আফ্রিকায় সাইবার অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। মহাদেশটির দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্র জানিয়েছে, তাদের দেশে সব ধরনের অপরাধের মধ্যে যে অপরাধগুলো বেড়ে চলেছে, তার বড় অংশই সাইবার অপরাধ। পশ্চিম ও পূর্ব আফ্রিকায় এ হার ৩০ শতাংশের বেশি। ইন্টারপোলের ‘২০২৫ আফ্রিকা সাইবার থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’-এ এমন তথ্য উঠে এসেছে। ইন্টারপোলের জরিপ প্রতিবেদনে সবচেয়ে বেশি যেসব অপরাধের রিপোর্ট পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে অনলাইন প্রতারণা, র্যানসমওয়্যার, বিজনেস ইমেইল কম্প্রোমাইজেশন ও ডিজিটাল যৌন হয়রানি। ট্রেন্ড মাইক্রোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে র্যানসমওয়্যার শনাক্তের শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা (১৭ হাজার ৮৪৯টি ঘটনা) ও মিসর (১২ হাজার ২৮১টি)। এসব হামলার মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সরকারি ডেটাবেজে অনুপ্রবেশের মতো ঘটনাও ছিল। বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মধ্যে একটি উদ্বেগজনক অপরাধ হলো সেক্সটরশন, যেখানে নারীদের যৌন হয়রানি করা হয় অথবা সংবেদনশীল ও গোপন ছবি, ভিডিও ও তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া হয়। প্রতিবেদনে আফ্রিকার ৬০ শতাংশ দেশ ডিজিটাল সেক্সটরশন বেড়ে যাওয়ার কথা জানিয়েছে। এই ব্ল্যাকমেইলিংয়ের ক্ষেত্রে অনেক সময় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় স্পর্শকাতর ছবি ও ভিডিও তৈরি করা হয়।

