বুধবার, এপ্রিল ৮, ২০২৬
29 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমপ্রবন্ধইন্টারপোল: অপরাধ দমনে ঐক্যবদ্ধ বৈশ্বিক প্রচেষ্টা

ইন্টারপোল: অপরাধ দমনে ঐক্যবদ্ধ বৈশ্বিক প্রচেষ্টা

আলী হায়দার চৌধুরী, বিপিএম
,

অপরাধ দমন ও অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসা পুলিশের প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমান তথ্যপ্রযুক্তি এবং বিশ্বায়নের যুগে অপরাধের ধরন বদলেছে। অনেক অপরাধী অপরাধ করে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছে, আবার কেউ কেউ ভিন্ন দেশে বসেই দেশের অভ্যন্তরে অপরাধের নেটওয়ার্ক পরিচালনা করছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজন পড়ে এমন একটি আন্তর্জাতিক সংস্থার, যা দেশগুলোর সীমানা পেরিয়েও অপরাধীদের আইনের আওতায় আনতে সহযোগিতা করবে। এই প্রয়োজনীয়তা থেকেই জন্ম হয় ইন্টারপোল-এর। আমাদের পুলিশি কার্যক্রম দেশে দেশে—এবারের পর্বে থাকছে ইন্টারপোল নিয়ে বিস্তারিত আলোচনা। আমরা জানব, ইন্টারপোল কী, এটি কীভাবে কাজ করে এবং এর প্রধান কাজগুলো কী কী।

বৈশ্বিক পুলিশিং

ইন্টারপোল: অপরাধ দমনে ঐক্যবদ্ধ বৈশ্বিক প্রচেষ্টা

ইন্টারপোল (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা নিশ্চিত করে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংস্থা, যার সদস্য সংখ্যা বর্তমানে ১৯৬টি দেশ।

ইন্টারপোল নিজস্ব কোনো পুলিশ বাহিনী নয়; বরং এটি সদস্য দেশগুলোর পুলিশকে অপরাধ মোকাবিলায় তথ্য, প্রযুক্তি এবং সমন্বয় প্ল্যাটফর্ম দিয়ে সহায়তা করে। এর প্রধান কাজ হলো এক দেশ থেকে পালিয়ে যাওয়া অপরাধীকে অন্য দেশে খুঁজে বের করতে সহযোগিতা করা এবং এ সংক্রান্ত তথ্য আদান-প্রদান সহজ করা।

ইন্টারপোল: অপরাধ দমনে ঐক্যবদ্ধ বৈশ্বিক প্রচেষ্টা

ইন্টারপোল যেভাবে কাজ করে

  • তথ্য সংগ্রহ ও যাচাই: কোনো অপরাধীকে ধরতে সংশ্লিষ্ট দেশের পুলিশ প্রথমে তাদের নিজস্ব ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-এর মাধ্যমে ইন্টারপোলের কাছে প্রমাণ ও তথ্য জমা দেয়। ইন্টারপোল সেই তথ্য যাচাই করে।
  • নোটিশ জারি: তথ্য যাচাইয়ের পর ইন্টারপোল আন্তর্জাতিকভাবে পলাতক অপরাধীকে খুঁজে বের করার জন্য বিভিন্ন ধরনের নোটিশ জারি করে। এর মধ্যে রেড নোটিশ সবচেয়ে পরিচিত, যা একটি আন্তর্জাতিক সতর্কবার্তা বা অনুরোধ হিসেবে কাজ করে এবং গ্রেপ্তারের জন্য সদস্য দেশগুলোকে অবহিত করে।
  • সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান: নোটিশ জারির পর ইন্টারপোলের বিশেষ সিস্টেমের মাধ্যমে এর ১৯৬টি সদস্য দেশের সব পুলিশ বাহিনীর কাছে অপরাধীর তথ্য পৌঁছে যায়। ফলে অপরাধী যেকোনো দেশেই থাকুক না কেন, সেখানকার পুলিশকে দ্রুত অবগত করা যায়।
  • অপরাধীর অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার: নোটিশের ভিত্তিতে সদস্য দেশগুলো অপরাধীর অবস্থান শনাক্ত করে এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
  • গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া: গ্রেপ্তারকৃত অপরাধীকে সংশ্লিষ্ট দেশের আইন ও বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে বিচার বা প্রত্যর্পণ প্রক্রিয়ার মুখোমুখি করা হয়।
  • নিয়মিত তথ্য হালনাগাদ: ইন্টারপোল নিয়মিতভাবে অপরাধী সম্পর্কিত নতুন তথ্য, যেমন গ্রেপ্তার, মুক্তি বা মৃত্যুর খবর হালনাগাদ করে, যাতে সব সদস্য দেশের কাছে সঠিক ও সর্বশেষ তথ্য থাকে।

ইন্টারপোল কোন ধরনের নোটিশ কেন ব্যবহার করে?

  • রেড নোটিশ: কোনো অপরাধী বিদেশে পালিয়ে গেলে, তাকে শনাক্ত ও গ্রেপ্তারের উদ্দেশ্যে রেড নোটিশ জারি করা হয়।
  • ইয়েলো নোটিশ: নিখোঁজ শিশু বা প্রাপ্তবয়স্ক, অথবা অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে শনাক্ত করতে ইয়েলো নোটিশ ব্যবহৃত হয়।
  • ব্লু নোটিশ: কোনো ব্যক্তির অবস্থান বা পরিচয় খোঁজার জন্য, বা তাকে দেশের ভেতর-বাইরে অনুসরণ করতে ব্লু নোটিশ জারি হয়।
  • ব্ল্যাক নোটিশ: অজ্ঞাত মৃতদেহের পরিচয় শনাক্ত করার জন্য ব্ল্যাক নোটিশ ব্যবহৃত হয়।
  • গ্রিন নোটিশ: একজন আন্তর্জাতিক অপরাধী যখন জনসাধারণের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়, তখন অন্য দেশগুলোকে অবহিত করতে গ্রিন নোটিশ ব্যবহৃত হয়।
  • অরেঞ্জ নোটিশ: কোনো বস্তু, ব্যক্তি, ঘটনা বা পদ্ধতি জননিরাপত্তার জন্য বিপজ্জনক হলে অরেঞ্জ নোটিশ জারি করা হয়।
  • পার্পল নোটিশ: অপরাধী কর্তৃক ব্যবহৃত পদ্ধতি, কৌশল বা প্রযুক্তি সম্পর্কে অবগত করতে পার্পল নোটিশ ব্যবহৃত হয়।
  • ইন্টারপোল–জাতিসংঘ বিশেষ নোটিশ: ব্যক্তি বা সংস্থার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যবহৃত হয়।

লেখক
এআইজি
ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)

সম্প্রতি

নাগরিক সংযোগ