ছিনতাই মামলার পলাতক আসামি সিআইডির হাতে গ্রেপ্তার

ডিটেকটিভ ডেস্ক
,

অপহরণ ও ছিনতাই মামলার পলাতক আসামি মো. শাহাদাত হোসেনকে (৩৮) পাঁচ বছর পর গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৬ এপ্রিল ২০২৬ রাজধানীর মিরপুরের কাফরুল এলাকা থেকে সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম ইউনিটের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর ২০২১ রাজধানীর মহাখালী এলাকার ইউসুফ লাইন পার্কের সামনে থেকে এক নারীকে অজ্ঞাতনামা কয়েকজন একটি প্রাইভেট কারে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে নিয়ে মারধর করা হয় এবং তার কাছ থেকে ল্যাপটপ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। সিলেটে নিয়ে যাওয়ার চেষ্টাকালে একপর্যায়ে ভুক্তভোগীকে ফার্মগেট এলাকায় নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কাফরুল থানায় মামলা রুজু হলে প্রাথমিকভাবে একজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে অজ্ঞাতনামা অপর আসামিদের শনাক্ত করা সম্ভব হয়নি। ২০২৩ সালে আদালতের নির্দেশে মামলাটির পুনরায় তদন্তের দায়িত্ব পায় সিআইডি। তদন্তে প্রযুক্তিগত তথ্য, মামলার নথি ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে সিআইডি জানতে পারে, ঘটনার দিন ব্যবহৃত প্রাইভেট কারটির চালক ছিলেন মো. শাহাদাত হোসেন। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

সম্প্রতি

নাগরিক সংযোগ