সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ও পুলিশ লাইন্সে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেটের সহযোগিতায় অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে আয়োজিত এ মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণে ফায়ার এক্সটিংগুইশারের সঠিক ব্যবহার প্রদর্শন করেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে উপস্থিত বুদ্ধি, তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে গ্যাস, পেট্রোল ও বিদ্যুৎ থেকে সৃষ্ট আগুনের ধরন, ঝুঁকি এবং প্রতিটি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নির্বাপণ কৌশলও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। ফায়ার সার্ভিসের প্রশিক্ষকরা জানান, সব ধরনের আগুন একইভাবে নিয়ন্ত্রণ করা যায় না। আগুনের উৎস ও প্রকৃতি বুঝে উপযুক্ত ব্যবস্থা গ্রহণই ক্ষয়ক্ষতি কমানোর প্রধান উপায়। এ মহড়ার মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও ফোর্সের অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি, সচেতনতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়। উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপারেশন জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা। এছাড়াও সদর দপ্তর ও পুলিশ লাইন্সে কর্মরত অফিসার ও ফোর্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা এবং প্রশিক্ষক দল এতে অংশগ্রহণ করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ও পুলিশ লাইন্সে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত
ডিটেকটিভ ডেস্ক
,
