জাল ভিসা দিয়ে ইতালি পাঠানোর নামে প্রতারণার অভিযোগে মাহবুবুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা-মেট্রো পূর্ব ইউনিট। গত ৩ ডিসেম্বর ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তথ্যে জানা যায়, ফরিদপুরের সাইফুল মিয়াকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তার বাবা বিল্লাল মিয়ার কাছ থেকে নগদ ৫ লাখ টাকা ও ২,১০০ ইউরো নেয় প্রতারক চক্র। পরে সাইফুলকে জাল ভিসা ও টিকিট দিয়ে বিমানবন্দরে পাঠানো হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসাটি জাল বলে শনাক্ত করে।
এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে সিআইডি। এর আগে চক্রের প্রধান আসামি জোসনা খাতুন ও সহযোগী মিলন মিয়াকেও গ্রেফতার করা হয়েছে।
সিআইডি জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
