রবিবার, জুন ২৮, ২০২৬
28.4 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমপ্রচ্ছদআইন মানার সংস্কৃতি: সমাজ ও মনস্তত্ত্বের আলোকে

আইন মানার সংস্কৃতি: সমাজ ও মনস্তত্ত্বের আলোকে

মুসকানুল হক
,

ঢাকার ব্যস্ত সড়কে ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলে উঠেছে, কিন্তু গাড়ি থামানোর কোনো ইচ্ছে যেন ড্রাইভারের নেই। আবার কখনো ড্রাইভার থামলেও পেছন থেকে যাত্রীরা একের পর এক তাকে সিগন্যাল ভেঙে সামনে এগিয়ে যেতে চাপ দিচ্ছে, গালমন্দ করছে।

এদিকে, ফুটপাত ও ওভারব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে হাত দেখিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে অসংখ্য মানুষ। সুযোগ পেলেই কেউ কেউ উলটোপথে গাড়ি চালিয়ে স্বচ্ছন্দে এগিয়ে যাচ্ছে। এতে যেমন তীব্র যানজট তৈরি হচ্ছে, তেমনি কখনো কখনো ঘটছে বিপজ্জনক দুর্ঘটনাও।

আবার দেখা যায়, জনসমক্ষে ধূমপান করা হচ্ছে। পাশে কার ক্ষতি বা অসুবিধা হচ্ছে, তা দেখারও যেন কোনো ভ্রুক্ষেপ নেই। কোথাও ট্রাফিক পুলিশকে ফাঁকি দিয়ে হেলমেট ছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে কেউ, আবার সুযোগ পেলেই উলটোপথে গাড়ি তুলছে। হকাররা যেখানে যেমন পারছে, অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখল করছে। বিভিন্ন গোষ্ঠী অন্যায্য ও অযৌক্তিক দাবিতে ইচ্ছেমতো রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে।

ফুটপাত দখল, যত্রতত্র ময়লা ফেলা, নির্ধারিত স্থানের বাইরে যানবাহন পার্কিং,সবই নিষিদ্ধ, তবু যেন সমাজ এসব মেনে নিতে বাধ্য। আবাসিক এলাকায় গভীর রাত পর্যন্ত চলতে থাকে নির্মাণকাজের শব্দ। ভাড়াবাড়িতে অস্থায়ী বাসিন্দার তথ্য থানায় দেওয়ার বিধান থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হয় না। জনসমক্ষে উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার, লাইসেন্স ছাড়া ছোট ব্যবসা পরিচালনা, নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করে ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অনুপস্থিতি কিংবা রাস্তার পাশের খোলা জায়গায় প্রকাশ্যে মূত্রত্যাগ—সব মিলিয়ে যেন আইনের বিপরীতে চলার এক নীরব উৎসব।

আইন অমান্য করা যেন এক ধরনের অভ্যাস, এমনকি অনেক ক্ষেত্রে এক ধরনের সামাজিক সংস্কৃতিতেও পরিণত হয়েছে। অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ক্ষেত্রে কঠোরতা দেখায়। কিন্তু বাস্তবতা হলো, জনসংখ্যার চাপ, বাহিনীর সীমাবদ্ধতা এবং বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কারণে তাদের কর্তৃত্ব এমনভাবে সীমিত হয়ে পড়ে যে একা তাদের পক্ষে সবাইকে আইন মানতে বাধ্য করা সম্ভব নয়। তাই আইন মানার প্রবণতাকে কেবল শাস্তির ভয় দিয়ে নয়, বরং একটি সামাজিক আচরণে পরিণত করাই জরুরি।

উপরের প্রতিটি ঘটনাই আমাদের শহরের দৈনন্দিন বাস্তবতার অংশ। প্রশ্ন হলো, সংশ্লিষ্ট মানুষদের কাছে এসব আইন কি অজানা, নাকি তারা সেগুলোকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করে না? মানুষ কি জানে না কোনটা নিষিদ্ধ, নাকি জানার পরও তা মানতে আগ্রহী নয়? এমন বহুমাত্রিক বাস্তবতা এবং আইন না মানার সামাজিক ও মনস্তাত্ত্বিক নানা বিশ্লেষণ নিয়েই রচিত হয়েছে এবারের প্রচ্ছদ প্রবন্ধ।

মানুষ কেন আইন মানে?

আমরা কখনো এভাবে ভেবে দেখেছি কি যে আমরা আইন মানি কি শুধু শাস্তির ভয় থেকেই, নাকি আমাদের আইন মানার ব্যাপারে কোনো সামাজিক বা মনস্তাত্ত্বিক কারণ আছে? এই আইন মানার বা না মানার পেছনে তাত্ত্বিকরা মূলত দুটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, প্রথমটি আইনজ্ঞদের আলোচিত ধারণা ডিটারেন্স, অর্থাৎ শাস্তির ভয় থেকে আইন ভাঙা থেকে বিরত থাকা। ডিটারেন্স মূলত একটি তত্ত্ব, যার মূল বক্তব্য হলো, শাস্তির ভয় মানুষকে আইনভঙ্গ করা থেকে বিরত রাখে।

এই তত্ত্ব অনুযায়ী, যদি কোনো অপরাধের জন্য অপরাধীকে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে শুধু সেই অপরাধীই নয়, সাধারণ মানুষও ওই আচরণ থেকে নিরুৎসাহিত হবে।

ডিটারেন্স কার্যকর হওয়ার জন্য শাস্তির কঠোরতাই একমাত্র শর্ত নয়। তাত্ত্বিকভাবে তিনটি উপাদান একসঙ্গে কাজ করলেই প্রকৃত ডিটারেন্স সৃষ্টি হয়।

প্রথমত, শাস্তির নিশ্চিততা। অপরাধ করলে ধরা পড়া ও শাস্তি পাওয়ার সম্ভাবনা যত বেশি ও বিশ্বাসযোগ্য হয়, মানুষ তত বেশি আইন মানতে বাধ্য হয়।

দ্বিতীয়ত, শাস্তির দ্রুততা। অপরাধ ও শাস্তির মধ্যকার সময় ব্যবধান কম হলে শাস্তির মনস্তাত্ত্বিক প্রভাব বাড়ে। শাস্তির দীর্ঘসূত্রতা এই ভয়ের মাত্রাকে কমিয়ে দেয়।

তৃতীয়ত, শাস্তির মাত্রা। শাস্তি অর্থবহ ও কষ্টসাধ্য হতে হবে। তবে অতিরিক্ত কঠোরতা অনেক সময় উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এই তিনটি উপাদান শাস্তির নিশ্চিততা, দ্রুততা ও মাত্রা সমন্বিতভাবে কার্যকর হলেই কেবল ডিটারেন্স সামাজিক বাস্তবতায় কাজ করে। এভাবেই শাস্তির সম্ভাব্য ভয় সমাজে আইন মানার সংস্কৃতি তৈরি করবে। বহু রাষ্ট্রীয় নীতি ও আইন প্রয়োগ প্রক্রিয়া এই ধারণার ওপর দাঁড়িয়ে যে আইন ভাঙার পরিণতি কী হবে, সেই বার্তাটি নাগরিকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া।

কিন্তু বাস্তবতা দেখায়, শুধু শাস্তির ভয়ই আইন মানার একমাত্র চালিকাশক্তি নয়। ঢাকার রাস্তায় প্রতিদিন যে অসংখ্য আইনভঙ্গ ঘটে, তার অনেক ক্ষেত্রেই মানুষ জানে কাজটি বেআইনি এবং এসব আইন ভঙ্গকারীর জন্য রয়েছে শাস্তির বিধান। কিন্তু তবুও তারা তা করে।

এখানেই আসে দ্বিতীয় ব্যাখ্যাটি, যা সমাজবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি থেকে উঠে এসেছে আইনের বৈধতা, বা আইন প্রণয়নকারী ও প্রয়োগকারী সংস্থার প্রতি জনগণের আস্থা। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী, মানুষ তখনই স্বতঃস্ফূর্তভাবে আইন মানে, যখন তারা বিশ্বাস করে আইনটি ন্যায্য, যুক্তিসংগত এবং সবার জন্য সমানভাবে প্রয়োগযোগ্য। শুধু আইন নয়, আইন প্রণয়নকারী রাষ্ট্র এবং আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান—বিশেষ করে পুলিশ ও প্রশাসনের বৈধতাও এখানে গুরুত্বপূর্ণ।

যদি জনগণের মনে হয় যে আইন ও তার প্রয়োগপ্রক্রিয়া ন্যায়সঙ্গত, পক্ষপাতহীন এবং সম্মানজনক, তাহলে শাস্তির ভয় ছাড়াও মানুষ আইন মানতে আগ্রহী হয়। তখন আইন মানা আর বাহ্যিক চাপ হয়ে থাকে না; বরং তা সামাজিক দায়িত্ব ও নৈতিক আচরণের অংশে পরিণত হয়।

এ কারণেই দেখা যায়, যেখানে আইনের প্রতি আস্থা দুর্বল, সেখানে আইন ভাঙা দ্রুত সামাজিকভাবে স্বাভাবিক হয়ে ওঠে। আর যেখানে আইনকে ন্যায়ের প্রতীক হিসেবে দেখা হয়, সেখানে আইন মানা হয়ে ওঠে অভ্যাস—ভয় থেকে নয়, বিশ্বাস থেকে। আইন মানার সামাজিক ও মনস্তাত্ত্বিক এই দ্বৈত ভিত্তি না বুঝলে আইন লঙ্ঘনের বাস্তবতা ব্যাখ্যা করাও অসম্পূর্ণ থেকে যায়।

আইন মানার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশোর সামাজিক চুক্তি তত্ত্বে। রুশোর মতে, আইন কোনো বাহ্যিক প্রভাবক নয়; বরং জনগণের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন, যাকে তিনি “সাধারণ ইচ্ছা” বলেছেন। তাই মানুষ আইন মানে শাস্তির ভয়ে নয়, বরং নিজেরই গৃহীত নিয়ম হিসেবে।

রুশোর মতে, সমাজে বসবাসের প্রয়োজনে মানুষ স্বেচ্ছায় তার কিছু ব্যক্তিগত স্বাধীনতা ত্যাগ করে একটি সামাজিক চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তির বিনিময়ে ব্যক্তি রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা, শৃঙ্খলা ও অধিকার সুরক্ষা লাভ করে এবং একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিকে পরিণত হয়। কঠিন প্রাকৃতিক অবস্থার অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা থেকে বেরিয়ে আসতেই এই চুক্তির জন্ম।

এই দৃষ্টিতে আইন মানা কোনো একতরফা আনুগত্য নয়; এটি একটি পারস্পরিক সমঝোতা। নাগরিক আইন মেনে চলে, কারণ রাষ্ট্র তাকে নিরাপত্তা দেয়; আর রাষ্ট্র বৈধতা পায় নাগরিকের এই সম্মতির মাধ্যমে। তবে রাষ্ট্র যদি নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে আইন মানার নৈতিক দায়বদ্ধতাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

এ কারণেই দেখা যায়, যেখানে আইনের প্রতি আস্থা দুর্বল, সেখানে আইন ভাঙা দ্রুতই সামাজিকভাবে সহনীয় ও স্বাভাবিক হয়ে ওঠে। আর যেখানে আইনকে ন্যায়ের প্রতীক হিসেবে দেখা হয়, সেখানে আইন মানা অভ্যাসে পরিণত হয়। ভয় থেকে নয়, বিশ্বাস থেকেই সেখানে মানুষ আইন মানতে শুরু করে।

আইন মানার সামাজিক ও মনস্তাত্ত্বিক এই দ্বৈত ভিত্তি না বুঝলে আইন লঙ্ঘনের বাস্তবতা ব্যাখ্যা করাও অসম্পূর্ণ থেকে যায়।

ফ্রয়েডের দৃষ্টিতে আইন মানা: মনের ভেতরের লড়াই

আইন মানার বিষয়টি বাইরে থেকে যতটা সরল মনে হয়, ভেতরে ভেতরে তা ততটাই জটিল একটি মানসিক প্রক্রিয়া। আমরা অনেক সময় ভাবি, মানুষ আইন মানে শুধু শাস্তির ভয় থেকে। কিন্তু ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব আমাদের দেখায়, এই আচরণের শিকড় আসলে মানুষের নিজের মনের ভেতরেই গাঁথা।

ঢাকার ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে লাল বাতির সামনে থেমে থাকা একজন মানুষকে দেখলে প্রথমে মনে হতে পারে, সে থেমেছে পুলিশ বা জরিমানার ভয়ে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সেই মুহূর্তে তার মনের ভেতরে নীরবে তিনটি শক্তি বা তিন ধরনের প্রেরণা কাজ করে, যেগুলোকে ফ্রয়েড বলেছেন ইড, ইগো ও সুপার-ইগো।

তার ভেতরের ইড ফিসফিস করে বলে, “দ্রুত চলে যাও, সবাই তো যাচ্ছে, সময় বাঁচবে।” ইড শুধু তাৎক্ষণিক সন্তুষ্টি বোঝে; নিয়মের তোয়াক্কা করা তার কাছে গুরুত্বহীন।

ঠিক তখনই তার সুপার-ইগো তাকে ভিন্নভাবে ভাবতে উৎসাহিত করে। পরিবার, শিক্ষা, সমাজ ও নৈতিক মূল্যবোধ থেকে গড়ে ওঠা এই অংশ তাকে মনে করিয়ে দেয়, “এটা ঠিক নয়। নিয়ম ভাঙা অন্যায়। সবাই দেখে ফেললে লজ্জা হবে।”

সুপার-ইগো আসলে আইনের বাইরের কিছু নয়; এটি মানুষের ভেতরে গড়ে ওঠা নৈতিক নিয়ন্ত্রক, যেন এক অন্তর্গত নৈতিক পুলিশ।

এই দুই বিপরীত প্রবণতার মাঝখানে দাঁড়িয়ে থাকে ইগো, বাস্তববাদী মধ্যস্থতাকারী হিসেবে। ইগো পরিস্থিতি বিশ্লেষণ করে। সে ভাবে, “আমি আইন ভাঙলে কী হতে পারে? ঝামেলা হবে, জরিমানা হতে পারে, নিজেরও খারাপ লাগবে।”

অবশেষে ইগো সিদ্ধান্ত নেয়, থেমে থাকাই ভালো। বাইরে থেকে যা আইন মানা বলে মনে হয়, ভেতরে ভেতরে তা আসলে এই মানসিক সমঝোতারই ফল।

তবে মানসিক এই সমঝোতার গল্প সবসময় এমন থাকে না। যখন কেউ নিয়ম ভাঙে, যেমন ধূমপান নিষিদ্ধ জায়গায় ধূমপান করে বা ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালায়, তখনও ফ্রয়েডের মতে তার ভেতরে এক ধরনের মানসিক সমঝোতাই কাজ করে। সেই সমঝোতায় সুপার-ইগোর চাপকে শান্ত করতে ইড মানুষকে নানা অজুহাত দাঁড় করাতে সাহায্য করে। তখন মানুষ নিজেকে বোঝায়, “সবাই তো করে”, “আমিই প্রথম নই”, কিংবা “আইনটাই অবাস্তব।” এই আত্মপ্রবঞ্চনার মাধ্যমেই সে নিজের ভেতরের অপরাধবোধকে চেপে রাখে।

মূলত এভাবেই মনস্তাত্ত্বিকভাবে আইন অমান্য করার এক ধরনের নৈতিক বৈধতা তৈরি হয়। ফ্রয়েড একে বলেছেন ডিফেন্স মেকানিজম।

ফ্রয়েডের দৃষ্টিতে, আইন মানা তখনই টেকসই হয়, যখন তা কেবল বাহ্যিক ভয় নয়, ভেতরের নৈতিক বাধ্যবাধকতায় পরিণত হয়। অর্থাৎ, যখন সুপার-ইগো যথেষ্ট শক্তিশালী হয় এবং ইগো বাস্তবতা বুঝে ইডকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যেসব সমাজে এই অভ্যন্তরীণ নৈতিক কাঠামো দুর্বল, সেখানে আইনের বই যত মোটা হোক, বাস্তবে আইন ভাঙা স্বাভাবিক হয়ে ওঠে।

এই দৃষ্টিতে আইন আর শুধু রাষ্ট্রের নির্দেশ নয়; তা মানুষের নিজের মানসিক কাঠামোরও অংশ। আইন তখনই কার্যকর হয়, যখন মানুষ বাইরের পুলিশকে এড়িয়ে গেলেও নিজের ভেতরের নৈতিক পুলিশকে এড়িয়ে যেতে পারে না।

আইন না-মানার জটিল সমীকরণ তবে, উপরের আলোচনায় এটা স্পষ্ট হয়ে ওঠে যে, আইন মানা কেবল একজন নাগরিকের ব্যক্তিগত দায়িত্ব নয়; এটি সমাজে নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার একটি মৌলিক শর্ত। আইন কার্যকর থাকলেই নাগরিকের অধিকার সুরক্ষিত হয় এবং সামগ্রিকভাবে সমাজ একটি স্থিতিশীল কাঠামোর ভেতরে পরিচালিত হতে পারে।

তবু এই স্বীকৃত সত্যের পাশাপাশি আমাদের চারপাশের প্রতিদিনকার বাস্তবতা এক ভিন্ন চিত্র সামনে আনে। সর্বত্র অসংখ্য আইনভঙ্গের দৃশ্য আমাদের চোখে পড়ে। এই বৈপরীত্য একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করে: মানুষ কেন আইন মানে না? আইন ভঙ্গ কি কেবল ব্যক্তির অবাধ্যতা বা অসচেতনতার ফল, নাকি এর পেছনে আরও গভীর সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ কাজ করে? মানুষ কি সম্পূর্ণ স্বাধীন ইচ্ছাশক্তির জোরেই আইন মানা বা না মানার সিদ্ধান্ত নেয়, নাকি সমাজের আচরণগত ধারা, নৈতিক পরিবেশ এবং ব্যক্তির মানসিক গঠন যৌথভাবে এই সিদ্ধান্তকে প্রভাবিত করে?

আইন না-মানার এই প্রবণতার কোনো একক কারণ নেই; বরং মানুষের ভেতরের ভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ধরন এবং সমাজে ভুল কাজগুলোকে ধীরে ধীরে স্বাভাবিক ও গ্রহণযোগ্য বলে মেনে নেওয়ার অভ্যাস—এই দুটি বিষয় একসঙ্গে কাজ করে এই বাস্তবতাকে গড়ে তোলে।

সিজার বেকারিয়া বা জেরেমি বেনথাম প্রতিষ্ঠিত ক্ল্যাসিকাল স্কুল অব ক্রিমিনোলজি অপরাধকে মানুষের স্বাধীন ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে দেখত। তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, মানুষ কোনো অপরাধে জড়ানোর আগে সম্ভাব্য লাভ ও ক্ষতির হিসাব করে সিদ্ধান্ত নেয়।

তবে এই ধারণার একটি বড় সীমাবদ্ধতা ছিল। এতে অপরাধের সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটকে তুলনামূলকভাবে উপেক্ষা করা হয়েছে। পরবর্তীতে অপরাধবিজ্ঞানের বিকাশের সঙ্গে সঙ্গে স্বাধীন ইচ্ছাশক্তির পাশাপাশি অপরাধের পেছনের সামাজিক ও মনস্তাত্ত্বিক দিকগুলোও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা এই অংশে অপরাধের পেছনের তেমনই কিছু সামাজিক ও মনস্তাত্ত্বিক দিক আলোচনা করব।

অপরাধের কারণ:একটি সামাজিক বিশ্লেষণ

আমরা ছোটবেলা থেকেই শিখে আসি যে সমাজ বলতে শুধু মানুষ বা প্রতিষ্ঠানকে বোঝানো হয় না; বরং আমাদের চারপাশের আচরণ, মূল্যবোধ, ভালো-মন্দ—সবকিছুর সমষ্টিই হলো সমাজ। সমাজের যেমন আছে সহযোগিতা, নৈতিকতা ও শৃঙ্খলা, তেমনি আছে বিরোধ, বিচ্যুতি ও নিয়মভঙ্গও। এই ভালো ও খারাপের সহাবস্থানই সমাজকে বাস্তব ও গতিশীল করে তোলে। সে অর্থে অপরাধ সমাজের বাইরের কোনো ঘটনা নয়; বরং সমাজের ভেতর থেকেই অপরাধের জন্ম হয় এবং এক অর্থে অপরাধ সেই সমাজের চরিত্রকেই নির্দেশ করে।

এই প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানী এমিল ডুরখাইম বলেন, অপরাধ সমাজের একটি স্বাভাবিক ও অনিবার্য বৈশিষ্ট্য; কোনো সমাজেই সম্পূর্ণ অপরাধমুক্ত অবস্থা সম্ভব নয়। তাঁর ভাষায়, সমাজ যতদিন টিকে থাকবে, মূল্যবোধ ও আচরণের বৈচিত্র্যের কারণে ততদিন কিছু না কিছু নিয়মভঙ্গ বা অপরাধ ঘটতেই থাকবে।

একইভাবে হাওয়ার্ড বেকার মনে করেন, সমাজ নিজেই কিছু আচরণকে গ্রহণযোগ্য এবং কিছু আচরণকে অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করে; আর এই শ্রেণিবিভাগের ফলেই সমাজে ‘অপরাধ’ সৃষ্টি হওয়া অবশ্যম্ভাবী হয়ে ওঠে।

এই তাত্ত্বিক বিশ্লেষণগুলো আমাদের সামনে একটি বিষয় স্পষ্ট করে: অপরাধ কেবল ব্যক্তিগত বিচ্যুতি নয়; বরং তা সমাজের কাঠামো, চাপ ও নিয়ন্ত্রণব্যবস্থার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। এ কারণেই পরবর্তী অংশে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া আপাতদৃষ্টিতে স্বাভাবিক বনে যাওয়া অপরাধগুলো সংঘটনের সামাজিক কারণসমূহ বিভিন্ন তত্ত্বের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব।

স্ট্রেইন থিওরি

স্ট্রেইন থিওরি মানুষের অপরাধ আচরণের প্রবণতাকে ব্যক্তি-কেন্দ্রিক নৈতিক ব্যর্থতা হিসেবে নয়, বরং সমাজে সৃষ্ট চাপ ও বঞ্চনার ফল হিসেবে ব্যাখ্যা করে। সমাজবিজ্ঞানী রবার্ট কে. মার্টন দেখান, প্রতিটি সমাজ তার নাগরিকদের সামনে কিছু কাঙ্ক্ষিত লক্ষ্য দাঁড় করিয়ে দেয়, যেমন আর্থিক সফলতা, সামাজিক মর্যাদা, নিরাপদ জীবন। কিন্তু একই সঙ্গে এই লক্ষ্য অর্জনের বৈধ ও সহজলভ্য পথগুলো সবার জন্য সমানভাবে উন্মুক্ত থাকে না। লক্ষ্যবস্তু চোখের সামনে জ্বলজ্বল করছে, কিন্তু সেই লক্ষ্য অর্জনের বাস্তব সুযোগের অনুপস্থিতিই মূলত এক ধরনের শূন্যতা তৈরি করে, আর সেখান থেকেই সৃষ্টি হয় ব্যক্তির ওপর মানসিক ও সামাজিক চাপ। এই চাপের বাস্তব রূপ আমরা খুব সহজেই আমাদের চারপাশে দেখতে পাই।

একজন মানুষ প্রতিদিন দেখে, তার পাশের বাসার প্রতিবেশী দামি গাড়িতে অফিস যায়, বিলাসবহুল জীবনযাপন করে, সমাজে সম্মান পায়। তখন সেও মনে মনে সেই একই সম্মান ও স্বীকৃতি কামনা করতে শুরু করে, কারণ সমাজ তাকে এটাই শিখিয়েছে যে সাফল্যের মানে বাহ্যিক অর্জন। কিন্তু তার নিজের আয়, শিক্ষা বা সুযোগ সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়। বৈধ পথে এগোনো দীর্ঘ, অনিশ্চিত কিংবা প্রায় অসম্ভব। এই বৈষম্যমূলক বাস্তবতাই তার ভেতরে স্ট্রেইন তৈরি করে।

এই চাপের মুখে সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখায় না। কেউ নিয়ম মেনে লড়াই চালিয়ে যায়, আবার কেউ লক্ষ্য অর্জনের তাগিদে নিয়মের সীমা পেরিয়ে ভিন্ন পথে যাওয়ার জন্য মনস্থির করে। ঠিক এই জায়গা থেকেই জন্ম নেয় আইন না মানার প্রবণতা বা অপরাধ।

ব্যক্তি যখন দেখে, বৈধ পথে এগোনো কঠিন, সময়সাপেক্ষ বা অনিশ্চিত, তখন সে অনেক সময় সহজ ও তাৎক্ষণিক সমাধান বেছে নেয়, এবং সেটি আইনভঙ্গ করে হলেও।

প্রবন্ধের শুরুতে আমরা যে দৈনন্দিন আইনভঙ্গের দৃশ্যগুলো দেখেছি—লাল বাতি উপেক্ষা করে গাড়ি চালানো, ফুটপাত দখল, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ধূমপান—স্ট্রেইন থিওরির আলোকে সেগুলো হঠকারী আচরণ নয়। এগুলো অনেক ক্ষেত্রে সময়ের চাপ, প্রতিযোগিতা, শহুরে জীবনের তাড়াহুড়া ও সীমিত সুযোগের প্রতিক্রিয়া।

ট্রাফিক আইন ভাঙা চালকটি জানে কাজটি বেআইনি, কিন্তু তার কাছে সময় বাঁচানো বা কাজের জায়গায় পৌঁছানোর চাপ সেই মুহূর্তে আইনি ঝুঁকির চেয়ে বেশি জরুরি হয়ে ওঠে। ফুটপাত দখল করে দোকান বসানো ব্যক্তি হয়তো বিকল্প কর্মসংস্থানের অভাবে সেটিকেই জীবিকা রক্ষার একমাত্র পথ হিসেবে দেখে।

স্ট্রেইন থিওরি আরও দেখায়, এই ধরনের আইনভঙ্গ অনেক সময় সমাজে ধীরে ধীরে ‘সহনীয়’ হয়ে ওঠে, কারণ একই চাপ বহু মানুষ ভাগ করে নেয়। যখন অধিকাংশ মানুষ একই বাস্তবতার মুখোমুখি হয়, তখন নিয়ম ভাঙা আর ব্যতিক্রম থাকে না; বরং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার এক অঘোষিত কৌশলে পরিণত হয়। ফলে অপরাধ ব্যক্তির একক সিদ্ধান্ত না হয়ে সমাজে জমে থাকা চাপের সমষ্টিগত বহিঃপ্রকাশে রূপ নেয়।

এই দৃষ্টিকোণ থেকে দেখলে, অপরাধ দমনের প্রশ্ন কেবল শাস্তি বাড়ানোর বিষয় বলে মনে হয় না। বরং এটা স্পষ্ট করে যে, যতদিন এই সমাজ শুধু মানুষের মাঝে আকাঙ্ক্ষাই তৈরি করবে, কিন্তু সেগুলো অর্জনের ন্যায্য ও বাস্তব সুযোগ নিশ্চিত করতে ব্যর্থ হবে, ততদিন স্ট্রেইন তৈরি হবে, আর সেই স্ট্রেইনের সঙ্গে করেই সমাজে ফিরে আসবে আইন না মানার এই প্রবণতা।

সোশ্যাল কন্ট্রোল থিওরি

সোশ্যাল কন্ট্রোল থিওরি একটি ভিন্ন প্রশ্ন তোলে। সবাই তো একই সমাজে বাস করে, একই চাপ ও সীমাবদ্ধতার মুখোমুখি হয়, তবু সবাই কেন অপরাধে জড়ায় না?

সমাজবিজ্ঞানী ট্র্যাভিস হিরশির মতে, মানুষ স্বাভাবিকভাবেই নিয়ম ভাঙার প্রবণতা রাখে, কিন্তু সমাজের সঙ্গে তার বন্ধন যত শক্ত থাকে, অপরাধে জড়ানোর সম্ভাবনা তত কমে। পরিবার, শিক্ষা, কর্মক্ষেত্র, সামাজিক স্বীকৃতি এই সম্পর্কগুলোই ব্যক্তিকে নিয়ন্ত্রণে রাখে।

এই তত্ত্বের আলোকে আমরা প্রবন্ধের শুরুতেই যে বাস্তবতার কথা বলেছিলাম আইন ভাঙা যেন ধীরে ধীরে একটি স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে তার ব্যাখ্যাও স্পষ্ট হয়ে ওঠে। আধুনিক শহুরে জীবনে মানুষের সঙ্গে সমাজের দূরত্ব ক্রমেই বাড়ছে। পরিবার ও কমিউনিটির প্রভাব দুর্বল হচ্ছে, সামাজিক নজরদারি কমে যাচ্ছে, আর পারস্পরিক দায়বদ্ধতার অনুভূতি ক্ষয়ে যাচ্ছে। ফলে আইন মানা আর সামাজিক দায়িত্ব হিসেবে ধরা পড়ছে না; বরং তা হয়ে উঠছে ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভরশীল একটি বিষয়।

এই কারণেই শহরের বাস্তবতায় আমরা নিয়মিত দেখি উলটো পথে অটোরিকশা চলাচল, নিষেধাজ্ঞা উপেক্ষা করে হর্ন বাজানো কিংবা প্রকাশ্যে ধূমপান। এই আচরণগুলো সাধারণত সেই জায়গাগুলোতেই বেশি চোখে পড়ে, যেখানে সামাজিক সম্পর্ক দুর্বল এবং নিয়ম ভাঙার জন্য তাৎক্ষণিক সামাজিক প্রতিক্রিয়া আসে না।

চালকটি জানে, আশপাশের মানুষ তাকে জবাবদিহির মুখোমুখি করবে না। দোকানদার বোঝে, নিয়ম ভাঙলেও সমাজের কাছ থেকে তেমন কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসবে না। ফলে আইনভঙ্গ ধীরে ধীরে ব্যতিক্রম না থেকে স্বাভাবিক আচরণে পরিণত হয়।

সোশ্যাল কন্ট্রোল থিওরি তাই দেখায়, আইন ভাঙা স্বাভাবিক হয়ে যাওয়ার পেছনে কেবল আইনের কঠোরতা বা পুলিশের উপস্থিতির অভাবই মুখ্য নয়; বরং সমাজে মানুষের পারস্পরিক সংযোগ, দায়িত্ববোধ ও সামাজিক প্রত্যাশা যত দুর্বল হয়, আইনভঙ্গ তত সহজ ও গ্রহণযোগ্য হয়ে ওঠে।

বিপরীতে, যেখানে পরিবার, প্রতিষ্ঠান বা কমিউনিটির সঙ্গে মানুষের সম্পর্ক দৃঢ়, সেখানে মানুষ নিয়ম ভাঙার ঝুঁকি কম নেয় শাস্তির ভয়ে নয়; বরং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কায়।

সোশ্যাল লার্নিং থিওরি

সোশ্যাল লার্নিং থিওরি দেখায়, মানুষ জন্মগতভাবে অপরাধী বা আইনভঙ্গকারী হয়ে ওঠে না; বরং সমাজে পর্যবেক্ষণ, অনুকরণ ও অভ্যাসের মধ্য দিয়েই আচরণ শেখে। আলবার্ট বানডুরার মতে, মানুষ আশপাশের মানুষদের আচরণ দেখে শেখে কোনটি গ্রহণযোগ্য, কোনটি লাভজনক এবং কোনটির জন্য তেমন কোনো নেতিবাচক ফল ভোগ করতে হয় না। যেখানে নিয়ম ভাঙার পরও শাস্তি বা সামাজিক প্রতিক্রিয়া খুব কম দেখা যায়, সেখানে সেই আচরণ সহজেই অনুকরণীয় হয়ে ওঠে।

প্রবন্ধের শুরুতে আমরা যে চিত্রগুলো দেখেছি লাল বাতি অমান্য করা, ফুটপাত দখল, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ধূমপান সোশ্যাল লার্নিং থিওরির আলোকে সেগুলো বিচ্ছিন্ন বা আকস্মিক নয়। একজন মানুষ যখন বারবার দেখে, অন্যরা এসব নিয়ম ভেঙেও নির্বিঘ্নে চলছে, তখন তার নিজের মনে আইনভঙ্গের ঝুঁকি কম মনে হয়। এই শেখাটি কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে নয়; বরং দৈনন্দিন পর্যবেক্ষণ থেকেই তৈরি হয়।

ফলে আইন না মানা ধীরে ধীরে ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, সামাজিকভাবে শেখা একটি আচরণে পরিণত হয়। এই তত্ত্ব ব্যাখ্যা করে, কেন শহরের কিছু এলাকায় নির্দিষ্ট ধরনের আইনভঙ্গ তুলনামূলক বেশি দেখা যায়। সেখানে কেউ কাউকে থামায় না, কেউ প্রশ্ন করে না, কেউ দায়িত্বও নেয় না। এই পরিবেশে নতুন ব্যক্তি খুব দ্রুত শেখে এখানে নিয়ম মানা ব্যতিক্রম, আর নিয়ম ভাঙাই স্বাভাবিক।

অপরাধের মনস্তাত্ত্বিক কারণ কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব

কোলবার্গ দেখিয়েছেন, মানুষ সব সময় একই নৈতিক স্তর থেকে আইন মানে না। কেউ আইন মানে শাস্তির ভয়ে, কেউ সামাজিক গ্রহণযোগ্যতার জন্য, আবার কেউ মানে ন্যায়বোধ ও ব্যক্তিগত নৈতিক বিশ্বাস থেকে। আমাদের বাস্তবতায় অনেক ক্ষেত্রেই আইন মানা প্রথম দুই স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই শাস্তির ভয় কমলে বা সামাজিক চাপ দুর্বল হলে নিয়ম ভাঙার প্রবণতা বেড়ে যায়। এই তত্ত্ব বোঝায়, শুধু শাস্তি দিয়ে নয়, নৈতিক দায়বদ্ধতা তৈরি করেই দীর্ঘমেয়াদে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হয়।

নিউট্রালাইজেশন থিওরি

সাইকস ও মাতজার নিউট্রালাইজেশন থিওরি বলছে, অনেক মানুষ আইনভঙ্গের সময় নিজেকে অপরাধী হিসেবে না দেখে বরং নিজের কাজের পক্ষে মানসিক যুক্তি দাঁড় করায়। যেমন, কেউ বলে ুসবাই তো করছে”, কেউ বলে ুএতে এমন কী ক্ষতি”, আবার কেউ জীবিকার অজুহাত তোলে। এ ধরনের আত্মপক্ষসমর্থন আইনভঙ্গকে বৈধ করে না, কিন্তু ব্যক্তির কাছে তা সাময়িকভাবে গ্রহণযোগ্য করে তোলে। ফলে নৈতিক সংকোচ দুর্বল হয়, আর কিছু নিয়মভঙ্গ ধীরে ধীরে সমাজে সহনীয় অভ্যাসে পরিণত হতে থাকে।

বাংলাদেশের প্রেক্ষাপটে আইন মানার বাস্তবতা

বাংলাদেশে মানুষ কেন আইন মানে না, এই প্রশ্নটি বাস্তব অভিজ্ঞতার আলোকে বোঝার জন্য ডিটেকটিভের পক্ষ থেকে আমরা একটি সংক্ষিপ্ত মতামত গ্রহণ কার্যক্রম পরিচালনা করি। এর লক্ষ্য ছিল দৈনন্দিন জীবনে আইন না মানার কারণ সম্পর্কে মানুষের নিজস্ব ব্যাখ্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশা জানা। প্রাপ্ত মতামত বিশ্লেষণে যে চিত্রটি উঠে আসে, তা হলো অধিকাংশ মানুষের দৃষ্টিতে আইন না মানার প্রবণতা শুধু ব্যক্তিগত নৈতিক দুর্বলতার ফল নয়; এর পেছনে রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সমাজব্যবস্থার গভীরতর কাঠামোগত সমস্যাও সক্রিয়। মানুষের উপলব্ধিতে আইন না মানার সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে আইনের দুর্বল ও অসংগত প্রয়োগ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জাতীয় খানা জরিপ ২০২৩-এ দেখা গেছে, বিচারিক সেবা ব্যবহারকারী ৬২.৩ শতাংশ পরিবার দুর্নীতির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এবং ৩৪.১ শতাংশ ঘুষ দিতে বাধ্য হয়েছে; পরিবারপ্রতি গড় ঘুষের পরিমাণ ৩০,৯৭২ টাকা। আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে এই হার আরও উদ্বেগজনক-৭৪.৫ শতাংশ দুর্নীতি এবং ৫৮.৩ শতাংশ ঘুষের অভিযোগ রয়েছে।

আমাদের মতামত গ্রহণ কার্যক্রমেও দেখা গেছে, ৬৩ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন আইন ভঙ্গের পর জবাবদিহির আওতায় আসার সম্ভাবনা খুবই কম, আর ২৭ শতাংশের মতে কিছু ক্ষেত্রে জবাবদিহি হলেও তা যথেষ্ট কঠোর নয়। অন্যভাবে বললে, অতি সামান্য অংশ ছাড়া প্রায় সবাই কোনো না কোনোভাবে বিশ্বাস করেন যে আইন ভাঙলেও কার্যকর বিচারের সম্ভাবনা সীমিত। ফলে আইন মানার সামাজিক ও নৈতিক প্রেরণাও দুর্বল হয়ে পড়ে।

আইনের দুর্বল প্রয়োগের ধারণার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আরেকটি বিষয় এই জরিপে খুব স্পষ্টভাবে উঠে এসেছে। তা হলো, আইন সবার জবাবদিহি নিশ্চিত করতে কতটা সক্ষম, সে বিষয়ে অংশগ্রহণকারীদের গভীর সন্দেহ।

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের আইনের শাসন সূচক ২০২৫ অনুসারে বাংলাদেশের রেগুলেটরি এনফোর্সমেন্টের র‌্যাঙ্ক ১২৫/১৪৩ এবং দেওয়ানি বিচারে ১৩২/১৪৩, যা স্পষ্টভাবে দেখায় আইন সমানভাবে ও কার্যকরভাবে প্রয়োগ হয় না।

আমাদের মতামত গ্রহণে ৯১.৭ শতাংশ অংশগ্রহণকারীও বলেছেন, আইন সবার জন্য সমানভাবে কার্যকর হয় না। অর্থাৎ, কারও সামাজিক বা রাজনৈতিক প্রভাব, পরিচয় কিংবা অবস্থান অনেক সময় নির্ধারণ করে দেয়, সে আদৌ জবাবদিহির মুখে পড়বে কি না। ফলে মানুষের কাছে আইনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, আর আইনভঙ্গও ধীরে ধীরে এক ধরনের সহনীয় বাস্তবতায় পরিণত হয়।

আইনের সমান প্রয়োগ নিয়ে মানুষের এই ব্যাপক সন্দেহ মূলত আইনের শাসন বিষয়ে এক গভীর সংকটের প্রতিফলন। মানুষের চোখে এই অসমতার সবচেয়ে ক্ষতিকর দিক হলো, এতে আইন নৈতিক নির্দেশনা হিসেবে তার গ্রহণযোগ্যতা হারাতে শুরু করে।

জরিপের উত্তরগুলো দেখায়, যখন সাধারণ মানুষ বারবার দেখে ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী আইনের বাইরে থেকে যাচ্ছে, তখন আইন মানা আর ন্যায়বোধের অংশ হিসেবে কাজ করে না। বরং তা হয়ে ওঠে পরিস্থিতিনির্ভর এক ঐচ্ছিক সিদ্ধান্ত, যেখানে মানুষ আইন মানবে কি না, তা নির্ধারিত হয় শাস্তির সম্ভাবনা, সামাজিক প্রতিক্রিয়া কিংবা ব্যক্তিগত সুবিধার হিসাব দিয়ে।

একই সঙ্গে মানুষের ধারণায় অর্থনৈতিক চাপ ও জীবিকা-সংকট আইন না মানার একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করে। আর্থিক অনিশ্চয়তা, কর্মসংস্থানের অভাব এবং সামাজিক বৈষম্যের অভিজ্ঞতা অনেকের কাছে নিয়ম ভাঙাকে একটি বাস্তবসম্মত কৌশল হিসেবে তুলে ধরে। পাশাপাশি শিক্ষাব্যবস্থার অবক্ষয়, নৈতিক শিক্ষার ঘাটতি এবং মূল্যবোধের দুর্বলতার কথাও উঠে এসেছে, যা তারা ব্যক্তিগত নয়, বরং পরিবার ও রাষ্ট্রীয় ব্যবস্থার যৌথ ব্যর্থতা হিসেবে ব্যাখ্যা করেছেন।

নীতিগত প্রস্তাবনা: আইন মানার সংস্কৃতি গড়ে তোলার উপায়

আইনের ধারাবাহিক ও সমান প্রয়োগ নিশ্চিত করা

মানুষের দৃষ্টিতে আইন তখনই কার্যকর হয়, যখন তার প্রয়োগ নিয়মিত, দৃশ্যমান এবং সবার ক্ষেত্রে সমান হয়। জরিপে অংশগ্রহণকারীদের মতামত অনুযায়ী, কেউ আইন ভাঙলে যদি তার পরিণতি অনিবার্য না হয়, তাহলে আইন মানা নৈতিক দায়িত্বের জায়গা থেকে সরে গিয়ে ঝুঁকি-হিসাবের বিষয়ে পরিণত হয়। ফলে আইন প্রয়োগে ধারাবাহিকতা ও সমতা নিশ্চিত করা আইন মানার সংস্কৃতি গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। বিচারের নিশ্চয়তা ও জবাবদিহি বৃদ্ধি

আইন মানার প্রতি মানুষের আস্থার সঙ্গে বিচারের নিশ্চয়তা ও জবাবদিহির প্রশ্ন গভীরভাবে জড়িত। যখন মানুষ বিশ্বাস করে যে আইন ভাঙলে ন্যায়বিচার পাওয়া যাবে এবং কেউ আইনের ঊর্ধ্বে থাকবে না, তখন আইন মানার প্রবণতা শক্তিশালী হয়। এই আস্থা দুর্বল হলে আইন মানা আর নৈতিক দায়বদ্ধতা হিসেবে কাজ করে না।

শাস্তির পাশাপাশি সচেতনতা ও শিক্ষা জোরদার করা

জনমত যাচাইয়ের ফলাফল দেখায়, কেবল কঠোর শাস্তির মাধ্যমে টেকসই আইন মানার সংস্কৃতি গড়ে তোলা সম্ভব নয়। মানুষের মাঝে আইন মানার প্রতি ব্যাপক সচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং শিক্ষাব্যবস্থার সংস্কার সমানভাবে জরুরি। পাঠ্যক্রমে আইন মানার সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করা এবং ছোটবেলা থেকেই নিয়ম মানার অভ্যাস গড়ে তোলা দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিবার ও সমাজকে আইন মানার অনুশীলনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা

মানুষের উপলব্ধিতে আইন মানার শিক্ষা শুরু হওয়া উচিত পরিবার থেকে এবং পরে শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের অন্যান্য স্তরে বিস্তৃত হওয়া প্রয়োজন। পরিবারে নিয়ম মানার চর্চা, সমাজে ইতিবাচক উদাহরণ এবং দৈনন্দিন জীবনে আইন মেনে চলার দৃশ্যমান অনুশীলন আইন মানার সংস্কৃতিকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তুলতে পারে।

ধর্মীয় অনুশাসন জোরদার ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা

ধর্মীয় অনুশাসন ব্যক্তির মধ্যে নৈতিকতার বীজ বপন করে। এটি মনস্তাত্ত্বিকভাবে মানুষকে অবৈধ, আইনবহির্ভূত ও নৈতিকতাবিবর্জিত কাজ থেকে বিরত থাকতে চাপ সৃষ্টি করে, পাশাপাশি পরকালীন শাস্তির ভয়ও তৈরি করে। একইভাবে সামাজিক মূল্যবোধ মানুষের মধ্যে “লোকে কী বলবে” ধরনের এক মানসিক গণ্ডি গড়ে তোলে। এর ফলে ব্যক্তি বাইরের শাস্তির ভয়েই নয়, ভেতরের মানসিক নিয়ন্ত্রণের কারণেও আইন ভঙ্গ করতে সংকোচ বোধ করে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও শাসনব্যবস্থায় বিশ্বাস পুনর্গঠন

আইন মানার সংস্কৃতি পুনর্গঠনের জন্য ব্যক্তি বা সমাজের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, প্রশাসন ও বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা অপরিহার্য। ব্যক্তি, পরিবার, শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র এই সব স্তরে একসঙ্গে বিশ্বাসযোগ্য, ন্যায়সঙ্গত ও ধারাবাহিক পরিবর্তন দৃশ্যমান হলেই আইন মানার সংস্কৃতি শক্ত ভিত্তি পেতে পারে।

সমগ্র বিশ্লেষণ থেকে স্পষ্ট হয় যে, বাংলাদেশের প্রেক্ষাপটে আইন না মানা কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক আচরণ নয়; বরং দুর্বল আইন প্রয়োগ, শাস্তির অনিশ্চয়তা, আইনের অসম প্রয়োগ এবং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নিয়ম না মানার সংস্কৃতির বাস্তবতা। মানুষ যখন বারবার দেখে আইন ভাঙলেও কার্যকর পরিণতি নেই বা সবাই সমানভাবে আইনের আওতায় আসে না, তখন আইন মানা নৈতিক দায়িত্বের বদলে পরিস্থিতিনির্ভর একটি সিদ্ধান্তে রূপ নেয়।

এই বাস্তবতায় আইন মানার সংস্কৃতি টেকসই করতে হলে একক কোনো স্তরে পরিবর্তন যথেষ্ট নয়। ব্যক্তি, পরিবার, শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র এই সব স্তরে একসঙ্গে বিশ্বাসযোগ্য, ন্যায়সঙ্গত ও ধারাবাহিক পরিবর্তন ঘটাতে হবে। পরিবারে দায়িত্ববোধের চর্চা, শিক্ষায় নৈতিক ও নাগরিক মূল্যবোধের সংহতি এবং রাষ্ট্রীয় পর্যায়ে আইনের সমান ও কার্যকর প্রয়োগ একসঙ্গে দৃশ্যমান হলেই আইন মানা আবার সামাজিক অভ্যাস ও নৈতিক আচরণে রূপ নিতে পারে।

লেখক
সিনিয়র কনটেন্ট অফিসার
ইন্টেলিস সল্যুশন

সম্প্রতি

নাগরিক সংযোগ