‘‘পুলিশ সপ্তাহ ২০২৬ উদযাপন’’ বাংলাদেশ পুলিশের প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি পুলিশের প্রতিটি সদস্যের কর্তব্যনিষ্ঠা, আত্মত্যাগ ও পেশাদারিত্বের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ। এ মাহেন্দ্রক্ষণে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে এবং তাঁদের পরিবারবর্গকে জানাই অভিনন্দন। একই সাথে দেশবাসীকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, যাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য ও কর্তব্য।
বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে ইতিহাসের গৌরবময় অধ্যায়ের জন্ম দিয়েছে। শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি-এ আদর্শে উজ্জীবিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও উগ্রবাদ দমন, মাদক নিয়ন্ত্রণ, জুয়া, অনলাইন ও সাইবার অপরাধ প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রতিনিয়ত দক্ষতা ও সক্ষমতার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ পুলিশের নিরবচ্ছিন্ন পেশাদারিত্ব, সাহস এবং নিষ্ঠার প্রতি আমরা স্বীকৃতি জানাই।
বর্তমান সরকার একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে বদ্ধপরিকর। পুলিশ সদস্যদের কল্যাণ এবং কর্মপরিবেশ উন্নয়নে সরকার ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্বের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের নিকট সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে; ভুক্তভোগীকে তার প্রাপ্য আইনি সেবা পেতে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে; কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়-সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের সমর্থনে নির্বাচিত সরকারের ভিশন “সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নে এবং জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। নতুন বাংলাদেশে সকল নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য অর্জনে বাংলাদেশ পুলিশকে হতে হবে জনগণের আস্থা ও ভরসাস্থল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর দেশ গড়ার নবচেতনাকে ধারণ করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমি বাংলাদেশ পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।
