রবিবার (০৪ ডিসেম্বর) সকালে সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল পরিদর্শন করেছেন স্ব্ররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, এনডিসি, পিএসসি (অব.)। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশের পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সততা, শৃঙ্খলা ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী প্রতিটি ধাপে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব বাহারুল আলম,বিপিএ; ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি; সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি জনাব মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএমসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
