হোমদক্ষতা উন্নয়নকাজের চাপে দম বন্ধ? পরিবারকে সময় দেবেন কীভাবে?

কাজের চাপে দম বন্ধ? পরিবারকে সময় দেবেন কীভাবে?

মো: জাহাঙ্গীর আলম
,

বাংলাদেশের মতো জনবহুল ও দ্রুত পরিবর্তনশীল সমাজে পুলিশের চাকরির সঙ্গে জড়িয়ে থাকে কঠোর পরিশ্রম, জনগণের আকাশসম প্রত্যাশার চাপ এবং অনেক ব্যক্তিগত ত্যাগের গল্প। দীর্ঘ কর্মঘণ্টা, অনিশ্চিত ডিউটি, জরুরি দায়িত্ব এবং সামাজিক চাপের ভেতর দিয়ে কাজ করতে গিয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী ধীরে ধীরে এক ধরনের স্থায়ী ক্লান্তি ও মানসিক চাপের মধ্যে প্রবেশ করেন।

এ ছাড়া, পুলিশের পেশায় সময়ের ওপর নিজের নিয়ন্ত্রণ অনেক সময়ই সীমিত। একটি দিন হয়তো শুরু হয়েছিল রুটিন ব্রিফিং, জিডি পর্যালোচনা এবং মামলার নথি প্রস্তুতের পরিকল্পনা নিয়ে, কিন্তু হঠাৎ একটি সড়ক দুর্ঘটনা, একটি গুরুত্বপূর্ণ অভিযানের নির্দেশ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি-অথবা এমনও হয়, পরিবারকে সময় দেওয়ার প্রস্তুতি নেওয়ার পরই রাতের শেষে একটি জরুরি কল এসে মুহূর্তেই পুরো দিনটিকে বদলে দিতে পারে।

এই বাস্তবতায় টাইম ম্যানেজমেন্ট ও ওয়ার্ক-লাইফ ব্যালেন্স হলো কর্মদক্ষতা, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত জীবন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত একটি অতি প্রয়োজনীয় দক্ষতা।

টাইম ম্যানেজমেন্ট: দায়িত্ব বণ্টনের কৌশল

টাইম ম্যানেজমেন্ট বলতে সাধারণভাবে সময় “বাঁচানো” বোঝানো হয় না, বরং অল্প সময়ের অধিক ব্যবহারকে বোঝানো হয়। সত্যিকার অর্থে, বাস্তবে সময় বাঁচানো যায় না; সময়কে কেবল সঠিকভাবে ব্যবহার করা যায়। একজন পুলিশ কর্মকর্তার জন্য টাইম ম্যানেজমেন্ট করতে কিছু বিষয় মাথায় রাখা জরুরি; যেমন-কোন দায়িত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন কাজটি প্রতিনিধি দিয়ে করানো সম্ভব, কোন কাজটি পরে করলেও সমস্যা হবে না। এই সিদ্ধান্তগুলোই সময় ব্যবস্থাপনার মূল ভিত্তি।

ধরা যাক, একটি থানায় একই সময়ে তিনটি কাজ সামনে এল। একটি গুরুতর মারামারির ঘটনায় তাৎক্ষণিক পুলিশ উপস্থিতি দরকার, একটি মামলার কেস ডায়েরি প্রস্তুত করতে হবে, আর সঙ্গে আছে কয়েকটি রুটিন প্রশাসনিক ফাইল। এখানে প্রথম কাজটি নিঃসন্দেহে অগ্রাধিকার পাবে। কেস ডায়েরির জন্য নির্দিষ্ট সময় ঠিক করা যেতে পারে, আর রুটিন ফাইলগুলো দায়িত্বপ্রাপ্ত সহকর্মীর মাধ্যমে এগোনো সম্ভব। এই বাছাই করতে না পারলেই সব কাজ একসঙ্গে মাথায় চাপে এবং শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজও ক্ষতিগ্রস্ত হয়।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেসব পেশায় কাজের চাপ বেশি এবং সিদ্ধান্ত গ্রহণের সময় কম, সেসব পেশায় দুর্বল টাইম ম্যানেজমেন্ট দ্রুত অবসাদ তৈরি করে। পুলিশের ক্ষেত্রে এটি আরও প্রকট, কারণ এখানে ভুল সিদ্ধান্তের সামাজিক ও আইনি প্রভাব অনেক গভীর।

অনেক সময় ওয়ার্ক-লাইফ ব্যালেন্সকে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন কাজ আর ব্যক্তিগত জীবন পরস্পরের শত্রু। বাস্তবে বিষয়টি তা নয়। সমস্যা তৈরি হয় তখনই, যখন কাজ একমাত্র পরিচয় ও একমাত্র সময়গ্রাসী বাস্তবতা হয়ে ওঠে। পুলিশের চাকরির ক্ষেত্রে এই ঝুঁকি বেশি, কারণ ডিউটির নির্দিষ্ট সময় সবসময় মানা যায় না, যেকোনো ছুটি হঠাৎ বাতিল হতে পারে এবং কাজের মানসিক চাপ পরিবার পর্যন্ত পৌঁছে যায়। এই বাস্তবতায় ওয়ার্ক-লাইফ ব্যালেন্স মানে কাজ কম করা নয়; বরং কাজের বাইরে নিজেকে মানুষ হিসেবে টিকিয়ে রাখা।

টাইম ম্যানেজমেন্ট ও ব্যক্তিগত জীবনে ব্যালেন্স

টাইম ম্যানেজমেন্ট ও ওয়ার্ক-লাইফ ব্যালেন্স আসলে আলাদা দুটি বিষয় নয়। একটি ঠিক না হলে অন্যটি কখনোই ঠিকভাবে কাজ করে না। যখন সময় ব্যবস্থাপনা দুর্বল হয়, তখন তার প্রভাব সরাসরি ব্যক্তিগত জীবনে গিয়ে পড়ে।

অফিসের কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় অনেক সময় সেই কাজ বাসায় নিয়ে যেতে হয়। একজন কর্মকর্তা-কর্মচারী হয়তো সারাদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে রাতে বাসায় ফিরলেন, কিন্তু তাঁর মাথায় তখনো ঘুরছে একটি অপমৃত্যু মামলার অমীমাংসিত প্রশ্ন, পরদিনের আদালত হাজিরা কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাওয়া রিপোর্ট। ফলে বাসা আর বিশ্রামের জায়গা না থেকে অফিসেরই আরেকটি অংশ হয়ে ওঠে। এতে মানসিক চাপ বাড়ে এবং কাজের ক্লান্তি দূর হওয়ার সুযোগ কমে যায়।

এভাবে সময়ের ওপর নিয়ন্ত্রণ হারালে পরিবারের জন্য সময় বের করাও কঠিন হয়ে পড়ে। শারীরিকভাবে বাসায় থাকলেও মন তখনো কাজের চিন্তায় ডুবে থাকে। পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা, সন্তানদের সময় দেওয়া বা পারিবারিক বন্ধন রক্ষা করা ধীরে ধীরে উপেক্ষিত হয়ে যায়। এর ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, যা ব্যক্তির মানসিক অবস্থাকে আরও অস্থির করে তোলে।

এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে তৈরি হয় এক ধরনের স্থায়ী মানসিক অস্থিরতা। বিশেষ করে দায়িত্বশীল পেশায়, যেমন পুলিশ বা সরকারি চাকরিতে, এই মানসিক অস্থিরতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। ধীরে ধীরে কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং দেখা দেয় গভীর ক্লান্তি ও বিষণ্নতা। এটি পেশাগত বার্নআউটের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

অন্যদিকে, কার্যকর টাইম ম্যানেজমেন্ট এই পুরো চিত্রটি বদলে দিতে পারে। যখন একজন কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেন, তখন কাজ শেষে মানসিকভাবে কাজ থেকে আলাদা হওয়া সম্ভব হয়। এতে করে ব্যক্তিগত সময় সত্যিকার অর্থেই ব্যক্তিগত থাকে। এই মানসিক বিচ্ছিন্নতা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়।

কার্যকর সময় ব্যবস্থাপনা মানুষকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং শারীরিক ও মানসিক সতেজতা বজায় রাখার সুযোগ দেয়। নিয়মিত ঘুম, অবসর এবং নিজের জন্য সময় শরীর ও মনকে নতুন করে শক্তি দেয়। এর ফলে পরের দিন কাজে মনোযোগ বাড়ে, ধৈর্য বজায় থাকে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।

সবচেয়ে বড় বিষয় হলো, ভালো টাইম ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদে পেশাগত স্থায়িত্ব নিশ্চিত করে। একজন মানুষ যখন কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে পারেন, তখন তিনি দীর্ঘদিন একই মানের কর্মদক্ষতা ধরে রাখতে সক্ষম হন। এটি শুধু ব্যক্তির জন্য নয়, প্রতিষ্ঠান ও সমাজের জন্যও গুরুত্বপূর্ণ।

সময়-ব্যবস্থাপনায় প্রচলিত কিছু ভুল

সময় ব্যবস্থাপনায় সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো সব কাজকে সমান গুরুত্বপূর্ণ ভাবা। বাস্তবে সব কাজের গুরুত্ব এক নয়। কিছু কাজ তাৎক্ষণিকভাবে করতে হয়, আবার কিছু কাজ একটু দেরিতে হলেও বড় সমস্যা হয় না। জরুরি ও গুরুত্ব অনুযায়ী কাজ ভাগ করে না নিলে মানুষ সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকে এবং জরুরি কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হয় না। এর ফলে সময়ের ওপর নিয়ন্ত্রণ থাকে না; বরং সময়ই মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে।

আরেকটি সাধারণ ভুল হলো ‘সবসময় ব্যস্ত’ থাকাকে দক্ষতা মনে করা। অনেকেই ভাবেন, যত বেশি ব্যস্ত থাকা যায়, তত বেশি কাজ হচ্ছে। কিন্তু বাস্তবে ব্যস্ততা অনেক সময় দুর্বল পরিকল্পনার ফল। সারাদিন ছোট ছোট। কাজে সময় নষ্ট হলে আসল দায়িত্বগুলো ঠিকভাবে করা যায় না। এতে করে দিনের শেষে ক্লান্তি থাকে, কিন্তু সন্তুষ্টি থাকে না।

তৃতীয় ভুলটি হলো বিশ্রামকে অলসতা হিসেবে দেখা। অনেকেই মনে করেন, বিশ্রাম নিলে কাজের ক্ষতি হয়। অথচ বিশ্রামহীন কাজ মানুষের মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থার মতো দায়িত্বশীল পেশায়, ক্লান্ত ও অবসন্ন অবস্থায় নেওয়া সিদ্ধান্ত গুরুতর ভুলের কারণ হতে পারে। তাই বিশ্রাম সময় নষ্ট নয়; বরং ভালোভাবে কাজ করার জন্য এটি একটি প্রয়োজনীয় অংশ।

৪-ডি পদ্ধতি: কোন কাজ এখন, কোন কাজ পরে

৪-ডি বা ডু, ডেলিগেট, ডিফার, ডিলিট পদ্ধতিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ, যে কাজটি জরুরি ও গুরুত্বপূর্ণ সেটি এখনই করতে হবে, যে কাজ অন্যকে দিয়ে করানো যায় সে দায়িত্ব কাউকে অর্পণ করতে হবে, যে কাজ পরে করলেও সমস্যা নেই সেটি নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখতে হবে এবং যে কাজ অপ্রয়োজনীয় বা সময় নষ্টকারী সেটি বাদ দিতে হবে।

ধরা যাক, একটি থানায় একই সময়ে কয়েকটি কাজ সামনে এল। একটি গুরুতর মারামারির ঘটনায় তাৎক্ষণিক পুলিশ উপস্থিতি দরকার, একটি মামলার কেস ডায়েরি প্রস্তুত করতে হবে, কয়েকটি রুটিন প্রশাসনিক ফাইল জমে আছে, আর এর মাঝেই হয়তো মোবাইল ফোনে আসছে নোটিফিকেশন অথবা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট।

৪-ডি পদ্ধতিতে গুরুতর মারামারির ঘটনাটি ‘ডু’ বা এখনই করার কাজ। কারণ গুরুতর মারামারির ঘটনায় তাৎক্ষণিক সাড়া দেওয়া জরুরি ও উচ্চ অগ্রাধিকারমূলক দায়িত্ব। কেস ডায়েরি প্রস্তুতের কাজটি ‘ডিফার’ বা পরে করার কাজ হিসেবে নির্দিষ্ট সময়ে রাখা যেতে পারে, কারণ এটি গুরুত্বপূর্ণ হলেও তাৎক্ষণিক মাঠপর্যায়ে সাড়াপ্রদানের মতো জরুরি নয়।

রুটিন প্রশাসনিক ফাইলগুলো ‘ডেলিগেট’ করা যেতে পারে, যদি দায়িত্বপ্রাপ্ত সহকর্মী বা সংশ্লিষ্ট স্টাফ তা এগিয়ে নিতে পারেন। আর অপ্রয়োজনীয় ফোনালাপ, উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়া ব্যবহার বা গুরুত্বহীন আলোচনাকে ‘ডিলিট’ করতে হবে, কারণ এগুলো কাজের মনোযোগ নষ্ট করে, কিন্তু বাস্তবে কোনো গুরুত্ব তৈরি করে না।

সময়কে এভাবে বণ্টন করতে না পারলেই সব কাজ একসঙ্গে মাথায় চাপে এবং শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজও ক্ষতিগ্রস্ত হয়। তবে পুলিশের মতো অনিশ্চিত দায়িত্বপূর্ণ পেশায় এই কৌশলগুলোকে কঠোর নিয়মের বদলে নমনীয় দিকনির্দেশনা হিসেবে ব্যবহার করতে হবে। জরুরি পরিস্থিতিতে পরিকল্পনা বদলাবে, কিন্তু অগ্রাধিকার নির্ধারণের অভ্যাস থাকলে সেই পরিবর্তন সামলানো সহজ হয়।

সময় ব্যবস্থাপনার ব্যবহারিক কৌশল

সময় ব্যবস্থাপনাকে কার্যকর করতে হলে শুধু কাজের অগ্রাধিকার ঠিক করলেই হবে না, সেই অগ্রাধিকারকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করাও জরুরি। পুলিশের মতো অনিশ্চিত ও চাপপূর্ণ পেশায় প্রতিটি দিন পরিকল্পনা অনুযায়ী চলবে-এমন নিশ্চয়তা নেই। তবু দিনের শুরুতে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরি করা, গুরুত্বপূর্ণ কাজের জন্য আলাদা সময় রাখা এবং অপ্রয়োজনীয় ব্যস্ততা কমানোর চেষ্টা সময়ের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে।

এ ক্ষেত্রে টাইম ব্লকিং বা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট সময় আলাদা করে রাখার অভ্যাস বিশেষভাবে সহায়ক হতে পারে। প্রতিবেদন লেখা, নথি পর্যালোচনা, মামলার অগ্রগতি বিশ্লেষণ, দাপ্তরিক যোগাযোগ, শরীরচর্চা, পরিবারকে সময় দেওয়া এবং ব্যক্তিগত বিশ্রামের জন্য আলাদা সময় নির্ধারণ করলে কাজ ও ব্যক্তিগত জীবনের সীমারেখা কিছুটা স্পষ্ট হয়।

বিশেষ করে যেসব কাজ গুরুত্বপূর্ণ কিন্তু তাৎক্ষণিক নয়, সেগুলো যদি ক্যালেন্ডার, ডিজিটাল ডায়েরি বা রিমাইন্ডারের মাধ্যমে আগেই সময় ধরে রাখা যায়, তাহলে হঠাৎ আসা কম গুরুত্বপূর্ণ কাজের চাপে সেগুলো হারিয়ে যায় না।

প্রযুক্তির সঠিক ব্যবহারও সময় ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখতে পারে। ডিজিটাল ডায়েরি, কেস ট্র্যাকিং সিস্টেম, অফিসিয়াল মেসেজিং প্ল্যাটফর্ম বা ক্যালেন্ডার রিমাইন্ডার কাজের গতি ও ধারাবাহিকতা বাড়ায়। তবে প্রযুক্তি যেন সহায়ক হয়, বিভ্রান্তির কারণ না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় যোগাযোগ ও কাজের জন্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, কিন্তু উদ্দেশ্যহীন নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা অপ্রয়োজনীয় অনলাইন ব্যস্ততা নিয়ন্ত্রণে রাখা দরকার।

সবশেষে, সময় ব্যবস্থাপনায় বিশ্রামকে গুরুত্ব দিতে হবে। নিয়মিত বিরতি, পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা এবং ব্যক্তিগত সময় কাজের শক্তি ও মনোযোগ ফিরিয়ে আনে। অনেক সময় ধারণা করা হয়, বিশ্রাম নিলে কাজের চাপ বেড়ে যায়; বাস্তবে বিষয়টি উল্টো। পর্যাপ্ত বিশ্রামই দীর্ঘ সময় ধরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া, চাপের মধ্যে কাজ করা এবং দায়িত্বশীলভাবে পুলিশিং চালিয়ে যাওয়ার সক্ষমতা তৈরি করে।

ওয়ার্ক-লাইফ ব্যালেন্সে প্রতিষ্ঠানের ভূমিকা

ওয়ার্ক-লাইফ ব্যালেন্সকে যদি কেবল ব্যক্তির সময় ব্যবস্থাপনা, মানসিক দৃঢ়তা বা ব্যক্তিগত দক্ষতার ওপর ছেড়ে দেওয়া হয়, তবে তা দীর্ঘমেয়াদে কখনোই টেকসই হয় না। কারণ একজন কর্মী যত সচেতন ও দায়িত্বশীলই হোন না কেন, যদি তাঁর কাজের পরিবেশ, কর্মঘণ্টা এবং দায়িত্ব বণ্টনের কাঠামো ভারসাম্যহীন হয়, তাহলে একার পক্ষে সেই চাপ সামাল দেওয়া সম্ভব নয়।

বাস্তবতা হলো, ওয়ার্ক-লাইফ ব্যালেন্স ব্যক্তির ইচ্ছার চেয়ে অনেক বেশি প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ ও ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল।

পুলিশের মতো দায়িত্বশীল ও চাপপূর্ণ পেশায় বিষয়টি আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এখানে কর্মঘণ্টা, দায়িত্বের পরিমাণ, জরুরি ডিউটির চাপ এবং মানসিক ঝুঁকি-সবকিছুই মূলত প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত দ্বারা নিয়ন্ত্রিত। একাধিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন অতিরিক্ত কাজ ও অব্যাহত মানসিক চাপের মধ্যে থাকলে কর্মীদের মনোযোগ, ধৈর্য এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। এর প্রভাব কেবল ব্যক্তিগত স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং কাজের মান নেমে যায়, ভুলের ঝুঁকি বাড়ে এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের সামগ্রিক বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ, ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের অভাব শেষ পর্যন্ত প্রতিষ্ঠানকেই দুর্বল করে তোলে।

এই বাস্তবতাকে আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৯ সালে বার্নআউটকে একটি কর্মসংক্রান্ত স্বাস্থ্যঝুঁকি হিসেবে চিহ্নিত করে। সংস্থাটির মতে, দীর্ঘ কর্মঘণ্টা, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ থেকেই এই সমস্যা সৃষ্টি হয়। এটা স্পষ্ট করে যে, বার্নআউট বা কর্মজনিত অবসাদ শুধু কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়; বরং এটি একটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সমস্যা।

তাই মানবিক, কার্যকর ও আস্থাভিত্তিক পুলিশিং নিশ্চিত করতে হলে সবার জন্য বাস্তবসম্মত কর্মঘণ্টা, দায়িত্বের ন্যায্য বণ্টন এবং বিশ্রামবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলা অপরিহার্য।

সর্বোপরি, টাইম ম্যানেজমেন্ট ও ওয়ার্ক-লাইফ ব্যালেন্স একটি পেশাগত দক্ষতা, যা না থাকলে দক্ষ কর্মকর্তা-কর্মচারীরাও ধীরে ধীরে ক্লান্ত ও অনুৎপাদনশীল হয়ে পড়েন। একজন ভালো পুলিশ কর্মকর্তা বা সরকারি কর্মচারী মানে কেবল দায়িত্ব পালনকারী কেউ নন; তিনি একজন মানুষ, যাঁর সুস্থতা ও মানসিক স্থিতিই শেষ পর্যন্ত রাষ্ট্রের সেবাকে কার্যকর করে তোলে।

লেখক
অতিরিক্ত পুলিশ সুপার
ঢাকা জেলা।

 

সম্প্রতি

নাগরিক সংযোগ