অমর একুশে বইমেলাকে ঘিরে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম-সেবা। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বেলা বইমেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ, সোহরাওয়ার্দী উদ্যান ও সংলগ্ন এলাকায় আয়োজিত মেলাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং রাতেও ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকিতে থাকবেন। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের বিশেষ টিমও মোতায়েন থাকবে।
মেলার প্রবেশমুখে মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ও ম্যানুয়াল চেকিংয়ের ব্যবস্থা থাকবে। বড় ব্যাগ, কার্টন ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। সিসি ক্যামেরা নজরদারি, ডগ স্কোয়াড, বিশেষ টহল, নারী ও শিশুদের জন্য পৃথক নিরাপত্তা ব্যবস্থা, ব্যারিকেড, পিকেট ও দূরবর্তী চেকপোস্টও থাকবে।
একই ব্রিফিংয়ে ট্রাফিক বিভাগ জানায়, বইমেলাকে ঘিরে পৃথক ট্রাফিক পরিকল্পনা ও নির্ধারিত পার্কিং ব্যবস্থাও রাখা হয়েছে।

