প্রথমবারের মতো জাতীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল। ৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার চূড়ান্ত ম্যাচে তারা বাংলাদেশ আনসারকে ৩–০ সেটে হারিয়ে এই গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় মোট আটটি নারী ভলিবল দল অংশগ্রহণ করেছিল।
সাফল্যের আনন্দে বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দলের কর্মকর্তা, খেলোয়াড় ও কোচ সেদিন সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বাহারুল আলম, বিপিএম-এর সঙ্গে সাক্ষাৎ করেন। আইজিপি দলকে অভিনন্দন জানিয়ে বলেন, নিয়মিত চর্চা ও অনুশীলনের মাধ্যমেই এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি আবু নাছের মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এবং এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন।
এই জয় শুধু একটি ক্রীড়া সাফল্য নয়, বরং বাংলাদেশ পুলিশ নারী সদস্যদের অধ্যবসায়, শৃঙ্খলা ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।

