আমেরিকা মহাদেশজুড়ে পরিবেশগত অপরাধ দমনে পরিচালিত এক যৌথ অভিযানে ২২৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও শতাধিক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে| ইন্টারপোল-এর সমন্বয়ে পরিচালিত এই অভিযানের নাম অপারেশন ‘মাদ্রে তিয়েরা-৭’, যা চলেছে ২০২৫ সালের ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত|ইন্টারপোল-এর সেন্ট্রাল আমেরিকা আঞ্চলিক ব্যুরোর নেতৃত্বে নয়টি দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে অভিযানে বন উজাড়, বন্যপ্রাণী পাচার, অবৈধ মৎস্য আহরণ, অবৈধ খনন ও দূষণসহ বিভিন্ন পরিবেশগত অপরাধ শনাক্ত করা হয়| প্রাথমিকভাবে ৪০০টির বেশি পরিবেশগত অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে বনজ ও অবৈধ কাঠ পাচার এবং বন্যপ্রাণী পাচারের ঘটনাই সবচেয়ে বেশি|অভিযানকালে বিপুল পরিমাণ জীবিত বন্যপ্রাণী, কাঠ, অস্ত্র, নৌযান ও যোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়| উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল বিরল পাখি, সরীসৃপ, বানর, বড় বিড়ালজাতীয় প্রাণী, পাশাপাশি হাঙর ও রে মাছের পাখনা এবং সুরক্ষিত প্রজাতির সামুদ্রিক প্রাণী| বিভিন্ন দেশে অবৈধ বন উজাড়ের বড় বড় এলাকা চিহ্নিত করা হয়েছে, যার সঙ্গে আন্তর্জাতিক সংগঠিত অপরাধচক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে|কর্তৃপক্ষ জানিয়েছে, পানামায় এক বড় মামলায় অবৈধ স্বর্ণখননের সঙ্গে শিশু শ্রম, মানব পাচার ও পারদ দূষণের প্রমাণ মিলেছে| অভিযানের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রতিবেদন আগামী নভেম্বরে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সামনে উপস্থাপন করা হবে| এই অভিযান পরিবেশ সুরক্ষা ও পরিবেশগত অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বকে আবারও সামনে এনেছে|
আমেরিকায় পরিবেশগত অপরাধবিরোধী অভিযানে ২২৫ জন গ্রেফতার
ডিটেকটিভ ডেস্ক
,
