রবিনের ঘর থেকে তার সবচেয়ে পছন্দের খেলনাটা উধাও। চুরিটা হয় ঠিক তখনই, যখন রবিন তার দাদুর কাছে গল্প শুনতে যায়। গল্প শুনে ফিরে এসে নিজের রুমে ঢুকেই সে দেখে, তার সবচেয়ে প্রিয় খেলনা গাড়িটা আর নেই। ঘরে তখন ছিল তার খেলার সাথীরা, রনি, মিতু আর রাজু। খেলনাটা না দেখে রবিন কান্নায় ভেঙে পড়ে, অস্থির হয়ে ওঠে। তখনই ডাক পড়ে খুদে গোয়েন্দা ডিটেকটিভ ডুডুর।
ঘটনাস্থলে ডিটেকটিভ ডুডু
ডিটেকটিভ ডুডু ঘরে ঢুকেই দেখে, মিতু তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। রনি আর রাজু তখনো ঘরের মাঝখানে বল নিয়ে খেলছে। ডুডু জিজ্ঞেস করতেই সবাই দেখিয়ে দেয়, এই ঘর থেকেই চুরিটা হয়েছে। ডুডু এবার গম্ভীর হয়ে চারদিকে পায়চারি করতে থাকে। সে সবকিছু ভালোভাবে দেখছে, যেন কোনো কিছুই তার চোখের আড়াল না হয়। এর মাঝেই হঠাৎ সে দেখে, দরজা দিয়ে আবার মিতু ঘরে প্রবেশ করছে। ঘরে ঢুকেই মিতু রনি আর রাজুর সঙ্গে খেলায় মেতে ওঠে।
জবানবন্দি ও সাক্ষীদের বর্ণনা
ডুডু সবার আগে রবিনের কাছ থেকে পুরো ঘটনাটা শোনে। রবিন বলে, সে গাড়ি নিয়ে খেলছিল। রাজু আর রনি তখন বল নিয়ে খেলছিল, কারণ রবিন তার এই গাড়িটি অন্য কাউকে দিতে চায় না। ঠিক সেই সময় তার দাদু তাকে ডাকেন। দাদুর কাছে যাওয়ার সময় সে দেখে, রনিকে ডাকার জন্য তার বড় ভাই আসছে এবং ডাকছে। কিন্তু রনি না গিয়ে খেলতেই থাকে। এরপর দাদুর কাছ থেকে গল্প শুনে যখন রবিন ফিরে আসে, তখন দেখে, তার গাড়িটি নেই।
রনিকে জিজ্ঞেস করা হলে সে বলে, সে আর রাজু মূলত বলই খেলছিল। এর মধ্যেই মিতু হঠাৎ বলে ওঠে, রবিনের গাড়িটি খুবই সুন্দর। ঠিক সেই সময় মিতুর বড় আপুও ঘটনাস্থলে আসে, তাকে ডাকার জন্য।
এরপর রাজুর পালা। রাজু বলে, সে দেখেছিল, মিতু বল খেলা ছেড়ে কিছুক্ষণ গাড়ি নিয়ে খেলতে শুরু করে। তখন রনির ভাই মূলত সেই গাড়িটি তার কাছ থেকে নিয়ে দেখতে থাকে। তবে এর পরপরই রাজুকে তার বাবা ডাকলে সে চলে যায়।মিতুকে জিজ্ঞেস করা হলে সে বলে, সে মূলত এখানে ছিলই না।
ডিটেকটিভ ডুডুর পর্যবেক্ষণ
ডিটেকটিভ ডুডু এবার বড়দের মতো গোয়েন্দা দৃষ্টিতে তাকায়। কিছুক্ষণ মাথা নিচু করে ভাবে। তার কাছে স্পষ্ট হয়, এখানে কয়েকজনের কথায় অমিল আছে। কয়েকজন মিথ্যা বলছে। তার মানে চুরিটা একজন করেনি; বরং দেখলে মনে হয়, দুইজন বা তিনজন মিলে করেছে।
প্রিয় ছোট্ট সোনামনিরা,
এখন তোমরাই পারো ডিটেকটিভ ডুডুকে সাহায্য করতে।
এখানে কার কার কথায় অমিল আছে?
কে কে মিথ্যা বলেছে?
যারা মিথ্যা বলেছে, তারাই খেলনা গাড়িটি চুরি করেছে, তোমাদের মতে তারা কারা?
চোরকে খুঁজে বের করে আমাদের লিখে পাঠাও
অথবা ইমেইলে:contact@detectivebp.com
সাবজেক্ট লিখুন: “শখের গোয়েন্দা”
অথবা হোয়াটসঅ্যাপে:
+৮৮০১৩২০-০৮৯০৯৯
