রাত গভীর হলে শহর কিংবা গ্রাম নিস্তব্ধতায় ঢেকে যায়। কিন্তু এই নিস্তব্ধতার মধ্যেও শহরকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে সজাগ থাকেন কিছু মানুষ। গভীর রাতে শহরের অলিতে-গলিতে তাঁদের উপস্থিতি জাগিয়ে রাখে নির্ভরতা ও নিরাপত্তার অনুভূতি। তাঁরা আর কেউ নন, আমাদের চারপাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। ঈদ কিংবা পূজা অথবা যেকোনো উৎসব কিংবা সাধারণ দিন, তাঁদের কর্তব্যে বিরতির সুযোগ খুব কম। পরিবার, সমাজ ও ব্যক্তিগত আয়োজনের ঊর্ধ্বে উঠে দেশের নিরাপত্তায় তাঁরা নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যান। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, এই পুলিশ সদস্যরা কেমন আছেন? ডিটেকটিভের এই সংখ্যার প্রচ্ছদ আয়োজনে থাকছে: পুলিশিং ক্যারিয়ার হিসেবে কতটা সম্ভাবনাময়, আবার একই সঙ্গে কতটা চ্যালেঞ্জপূর্ণ?
রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার প্রধান দায়িত্ব পালন করে পুলিশ। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ পরিবেশ, সামাজিক স্থিতিশীলতা এবং আইনের শাসন অনেকাংশে নির্ভর করে দক্ষ, মানবিক ও জনগণের আস্থাভাজন পুলিশ বাহিনীর ওপর। তবে আধুনিক পুলিশিং এখন আর শুধু অপরাধ দমন বা আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমান বিশ্বে পুলিশকে একই সঙ্গে অপরাধ প্রতিরোধ, সন্ত্রাসবাদ মোকাবিলা, সাইবার অপরাধ তদন্ত, দুর্যোগ ব্যবস্থাপনা, ভিকটিম সহায়তা, মানবাধিকার রক্ষা এবং জনগণের সঙ্গে আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার মতো বহুমাত্রিক দায়িত্ব পালন করতে হয়। এই পরিবর্তিত বাস্তবতায় একটি বিষয় ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে যে, দক্ষ পুলিশিংয়ের মূল ভিত্তি হলো দক্ষ, প্রশিক্ষিত, সুস্থ, প্রেরণাদীপ্ত ও কল্যাণমূলক মানবসম্পদ। এ কারণেই উন্নত বিশ্বে পুলিশ সংস্কারের কেন্দ্রবিন্দুতে এসেছে কল্যাণমুখী মানবসম্পদ ব্যবস্থাপনা। বৈশ্বিক পুলিশিংয়ের এই পরিবর্তনের প্রভাব বাংলাদেশ পুলিশেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। গত কয়েক দশকে বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মানি লন্ডারিং, সাইবার অপরাধসহ বিভিন্ন জটিল মামলার তদন্তে বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বেড়েছে।
আধুনিক ফরেনসিক ও ডিএনএ পরীক্ষাগার স্থাপন, ডিজিটাল ফরেনসিক সুবিধা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর তদন্তব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে তদন্তের মান উন্নত হয়েছে। একই সঙ্গে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ তদন্তকারী কর্মকর্তা ও প্রযুক্তি-সক্ষম জনবল তৈরি করা হয়েছে। এসব উদ্যোগের ফলে অপরাধ তদন্তে পেশাদারত্ব, নির্ভুলতা এবং জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে। তবে এই অগ্রগতিকে আরও টেকসই ও কার্যকর করতে মানবসম্পদ ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কার এবং কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ এখন সময়ের দাবি। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, অপরাধের নতুন ধরন এবং জনগণের ক্রমবর্ধমান প্রত্যাশা পুলিশ বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাই পুলিশ সদস্যদের দক্ষতা, মানসিক স্বাস্থ্য, পেশাগত উন্নয়ন, কর্মপরিবেশ ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে মানবসম্পদ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, বৈজ্ঞানিক ও কল্যাণভিত্তিক রূপ দেওয়া অপরিহার্য।
কল্যাণমুখী পুলিশিংয়ের মৌলিক দর্শন
কল্যাণমুখী পুলিশিংয়ের মূল ধারণা হলো: পুলিশ সদস্যকে শুধু রাষ্ট্রের কর্মচারী নয়, মূল্যবান মানবসম্পদ হিসেবে দেখা। শারীরিক সুস্থতা, মানসিক স্বাস্থ্য, পারিবারিক স্থিতিশীলতা, পেশাগত উন্নয়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিত হলে একজন পুলিশ সদস্যের কর্মদক্ষতা স্বাভাবিকভাবেই বাড়ে। ক্লান্ত, চাপগ্রস্ত বা পারিবারিক সমস্যায় জর্জরিত সদস্যের কাছ থেকে সর্বোচ্চ মানের সেবা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। বিপরীতে, সুস্থ ও আত্মবিশ্বাসী সদস্য জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে, সঠিক সিদ্ধান্ত নিতে এবং জটিল পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে বেশি সক্ষম হন।তাই আধুনিক রাষ্ট্রে পুলিশ সদস্যদের কল্যাণকে জননিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
কেন পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনা এত জরুরি?
মানবসম্পদ ব্যবস্থাপনা শুধু নিয়োগ, বদলি বা পদোন্নতিই নয়; বরং একজন পুলিশ সদস্যের চাকরিজীবনের শুরু থেকে অবসর-পরবর্তী নিরাপত্তা পর্যন্ত পুরো পেশাগত যাত্রাকে অন্তর্ভুক্ত করে। আধুনিক পুলিশিংয়ের বাস্তবতায় পুলিশকে এখন সাইবার অপরাধ, আর্থিক জালিয়াতি, মানব পাচার, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, অনলাইন উগ্রবাদ, পরিবেশগত অপরাধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপরাধের মতো জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এসব ক্ষেত্রে শুধু সাহস নয়, প্রয়োজন বিশেষায়িত জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, বিশ্লেষণ ক্ষমতা, ধারাবাহিক প্রশিক্ষণ এবং দক্ষতাভিত্তিক দায়িত্ব বণ্টন। যুক্তরাজ্য, জাপান, সিঙ্গাপুর, কানাডা ও অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা থেকে দেখা যায়, পুলিশ সদস্যদের কল্যাণ, মানসিক স্বাস্থ্য, পারিবারিক ভারসাম্য ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করা কার্যকর পুলিশিংয়ের অন্যতম শর্ত।
একইভাবে, বিশ্বব্যাংক মানবসম্পদে বিনিয়োগকে সরকারি প্রতিষ্ঠানের সফলতার ভিত্তি হিসেবে চিহ্নিত করেছে। ইউএনওডিসি পুলিশ সদস্যদের কল্যাণকে সুশাসন ও কার্যকর পুলিশিংয়ের সঙ্গে যুক্ত করেছে। যুক্তরাজ্যের কলেজ অব পুলিশিং দক্ষতাভিত্তিক দায়িত্ব বণ্টনের গুরুত্ব তুলে ধরেছে। সিঙ্গাপুর পুলিশ ফোর্স ধারাবাহিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়েছে। আর জাতিসংঘের উন্নয়ন সহযোগী সংস্থা (ওইসিডি) প্রযুক্তিনির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনাকে প্রশাসনিক স্বচ্ছতা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও নিরপেক্ষ পদায়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে। পুলিশি চাকরির বাহ্যিক দিক থেকে দেখলে যেমন ক্ষমতা, সামাজিক অবস্থান, সম্মান, পদমর্যাদা বা ইউনিফর্মের এক ধরনের আভিজাত্য দৃশ্যমান হয়, ঠিক তেমনি বিপরীত দিকে মানুষের অগোচরে থেকে যায় প্রতিটি পুলিশের দীর্ঘ শ্রম, অনিশ্চিত সময়সূচি, প্রচণ্ড কাজের চাপ, জীবনের ঝুঁকি, পেশাগত শৃঙ্খলা এবং ব্যক্তিজীবনের সঙ্গে নানা আপসের মধ্য দিয়ে গড়ে ওঠা জীবনের লড়াই। তাই এই পেশাকে মূল্যায়ন করতে হলে আংশিক বিষয়ে সীমাবদ্ধ না থেকে সামগ্রিকভাবে দেখতে হবে। মাসুমা পারভিন ও তাঁর সহকর্মীরা ২০২৫ সালের একটি গবেষণায় দেখিয়েছেন, প্রায় ৭৩% পুলিশ সদস্য ইনসোমনিয়া, মানসিক চাপের মতো বিষয়ে ভুগছেন, যার পেছনে রয়েছে কাজের চাপে পরিবার ও কর্মক্ষেত্রের মধ্যে সংকট তৈরি হওয়া, অতিরিক্ত কর্মঘণ্টার মতো বিষয়গুলো।
একজন পুলিশ সদস্য নিয়োগের পর থেকেই প্রশিক্ষণ, স্বাস্থ্য, নিরাপত্তা, পরিবেশ, আর্থিক সচ্ছলতা কিংবা সামাজিক নিরাপত্তার নানামুখী টানাপড়েনের মুখোমুখি হন। এই সবকিছু নিয়েই মূলত একজন পুলিশের ক্যারিয়ার গড়ে ওঠে। পুলিশে মানবসম্পদ ব্যবস্থাপনা শুধু নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরে প্রবেশের আলাদা পথ আছে। তবে নিয়োগের পরই শুরু হয় নানা প্রশ্ন: একজন সদস্য কি তার যোগ্যতা অনুযায়ী ক্রমাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাচ্ছেন? প্রশিক্ষণ কি শুধু প্রাথমিক পর্যায়ে সীমিত? নাকি প্রযুক্তি, সাইবার ঝুঁকি, তদন্তপদ্ধতি, পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক, মানসিক স্বাস্থ্য ও নেতৃত্বের মতো বিষয়ে নিয়মিত শেখার সুযোগ তৈরি হচ্ছে? একজন পুলিশ সদস্যের চাকরিজীবনের প্রথম দিন থেকে অবসর গ্রহণ পর্যন্ত প্রতিটি ধাপই মানবসম্পদ ব্যবস্থাপনার অংশ। বিশ্বজুড়ে এখন একটি নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে-“Right Person, Right Job, Right Time”; অর্থাৎ সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে সঠিক দায়িত্ব দেওয়া।
কারণ, একজন দক্ষ তদন্ত কর্মকর্তাকে যদি দীর্ঘদিন প্রশাসনিক কাজে নিয়োজিত রাখা হয়, অথবা সাইবার অপরাধে প্রশিক্ষিত সদস্যকে সাধারণ দাপ্তরিক কাজে ব্যবহার করা হয়, তাহলে রাষ্ট্র তার প্রকৃত দক্ষতা ও সম্ভাবনা থেকে বঞ্চিত হয়। আধুনিক পুলিশিংয়ে শারীরিক সক্ষমতার পাশাপাশি বিশ্লেষণী দক্ষতা, যোগাযোগক্ষমতা, প্রযুক্তি-জ্ঞান, সহানুভূতিশীল আচরণ এবং চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রয়োজন। যে সদস্য সাইবার অপরাধ, তদন্ত, ট্রাফিক ব্যবস্থাপনা, কমিউনিটি পুলিশিং বা জননিরাপত্তা ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা অর্জন করেন, তাঁর দক্ষতা সঠিক জায়গায় ব্যবহার না হলে সংশ্লিষ্ট সদস্য যেমন নিরুৎসাহিত হন, তেমনি প্রতিষ্ঠানও সেই বিনিয়োগের পূর্ণ ফল পায় না। তরুণদের কাছে পুলিশি চাকরির একটি বড় আকর্ষণ হলো পেশাগত স্থিতিশীলতা। দেশের বেসরকারি চাকরির অনিশ্চয়তার প্রেক্ষাপটে সরকারি চাকরি অনেকের কাছে নিরাপদ পথ। এর সঙ্গে যুক্ত হয় সামাজিক মর্যাদা, দায়িত্বের পরিধি ও জনসেবার সুযোগ। তবে স্থিতিশীলতা মানেই সবসময় সন্তোষ নয়। পদোন্নতির স্বচ্ছতা, ভালো কাজের মূল্যায়ন, দক্ষতার স্বীকৃতি, বদলির যৌক্তিকতা, বিশেষায়িত দক্ষতার ব্যবহার এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা একজন সদস্যের মনোবলকে সরাসরি প্রভাবিত করে।
কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সমন্বয়
পুলিশি পেশার সবচেয়ে কঠিন বাস্তবতার একটি হলো কর্মঘণ্টা। দুর্ঘটনা, অপরাধ, জনসমাবেশ, রাজনৈতিক কর্মসূচি, দুর্যোগ, উৎসব, নির্বাচন, ভিআইপি ডিউটি, আদালত-সংক্রান্ত কাজ, তদন্ত ও রাতের টহল-সব মিলিয়ে সময়সূচি প্রায়ই অনিশ্চিত হয়ে ওঠে। সাধারণ চাকরিতে কর্মদিবস শেষ হলে কর্মী পরিবারে ফিরতে পারেন। কিন্তু একজন পুলিশ সদস্যের ক্ষেত্রে ডিউটি শেষ হলেও ফোন আসতে পারে, জরুরি ডাক পড়তে পারে, অথবা অসমাপ্ত মামলার কাজ অপেক্ষা করতে পারে। এখানেই কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্যের প্রশ্নটি সামনে আসে। কর্মজীবন-ব্যক্তিজীবনের ভারসাম্য মানে পেশাগত দায়িত্ব পালন করেও পরিবার, বিশ্রাম, সামাজিক সম্পর্ক, স্বাস্থ্য ও মানসিক শান্তির জন্য প্রয়োজনীয় সময় পাওয়া। একজন পুলিশ সদস্য তাঁর পেশাগত পরিচয়ের বাইরে কারও বাবা, মা, সন্তান, স্বামী, স্ত্রী, বন্ধু, প্রতিবেশী এবং সমাজের সদস্য। দীর্ঘ কর্মঘণ্টা, অনিশ্চিত ছুটি, দূরবর্তী কর্মস্থল, উৎসবের দিনেও দায়িত্ব এবং আকস্মিক বদলি পারিবারিক জীবনে চাপ তৈরি করে।
সন্তানের স্কুল অনুষ্ঠান, পরিবারের অসুস্থতা, সামাজিক আয়োজন বা ব্যক্তিগত বিশ্রামের মতো বিষয়গুলো অনেক সময় পেশাগত ব্যস্ততার কারণে বাদ পড়ে যায়। স্বল্পমেয়াদে এটি মানিয়ে নেওয়া গেলেও দীর্ঘমেয়াদে মনোবল, আচরণ, স্বাস্থ্য ও কর্মক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। পুলিশি পেশায় কাজের চাপ শুধু কাজের পরিমাণ থেকে তৈরি হয় না। অপরাধস্থল পরিদর্শন, ঝুঁকিপূর্ণ অভিযান, জনতার ক্ষোভ সামলানো, রাজনৈতিক ও সামাজিক প্রত্যাশা, গণমাধ্যমের নজর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, তদন্তের চাপ এবং সীমিত জনবল নিয়ে পরিস্থিতি সামলানো-সব মিলিয়ে চাপের বিভিন্ন স্তর তৈরি করে। চাপ স্বাভাবিক মাত্রায় থাকলে সতর্কতা বাড়াতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরে চাপ জমতে থাকলে ক্লান্তি, বিরক্তি, ঘুমের সমস্যা, ভুল সিদ্ধান্ত, পরিবারের সঙ্গে দূরত্ব এবং আচরণগত পরিবর্তনের কারণ হতে পারে। একই সঙ্গে, পুলিশের কল্যাণ বলতে শুধু সদস্যের বেতন বা চিকিৎসা বোঝালে বিষয়টি অসম্পূর্ণ থাকে। পরিবারের স্থিতি, নিরাপত্তা, মানসিক সহায়তা, আবাসন ও সন্তানের শিক্ষার প্রশ্নও এর সঙ্গে যুক্ত। তবে খেয়াল করা উচিত যে, পুলিশের চাকরি জরুরি জনগুরুত্বপূর্ণ শ্রেণির অন্তর্ভুক্ত এবং পুলিশ অ্যাক্ট, ১৮৬১-এর ২২ ধারা অনুযায়ী পুলিশকে সকল সময় দায়িত্বের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পুলিশে যোগ দেওয়ার আগে যে বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানেও একজন সদস্যকে সেভাবেই প্রস্তুত করা হয়, যেন তিনি তাঁর দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকেন।
পুলিশের আর্থ-সামাজিক নিরাপত্তা: ঝুঁকি মোকাবিলা
আর্থ-সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও পুলিশি চাকরির দুই দিক আছে। একদিকে এটি স্থিতিশীলতা আনে, অন্যদিকে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নানা চাপ তৈরি করে। বেতনের বিষয়টিই শুধু বিবেচ্য নয়; বাসাভাড়া, সন্তানের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, পরিবারের দায়িত্ব, কর্মস্থল পরিবর্তন, শহর ও মফস্বলের ব্যয়ের পার্থক্য-সব মিলিয়ে একজন সদস্যের জীবনযাত্রার মান নির্ধারিত হয়। যারা ব্যারাকে থাকেন, তাঁদের প্রয়োজন এক ধরনের; যারা পরিবারসহ থাকেন, তাঁদের প্রয়োজন আলাদা। ব্যারাকের পরিবেশ, পারিবারিক আবাসন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাসস্থান এবং কর্মস্থলের কাছাকাছি থাকার সুযোগ সরাসরি কর্মদক্ষতার সঙ্গে যুক্ত। এক্ষেত্রে ডিউটিরত পুলিশ সদস্যদের ব্যারাক কিংবা বাসস্থানের পরিবেশ এবং পরিবারের থেকে দূরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কথাও বিশেষভাবে ভাবতে হবে। মানবসম্পদ ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে বিষয়টি মাসলোর চাহিদা-সোপান তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা যেতে পারে। এই তত্ত্ব অনুযায়ী মানুষের চাহিদা পাঁচটি স্তরে বিন্যস্ত-শারীরবৃত্তীয় চাহিদা, নিরাপত্তার চাহিদা, সামাজিক সম্পর্ক বা অন্তর্ভুক্তির চাহিদা, মর্যাদা ও স্বীকৃতির চাহিদা এবং আত্ম-উন্নয়ন বা আত্ম-প্রতিষ্ঠার চাহিদা।
মাসলোর মতে, সোপানের নিচের দিকের চাহিদাগুলো তুলনামূলকভাবে পূরণ হলে মানুষ ধীরে ধীরে উচ্চতর স্তরের চাহিদার দিকে অগ্রসর হয় এবং তার প্রেরণা ও কর্মদক্ষতাও বৃদ্ধি পায়। একজন পুলিশ সদস্যের ক্ষেত্রেও এই তত্ত্ব প্রযোজ্য। পর্যাপ্ত খাবার, বিশ্রাম, স্বাস্থ্যসেবা ও বাসস্থানের মতো মৌলিক প্রয়োজন পূরণ না হলে তাঁর শারীরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। চাকরির নিরাপত্তা, চিকিৎসা সুবিধা, আবাসন, পরিবারের সুরক্ষা ও অবসরোত্তর নিশ্চয়তা না থাকলে মানসিক স্থিরতা দুর্বল হয়। আবার সহকর্মীদের সহযোগিতা, দলের সঙ্গে সম্পৃক্ততা এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ সামাজিক চাহিদা পূরণে সহায়তা করে। অন্যদিকে, পদোন্নতি, পুরস্কার, প্রশংসা ও প্রতিষ্ঠানের স্বীকৃতি একজন সদস্যের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সর্বোচ্চ স্তরে, প্রশিক্ষণ, নেতৃত্বের সুযোগ, বিশেষায়িত দক্ষতা অর্জন এবং পেশাগত বিকাশের সুযোগ একজন সদস্যকে নিজের সর্বোচ্চ সম্ভাবনা কাজে লাগাতে উৎসাহিত করে। এই প্রতিটি স্তরই উৎপাদনশীলতা ও কর্মদক্ষতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। মৌলিক ও নিরাপত্তাজনিত চাহিদা পূরণ হলে সদস্যরা উদ্বেগমুক্ত হয়ে কাজে মনোযোগ দিতে পারেন; সামাজিক ও মর্যাদাগত চাহিদা পূরণ হলে তাঁদের মনোবল, দায়িত্ববোধ ও প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার বৃদ্ধি পায়। আর আত্ম-উন্নয়নের সুযোগ পেলে তাঁরা আরও উদ্ভাবনী, দক্ষ ও কর্মপ্রাণ হয়ে ওঠেন। ফলে কল্যাণব্যবস্থা শুধু সদস্যদের সন্তুষ্টিই বাড়ায় না, বরং সামগ্রিকভাবে পুলিশের কর্মক্ষমতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই তত্ত্বের পক্ষে গবেষণালব্ধ তথ্য থেকেও বেশ কিছু ক্ষেত্রে সমর্থন পাওয়া যায়। লুইস টে এবং এড ডিনার ২০১১ সালে ১২৩টি দেশের তথ্য বিশ্লেষণ করে মানুষের চাহিদা পূরণ এবং ব্যক্তিগত কল্যাণবোধের মধ্যে সম্পর্ক পরীক্ষা করেন। তাঁদের গবেষণায় দেখা যায়, মানুষের মৌলিক, নিরাপত্তা, সামাজিক, মর্যাদা ও আত্ম-উন্নয়নসংক্রান্ত চাহিদা বিভিন্ন সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং চাহিদাগুলোর কিছু সার্বজনীনতা রয়েছে। তবে গবেষণাটি এটিও দেখায় যে, চাহিদা পূরণের একটি কঠোর ধারাবাহিক ক্রম সবসময় সন্তুষ্টি নির্ধারণ করে না। অর্থাৎ, মানুষের বিভিন্ন স্তরের চাহিদা একই সঙ্গে গুরুত্বপূর্ণ হতে পারে। পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রেও এই ধারণাটি প্রাসঙ্গিক, কারণ একজন সদস্যের বেতন, আবাসন, চিকিৎসা, পারিবারিক স্থিতি, সামাজিক মর্যাদা, স্বীকৃতি ও পেশাগত বিকাশ-সবকিছু মিলেই তাঁর সন্তুষ্টি, মনোবল ও কর্মদক্ষতাকে প্রভাবিত করে। এ কারণে পুলিশের আর্থ-সামাজিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বেতন বা প্রচলিত কল্যাণ সুবিধার পাশাপাশি প্রয়োজন আরও সমন্বিত মানবসম্পদ পরিকল্পনা। এর মধ্যে পুলিশের মাঠপর্যায়ের সদস্যদের জন্য ব্যারাক ও মেসের পরিবেশ উন্নয়ন, পরিবারসহ আবাসন সুবিধা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা সহায়তার পরিধি সম্প্রসারণ, সন্তানের শিক্ষা সহায়তা, আর্থিক পরিকল্পনা ও সঞ্চয় বিষয়ে প্রশিক্ষণ, দায়িত্বের চাপ অনুযায়ী ডিউটি ব্যবস্থাপনা এবং অবসর-পূর্ব প্রস্তুতিমূলক কাউন্সেলিং অন্তর্ভুক্ত হতে পারে। বিশেষ করে একজন সদস্যের কর্মঘণ্টা, অতিরিক্ত দায়িত্ব, বদলি, পারিবারিক অবস্থা ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে নিয়মিত তথ্যভিত্তিক মূল্যায়ন করা গেলে মানবসম্পদ বিভাগ আরও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারবে। এতে সদস্যের ব্যক্তিগত নিরাপত্তা ও পারিবারিক স্থিতি যেমন শক্তিশালী হবে, তেমনি প্রতিষ্ঠানের প্রতি তাঁর আস্থা, মনোবল ও কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে।
পুলিশের মনস্তাত্ত্বিক ঝুঁকি মোকাবিলা
আমাদের দেশের বাস্তবতায় মানসিক স্বাস্থ্যকে তেমন গুরুত্ব দেওয়া হয় না, বিশেষ করে পুলিশের পেশায় থাকা সদস্যদের ক্ষেত্রে। যারা দেশের আইন প্রয়োগকারী সংস্থার হয়ে কাজ করেন, তাঁদের জন্য নিজেদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে খোলাখুলি কথা বলা অনেক ক্ষেত্রেই সামাজিকভাবে গ্রহণযোগ্য হিসেবে দেখা হয় না। বিভিন্ন গবেষণায় দেখা যায়, পুলিশের কাজ অন্যান্য পেশার তুলনায় অনেক বেশি চাপপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এই পেশার সঙ্গে সম্পর্কিত থাকে দীর্ঘ কর্মঘণ্টা, পর্যাপ্ত জনবলের অভাব, প্রশাসনিক চাপ এবং জনগণের সঙ্গে সরাসরি কাজ করার কারণে পুলিশ রাষ্ট্রের সবচেয়ে দৃশ্যমান একটি প্রতিষ্ঠান। আর তাই পুলিশের কাজের সামান্য ভুলও মানুষের চোখে পড়ে এবং সমালোচনার মুখে পড়ে। এছাড়াও তদন্তকারী কর্মকর্তা মামলার চাপ বহন করেন, ট্রাফিক সদস্য প্রতিদিন সড়কের ঝুঁকি সামলান, থানার সদস্য দীর্ঘ সময় অভিযোগ, বিরোধ ও সংকটের মুখোমুখি থাকেন। প্রত্যেক স্তরে চাপের ধরন ও তা সামলানোর ধরন আলাদা। ও’নেট নামক একটি সংস্থার গবেষণা থেকে দেখা গেছে যে, পুলিশি পেশায় নিয়োজিত সদস্যদের চাপ, সমালোচনা, ঝুঁকি ও কঠিন পরিস্থিতির মধ্যেও শান্ত থেকে কাজ করার ক্ষমতা থাকা অন্য যেকোনো পেশার তুলনায় বেশি জরুরি।
পেশাগত এই চাপ পুলিশ সদস্যদের অজান্তেই তাঁদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলে। পুলিশ সদস্যদের মধ্যে মানসিক স্বাস্থ্যের বিষয়ে উদাসীনতার বিষয়টি লক্ষ করা যায় এবং মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ার লক্ষণ বা এর চিকিৎসা বিষয়েও সমাজের অন্যান্য অংশের মানুষের মতোই তাঁদের সচেতনতার অভাব লক্ষ করা যায়। চিকিৎসা সুবিধা শুধু আহত হলে চিকিৎসা পাওয়ার বিষয় নয়; বরং পুলিশের মতো উচ্চচাপের পেশায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, পরিবারসহ চিকিৎসা সহায়তা এবং কর্মক্ষেত্রভিত্তিক স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করা দরকার। দীর্ঘদিন রাতের ডিউটি, অনিয়মিত খাবার, ঘুমের ঘাটতি ও চাপ শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও ধীরে ধীরে প্রভাব ফেলতে পারে।
বার্নআউট এই আলোচনার জরুরি একটি ধারণা। দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাপ, বিশ্রামের ঘাটতি এবং মানসিক ক্লান্তির ফলে মানুষ ভেতর থেকে অবসন্ন হয়ে পড়ে। তখন কাজের প্রতি আগ্রহ কমতে পারে, বিরক্তি বাড়তে পারে, সহানুভূতি কমে যেতে পারে, ভুল সিদ্ধান্তের ঝুঁকি তৈরি হতে পারে। এটি কাজের চাপ, বিশ্রামের অভাব, সহায়তার ঘাটতি এবং ব্যবস্থাপনার সীমাবদ্ধতার সম্মিলিত ফল হতে পারে। তাই বার্নআউটকে ব্যক্তির দুর্বলতা হিসেবে দেখলে সমস্যা চাপা পড়ে যায়; প্রাতিষ্ঠানিকভাবে বুঝলে সমাধানের পথ তৈরি হয়। তাই পুলিশের ক্ষেত্রে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি নিয়েও সংবেদনশীলভাবে ভাবা দরকার। ঝুঁকিপূর্ণ অভিযান, গুরুতর দুর্ঘটনা বা সহিংস পরিস্থিতির মতো অভিজ্ঞতা কারও মনে দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলতে পারে। ঘুমের সমস্যা, অস্থিরতা, মনোযোগের ঘাটতি বা আবেগ নিয়ন্ত্রণের অসুবিধা দেখা দিতে পারে।
বাংলাদেশ পুলিশের কল্যাণব্যবস্থাকে তাই আরও বিস্তৃতভাবে ভাবা দরকার। কল্যাণ মানে মানবিক কর্মপরিবেশ, দায়িত্বের বাস্তবসম্মত বণ্টন, বেতন-ভাতা ও আর্থিক সুবিধার বাস্তবসম্মত পর্যালোচনা, পরিকল্পিত ছুটি, বিশ্রামের সুযোগ, মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, সহকর্মী সহায়তা, পরিবারভিত্তিক সাপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, আবাসন, সন্তানদের শিক্ষা সহায়তা এবং অবসরোত্তর প্রস্তুতি। যেমন, প্রতিটি পুলিশ সদস্যের কাজের সময়ের ডিজিটাল সেন্ট্রালাইজড লগবুক থাকা, যাতে অতিরিক্ত কর্মঘণ্টার ক্ষেত্রে তাঁদের অর্থনৈতিক প্রণোদনা দেওয়া যায় কিংবা তাঁদের সময়ের ভিত্তিতে সুষম ডিউটি বণ্টন করা যায়। এ ছাড়া পুলিশের চাকরির বিষয়ে বাহিনীর সদস্যদের চাকরি-সংক্রান্ত সন্তুষ্টি ও বিভিন্ন সমস্যা নিয়ে অভ্যন্তরীণ গবেষণা করা যেতে পারে। যার ওপর ভিত্তি করে পুলিশের মানবসম্পদ বিভাগ ব্যবস্থা নিতে পারবে। একজন পুলিশ সদস্য যদি দেখেন, প্রতিষ্ঠান তাঁর কাজের পাশাপাশি তাঁর স্বাস্থ্য, পরিবার ও ভবিষ্যৎ নিয়েও ভাবছে, তাহলে তাঁর পেশাগত আস্থা ও দায়িত্ববোধ শক্তিশালী হয়।
পুলিশের অভ্যন্তরীণ কর্মপরিবেশ ও সাংগঠনিক সংস্কৃতি
তবে মানবসম্পদ ব্যবস্থাপনার আলোচনায় আরেকটি বড় বিষয় হলো প্রতিষ্ঠানের ভেতরের সংস্কৃতি। একজন পুলিশ সদস্য শুধু কাজের চাপ বা ঝুঁকির মধ্যে থাকেন না; তিনি একটি শৃঙ্খলাবদ্ধ কাঠামোর ভেতরে কাজ করেন। সেখানে আদেশ, দায়িত্ব, পদক্রম, সিনিয়র-জুনিয়র সম্পর্ক, পারস্পরিক আচরণ, নেতৃত্বের ধরন এবং যোগাযোগের সংস্কৃতি তাঁর পেশাগত জীবনকে প্রতিদিন প্রভাবিত করে। পুলিশি পেশায় কমান্ড কাঠামো অপরিহার্য। জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত, সমন্বিত পদক্ষেপ এবং স্পষ্ট দায়িত্ব বণ্টন ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা যায় না। তবে শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে মানবিক আচরণের কোনো বিরোধ থাকা উচিত নয়। একজন জুনিয়র সদস্য যদি কাজ শেখার সুযোগ, ভুল সংশোধনের পরিবেশ, ন্যায্য প্রতিক্রিয়া এবং সম্মানজনক আচরণ পান, তাহলে তাঁর পেশাগত আত্মবিশ্বাস বাড়ে।
বিপরীতে, ভয়ের সংস্কৃতি, অপ্রয়োজনীয় কঠোরতা বা যোগাযোগের ঘাটতি কর্মপরিবেশকে দুর্বল করে। আধুনিক নেতৃত্বের ধারণায় অধীনস্থকে শুধু নিয়ন্ত্রণ করা নয়, তাকে সক্ষম করে তোলাও নেতৃত্বের কাজ। রালফ নেডারের ভাষায়, “নেতৃত্বের কাজ বেশি অনুসারী তৈরি করা নয়; নেতৃত্বের কাজ হলো আরও নেতৃত্ব তৈরি করা।” তবে, এক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের সাংগঠনিক সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংগঠনিক সংস্কৃতি বলতে বোঝায়, একটি প্রতিষ্ঠানের ভেতরে মানুষ কীভাবে কথা বলে, কীভাবে সিদ্ধান্ত নেয়, ভুলকে কীভাবে দেখে,অধীনস্থকে কীভাবে শেখায়, সহকর্মীর প্রতি কতটা সম্মান দেখায় এবং চাপের সময় কীভাবে আচরণ করে। পুলিশে এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এখানে ব্যক্তির আচরণই অনেক সময় প্রতিষ্ঠানের মুখ হয়ে ওঠে। থানায় অভিযোগ গ্রহণ, তদন্ত, টহল, অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাবেশ, দুর্যোগ, নির্বাচন বা বিশেষ নিরাপত্তা দায়িত্ব কিংবা সাংবাদিক সম্মেলনে পুলিশের বক্তব্য-সব জায়গায় নাগরিক শেষ পর্যন্ত পুলিশের আচরণ দিয়েই প্রতিষ্ঠানকে বিচার করেন।
বিশ্বের বিভিন্ন দেশের পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনা মডেল
আন্তর্জাতিক অভিজ্ঞতা আমাদের জন্য শিক্ষা হতে পারে, তবে কোনো মডেল সরাসরি অনুকরণ করাই সমাধান নয়। কারণ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক বা নরওয়ের পুলিশ ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের বাস্তবতা এক নয়। জনসংখ্যার চাপ, অপরাধের ধরন, রাজনৈতিক ও সামাজিক প্রত্যাশা, অর্থনৈতিক সামর্থ্য, অবকাঠামো, আদালত ও কারাগার ব্যবস্থার সঙ্গে সংযোগ-সব দিক থেকেই পার্থক্য আছে। তবু কর্মঘণ্টা ব্যবস্থাপনা, শিফট পরিকল্পনা, মানসিক স্বাস্থ্য সহায়তা, পিয়ার সাপোর্ট, কমিউনিটি-ভিত্তিক পুলিশিং, বিশেষায়িত প্রশিক্ষণ এবং নেতৃত্ব উন্নয়নের ক্ষেত্রে অনেক দেশের অভিজ্ঞতা প্রাসঙ্গিক।
শেষ পর্যন্ত পুলিশি পেশার মূল্যায়ন শুধু বাহিনীর শৃঙ্খলা দিয়ে করা যাবে না, আবার শুধু সদস্যের কষ্টের বর্ণনা দিয়েও করা যাবে না। এটি একই সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব, জনসেবা, ঝুঁকিপূর্ণ শ্রম, পেশাগত পরিচয় এবং মানবিক জীবনের প্রশ্ন।
নরওয়ের পুলিশ ব্যবস্থায় বৈচিত্র্য, সংলাপ ও আস্থাকে পুলিশি সক্ষমতার অংশ হিসেবে দেখা হয়েছে। তাদের ২০২২-২০২৫ মেয়াদের ডাইভার্সিটি, ডায়ালগ অ্যান্ড ট্রাস্ট অ্যাকশন প্ল্যান-এ কর্মপরিবেশ, অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি, মত প্রকাশের পরিবেশ, পারস্পরিক সম্মান এবং কর্মপরিবেশ জরিপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই পরিকল্পনায় নারী সদস্যদের অপারেশনাল পদে ধরে রাখা ও নেতৃত্ব বিকাশের কথাও রয়েছে। সেখানে অপারেশনাল পদে নারী সদস্যের অনুপাত প্রায় ২৫ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের নারী পুলিশ, বিশেষায়িত ইউনিট, পরিবারবান্ধব পোস্টিং এবং নেতৃত্ব বিকাশের আলোচনায় এই অভিজ্ঞতা প্রাসঙ্গিক। যুক্তরাজ্যে কর্মঘণ্টা ও বিশ্রামের প্রশ্ন তুলনামূলকভাবে বেশি কাঠামোবদ্ধ। মেট্রোপলিটন পুলিশের ওয়ার্কিং টাইম রেগুলেশনস পলিসি–তে গড় সাপ্তাহিক কর্মঘণ্টার ৪৮ ঘণ্টা সীমা, ২৪ ঘণ্টায় ১১ ঘণ্টা বিশ্রামের অধিকার এবং স্বাভাবিক বিশ্রাম না দেওয়া গেলে সমপরিমাণ কমপেনসেটরি রেস্ট দেওয়ার কথা আছে। এ ছাড়া পুলিশ সদস্যদের ওয়েলবিইংকে জাতীয় পর্যায়ে আলোচনায় আনা হয়। কলেজ অব পুলিশিং এবং ন্যাশনাল পুলিশ ওয়েলবিইং সার্ভিস পুলিশ কর্মকর্তা ও স্টাফদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য, প্রশিক্ষণ, সহায়তা ও ব্যবহারিক টুলকিটের মাধ্যমে সহায়তা করে। যুক্তরাষ্ট্রে অফিসার ওয়েলনেস নিয়ে ল’ এনফোর্সমেন্ট মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যাক্ট (LEMHWA) প্রোগ্রামও প্রাসঙ্গিক উদাহরণ। এই কর্মসূচিতে আইন প্রয়োগকারী সদস্য ও তাঁদের পরিবারের জন্য পিয়ার সাপোর্ট, ট্রেনিং, ফ্যামিলি রিসোর্সেস, স্ট্রেস রিডাকশন এবং ক্লিনিক্যাল সাপোর্টের মতো সহায়তার কথা বলা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার সাপোর্ট, পরিবারভিত্তিক সহায়তা ও মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাতিষ্ঠানিক করার ধারণাটি যুক্তরাষ্ট্রের উদাহরণ থেকে বিবেচনাযোগ্য। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমনীতি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও-এর ডিসেন্ট ওয়ার্ক ধারণায় কাজকে শুধু আয়ের উৎস হিসেবে না দেখে কাজের সঙ্গে অধিকার, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও সংলাপের সম্পর্ককেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। আইএলও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশকে মৌলিক কর্ম-অধিকার হিসেবেও স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এ নিয়োগ, মজুরি, কর্মক্ষেত্রের স্বাস্থ্য, নিরাপত্তা, কল্যাণ ও কাজের পরিবেশের বিষয়গুলো কাঠামোবদ্ধভাবে আলোচিত হয়েছে। তবে পুলিশি পেশা সাধারণ শ্রমবাজারের মতো নয়; এটি জরুরি সেবা, রাষ্ট্রীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও আইনি ক্ষমতার সঙ্গে যুক্ত। তাই শ্রম আইনের সাধারণ কর্মঘণ্টা বা ছুটির ধারণা সরাসরি পুলিশে প্রয়োগ করা সবসময় বাস্তবসম্মত নয়। কিন্তু কর্মীর স্বাস্থ্য, বিশ্রাম, নিরাপত্তা, মর্যাদা ও পরিবারজীবনের মানবিক মূল্যবোধ পুলিশি পেশাতেও সমান জরুরি।
বাংলাদেশ পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনার সুপারিশ
জনসংখ্যাভিত্তিক পুলিশ কাঠামো
থানার জনবল শুধু প্রশাসনিক সীমানার ভিত্তিতে নয়; জনসংখ্যা, অপরাধের হার, অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্পাঞ্চল, সীমান্ত এলাকা, পর্যটন ও নগরায়ণের মাত্রা বিবেচনায় নির্ধারণ করা প্রয়োজন। এতে কর্মভার সুষম হবে, জনগণ দ্রুত সেবা পাবে, তদন্তের মান উন্নত হবে এবং সদস্যদের ওপর চাপ কমবে।
বিশেষায়িত দায়িত্ব বণ্টন
আধুনিক অপরাধ মোকাবিলায় প্রতিটি বড় থানায় ধাপে ধাপে তদন্ত, আইনশৃঙ্খলা, কমিউনিটি পুলিশিং, সাইবার সহায়তা, নারী ও শিশু সহায়তা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, ট্রাফিক ও প্রশাসন ইউনিট গঠন করা যেতে পারে। এতে সদস্যদের দক্ষতা বাড়বে এবং সেবার মান উন্নত হবে।
ধারাবাহিক প্রশিক্ষণ
পুলিশ সদস্যদের চাকরিজীবনজুড়ে ডিজিটাল তদন্ত, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, আর্থিক অপরাধ তদন্ত, ফরেনসিক বিজ্ঞান, মানবাধিকার, সংঘাত ব্যবস্থাপনা, গণমাধ্যম ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন ও মানসিক চাপ মোকাবিলা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণের ফলাফলও নিয়মিত মূল্যায়ন করা জরুরি।
“কেউ পুলিশ পেশা বেছে নিতে বাধ্য নয়; কিন্তু একবার বেছে নিলে, সেই পেশার মানদণ্ড রক্ষা করা তার দায়িত্ব।”
—ক্যালভিন কুলিজ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট
মানসিক স্বাস্থ্য সহায়তা
দীর্ঘ কর্মঘণ্টা, ঝুঁকিপূর্ণ দায়িত্ব, পারিবারিক বিচ্ছিন্নতা ও সামাজিক প্রত্যাশার কারণে পুলিশ সদস্যরা উচ্চমাত্রার মানসিক চাপে থাকেন। তাই জেলা ও রেঞ্জ পর্যায়ে মনোবিজ্ঞানী, কাউন্সেলর ও মানসিক স্বাস্থ্য সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা প্রয়োজন।
নেতৃত্ব উন্নয়ন
সততা, নৈতিকতা, মানবিকতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ দক্ষতা, দল পরিচালনা, উদ্ভাবনী চিন্তা ও জবাবদিহিতার মানসিকতা গড়ে তুলতে পরিকল্পিত নেতৃত্ব প্রশিক্ষণ, মেন্টরিং ও ধারাবাহিক মূল্যায়ন চালু করা উচিত।
কল্যাণ ও উৎপাদনশীলতা
উন্নত আবাসন, স্বাস্থ্যসেবা, সন্তানের শিক্ষা,পর্যাপ্ত বিশ্রাম, ন্যায্য ছুটি, আধুনিক ব্যারাক, নিরাপদ কর্মপরিবেশ ও স্বচ্ছ পদোন্নতি ব্যবস্থা নিশ্চিত করা গেলে সদস্যদের আত্মবিশ্বাস বাড়বে এবং তা জনগণের সেবার মানে ইতিবাচক প্রভাব ফেলবে।
নীতিগত সংস্কার
জনসংখ্যাভিত্তিক জনবল পুনর্নির্ধারণ, বিশেষায়িত ইউনিট গঠন, দক্ষতাভিত্তিক দায়িত্ব বণ্টন, বাধ্যতামূলক পেশাগত প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্যসেবা, স্বচ্ছ কর্মদক্ষতা মূল্যায়ন, আধুনিক আবাসন ও স্বাস্থ্যসেবা, নেতৃত্ব উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু করা প্রয়োজন।
আইন ও প্রশাসনিক সংস্কার
নিয়োগ, পদায়ন, পদোন্নতি, বিশেষায়িত ক্যারিয়ার ট্র্যাক, কর্মদক্ষতা মূল্যায়ন, মানসিক স্বাস্থ্যসেবা ও কল্যাণ সুবিধা বিষয়ে নীতিমালা আরও সুস্পষ্ট ও আধুনিক করা প্রয়োজন। পুলিশ সদর দপ্তরে একটি শক্তিশালী স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট উইং গঠন করা যেতে পারে।
প্রযুক্তিনির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনা
কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স ও ডিজিটাল ড্যাশবোর্ড ব্যবহার করে সদস্যদের দক্ষতা, প্রশিক্ষণ, কর্মদক্ষতা, পদোন্নতি ও নেতৃত্বের সম্ভাবনা মূল্যায়ন করা যেতে পারে। এতে পদায়ন দক্ষতাভিত্তিক হবে, পদোন্নতি স্বচ্ছ হবে এবং জনবল সংকট দ্রুত চিহ্নিত করা যাবে।
কাজের সুষম বণ্টন ও সমন্বিত পরিকল্পনা
ইউনিটগুলোতে কাজের পরিমাণ, প্রয়োজনীয় ও বর্তমান জনবল, অতিরিক্ত দায়িত্বের পরিমাণ, রাতের ডিউটি এবং কতজন সদস্য ধারাবাহিকভাবে অতিরিক্ত চাপের মধ্যে কাজ করছেন-এসব নিয়মিতভাবে নথিভুক্ত ও বিশ্লেষণ করা উচিত। এ ধরনের তথ্য অভ্যন্তরীণ ব্যবস্থাপনার পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের কাছে সদস্যদের বাস্তব অসুবিধা, জনবল সংকট, অতিরিক্ত কর্মঘণ্টা, আবাসন সমস্যা,চিকিৎসা ও কল্যাণ-চাহিদা তথ্যভিত্তিক ও সংখ্যাগত প্রমাণসহ উপস্থাপনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বতন্ত্র মানবসম্পদ ইউনিট গঠন
স্বল্পমেয়াদে জাতীয় মানবসম্পদ জরিপ, মধ্যমেয়াদে বড় থানা ও মহানগরে বিশেষায়িত ইউনিট গঠন এবং দীর্ঘমেয়াদে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন। এতে জনবল, দক্ষতা, প্রশিক্ষণ, পদায়ন, স্বাস্থ্য ও পেশাগত উন্নয়ন পরিকল্পিতভাবে পরিচালনা করা যাবে। শেষ পর্যন্ত পুলিশি পেশার মূল্যায়ন শুধু বাহিনীর শৃঙ্খলা দিয়ে করা যাবে না, আবার শুধু সদস্যের কষ্টের বর্ণনা দিয়েও করা যাবে না। এটি একই সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব জনসেবা, ঝুঁকিপূর্ণ শ্রম, পেশাগত পরিচয় এবং মানবিক জীবনের প্রশ্ন। একটি টেকসই পুলিশ ব্যবস্থা চাইলে প্রযুক্তি, যানবাহন, ভবন ও আইনগত ক্ষমতার পাশাপাশি মানুষের দিকে তাকাতে হবে।
কারণ ইউনিফর্মের ভেতরে যে মানুষটি দাঁড়িয়ে আছেন, তাঁর মনোবল, দক্ষতা, স্বাস্থ্য ও মর্যাদাই শেষ পর্যন্ত নাগরিক সেবার মান নির্ধারণ করে। বাংলাদেশ পুলিশের শক্তিশালী ভবিষ্যৎ নিহিত রয়েছে আরও মানবিক, পেশাদার, জবাবদিহিমূলক ও অভিযোজনক্ষম প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার মধ্যেই। শৃঙ্খলা ও কমান্ড থাকবে ভয়ের বদলে সম্মান ও আস্থার ওপর দাঁড়ানো। কাজের চাপের সঙ্গে বিশ্রাম ও সহায়তার বাস্তব ব্যবস্থা থাকবে। জনসেবার প্রেরণার পাশাপাশি সেই প্রেরণাকে টিকিয়ে রাখার মতো কর্মপরিবেশও থাকবে। তখনই পুলিশিং শুধু চাকরি বা ক্ষমতা প্রদর্শনীর মাধ্যম না হয়ে সত্যিকার অর্থে একটি মর্যাদাপূর্ণ, টেকসই ও মানবিক ক্যারিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
লেখক
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার,
সিআইডি, ঢাকা

