শিশু গৃহকর্মী নির্যাতনের এক মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান, তাঁর স্ত্রী বীথি এবং আরও দুজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতার অন্য দুজন হলেন সুফিয়া ও রুপালি।
থানা সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। অভিযোগ অনুযায়ী, আর্থিক সংকটের কারণে গোলাম মোস্তফা তাঁর ১১ বছর বয়সী কন্যাকে ২০২৫ সালের জুন মাসে কোনাবাড়ী এলাকার একটি বাসায় শিশু দেখাশোনার কাজে রাখেন। বাসার মালিক বীথি ও তাঁর স্বামী ভবিষ্যতে শিশুটির ভরণপোষণ ও বিয়ের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরের পর থেকে শিশুটির সঙ্গে বাবার দেখা করার সুযোগ সীমিত হয়ে পড়ে। ৩১ জানুয়ারি ২০২৬ শিশুটিকে বাবার কাছে ফিরিয়ে দেওয়ার পর তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও পোড়ার চিহ্ন দেখা যায়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে জানায়, বীথি, শফিকুর রহমান এবং আরও দুজন গৃহকর্মী বিভিন্ন সময়ে তাকে মারধর ও গরম খুন্তি দিয়ে নির্যাতন করতেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা রুজুর পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। আহত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

