রাজধানীর শান্তিনগর এলাকায় ছিনতাইয়ের এক ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে একজন ছিনতাইকারীকে আটক করেছেন অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর এক কর্মকর্তা। এ সময় উদ্ধার করা হয় ছিনতাইকৃত ৭৭ হাজার টাকা। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ বেলা ১টার দিকে তৌহিদ আলমগীর নামের এক ব্যক্তি শান্তিনগর-এজিবি কলোনি এলাকায় সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল ভবনের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে নগদ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে সাড়া দিয়ে ঘটনাস্থলের কাছেই থাকা সিআইডির ঢাকা মেট্রো-উত্তর বিভাগের এসআই মো. মনির হোসেন একাই ধাওয়া করে একজনকে আটক করেন। অন্য দুজন ধারালো অস্ত্রসহ পালিয়ে যায়। আটক ব্যক্তির নাম মো. সাইদুজ্জামান সোহেল। তার কাছ থেকেই ছিনতাইকৃত পুরো অর্থ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশি রেকর্ড যাচাইয়ে জানা যায়, আটক ব্যক্তি ছিনতাই, ডাকাতি এবং অজ্ঞান করে সর্বস্ব লুটের মতো অপরাধে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানার তথ্য রয়েছে। পরে তাকে এবং উদ্ধার করা অর্থ আইনানুগ ব্যবস্থার জন্য পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শান্তিনগরে ছিনতাইচেষ্টা: সিআইডি কর্মকর্তার অভিযানে আটক একজন, উদ্ধার ৭৭ হাজার টাকা
ডিটেকটিভ ডেস্ক
,

