‘‘পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন’’ বাংলাদেশ পুলিশের প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি পুলিশের প্রতিটি সদস্যের কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ ও পেশাদারিত্বের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ। এ মাহেন্দ্রক্ষণে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে এবং তাঁদের পরিবারবর্গকে জানাই অভিনন্দন। একই সাথে দেশবাসীকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, যাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য ও কর্তব্য।
বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে ইতিহাসের গৌরবময় অধ্যায়ের জন্ম দিয়েছে। শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি—এ আদর্শে উজ্জীবিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও উগ্রবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ, জুয়া, অনলাইন ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রতিনিয়ত দক্ষতা ও সক্ষমতার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ পুলিশের নিরবচ্ছিন্ন পেশাদারিত্ব, সাহস এবং নিষ্ঠার প্রতি আমরা স্বীকৃতি জানাই।
বর্তমান সরকার একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর। পুলিশ সদস্যদের কল্যাণ এবং কর্মপরিবেশ উন্নয়নে সরকার ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের নিকট সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে; ভুক্তভোগীকে তার প্রাপ্য আইনি সেবা পেতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে; কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়—সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থনে নির্বাচিত সরকারের ভিশন “সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নে এবং জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। নতুন বাংলাদেশে সকল নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য অর্জনে বাংলাদেশ পুলিশকে হতে হবে জনগণের আস্থা ও ভরসাস্থল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গড়ার নবচেতনাকে ধারণ করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
আমি বাংলাদেশ পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
