বুধবার, এপ্রিল ২২, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমপ্রবন্ধ২০২৬ সালের জাতীয় নির্বাচন: শান্তিপূর্ণ নির্বাচনের দৃষ্টান্ত ও নির্বাচনী নিরাপত্তায় পুলিশের অনন্য...

২০২৬ সালের জাতীয় নির্বাচন: শান্তিপূর্ণ নির্বাচনের দৃষ্টান্ত ও নির্বাচনী নিরাপত্তায় পুলিশের অনন্য ভূমিকা

ডিটেকটিভ ডেস্ক
,

দীর্ঘদিন ধরে নানা বিতর্ক, রাজনৈতিক উত্তেজনা এবং অতীত অভিজ্ঞতার কারণে পুলিশের প্রতি মানুষের একাংশের মধ্যে যে অবিশ্বাসের অনুভূতি তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠা ছিল ২০২৬ জাতীয় নির্বাচনের একটি বড় চ্যালেঞ্জ। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবলই একটি সাংবিধানিক প্রক্রিয়া ছিল না; এটি ছিল পুলিশের জন্য জন-আস্থা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। দায়িত্বশীল ও পেশাদার আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে মানুষের সামনে নতুন আস্থার বার্তা তুলে ধরার জন্য এই নির্বাচনই হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এমন এক যুগসন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়, যখন দেশ সদ্য মুক্ত হয়েছে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে। বছরের পর বছর দেশে নির্বাচন মানেই ছিল সহিংসতা, কারচুপি এবং বিরোধীদের প্রতি অতিরিক্ত বলপ্রয়োগের নজিরে ভরা একেকটি একপাক্ষিক আয়োজন। ফলে নির্বাচনকে ঘিরে মানুষের মনে দীর্ঘদিন ধরেই এক ধরনের ভীতি কাজ করে আসছিল। অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় যদি মানুষের স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা না যায়, তবে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য হয়ে পড়ে।এমন বাস্তবতায় এবারের নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখা এবং ভোটাধিকার প্রয়োগের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। তবে এই কাজের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি। এর পাশাপাশি একটি গোষ্ঠীর নির্বাচন বর্জনের ঘোষণাও সহিংসতার ঝুঁকি বাড়িয়ে দিয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল চব্বিশের অভ্যুত্থান-পরবর্তী সময়ে লুট হওয়া অস্ত্রের বিষয়টিও, যা নির্বাচনী নিরাপত্তা রক্ষায় একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে ওঠে।তবে এসব প্রতিকূলতার মধ্যেও এবারের নির্বাচনী নিরাপত্তায় অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে বাংলাদেশ পুলিশ এবং সমন্বয়কারী অন্যান্য বাহিনীর সদস্যরা। এই সাফল্যের পেছনে ছিল সঠিক ও সময়োপযোগী পরিকল্পনা, পাশাপাশি সমস্যা-ভিত্তিক সমাধানকেন্দ্রিক কার্যক্রম। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মতো উদ্যোগগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে, এসব পদক্ষেপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেশের নির্বাচনী ইতিহাসে স্মরণীয় ও সফল এক অধ্যায়ে পরিণত করেছে।নিচে ২০২৬ সালের নির্বাচনে পুলিশের অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা, অতীতের সহিংস নির্বাচনের সঙ্গে এর তুলনামূলক চিত্র এবং এই সাফল্যের নেপথ্যে থাকা প্রধান কৌশলগুলো বিশ্লেষণ করা হলো।

আস্থাহীনতা থেকে পুনর্গঠনের পথে পুলিশ

বাংলাদেশের পুলিশ বাহিনীর জন্য ২০২৪-পরবর্তী সময়কালটি ছিল অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো। বিগত তিনটি নির্বাচনে (২০১৪, ২০১৮ এবং ২০২৪) পুলিশের ভূমিকা নিয়ে জনমনে গভীর ক্ষোভ ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছিল। সে সময় পুলিশকে প্রায়শই একটি রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় ব্যবহারের অভিযোগ ছিল, যা বাহিনীর পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ন করেছিল। তবে চব্বিশ-পরবর্তী পটভূমিতে পুলিশের চিন্তা, মনন ও পদক্ষেপে আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়।২০২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ বাহিনীতে যে নতুন প্রাণের সঞ্চার হয়, তার মূল ভিত্তি ছিল নিরপেক্ষতা ও পেশাদারিত্ব। পুলিশ সদর দপ্তর থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে, কোনো ব্যক্তি বা দলের প্রতি নয়, পুলিশের আনুগত্য থাকবে কেবল সংবিধান এবং দেশের আইনের প্রতি। এই মানসিক পরিবর্তনই মূলত ২০২৬ সালের সফল নির্বাচনের ভিত্তি হিসেবে কাজ করেছে।এই নির্বাচনের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল দেশের প্রায় ১২ কোটি ৭৬ লাখ ভোটার, ৪৩ হাজার ভোটকেন্দ্র এবং ২ লাখ ৬০ হাজার বুথের নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করা। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের দিন-রাত পরিশ্রম করতে হয়েছে। এই নির্বাচনের সবচেয়ে বড় শক্তি ছিল সুপরিকল্পিত আন্তঃবাহিনী সমন্বয়। নির্বাচনকালীন নিরাপত্তা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠপর্যায়ে নিয়োজিত ছিল পুলিশ বাহিনীর ১ লক্ষ ৪৯ হাজার ৪৪৩ জন সদস্যসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও কোস্ট গার্ডের মোট প্রায় দশ লক্ষ সদস্য। এর মধ্যে পুলিশই ছিল মূল চালিকাশক্তি।এই বিশাল জনবলকে সমন্বিত করতে পুলিশ সদর দপ্তরে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছিল, যা সারা দেশের পরিস্থিতি তাৎক্ষণিক পর্যবেক্ষণ করছিল। ফলস্বরূপ, দেশ স্মরণকালের অন্যতম শান্তিপূর্ণ ও অসহিংস নির্বাচন প্রত্যক্ষ করেছে।

নির্বাচনকালীন নিরাপত্তা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠপর্যায়ে নিয়োজিত ছিল পুলিশ বাহিনীর ১ লক্ষ ৪৯ হাজার ৪৪৩ জন সদস্যসহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও কোস্ট গার্ডের মোট দশ লক্ষ সদস্য।

সহিংসতার তুলনামূলক চিত্র: অতীত বনাম ২০২৬

বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সহিংসতা ছিল এক নিয়মিত অনুষঙ্গ। বিশেষ করে ২০১৪ সালের নির্বাচন বর্জন এবং পরবর্তী সহিংসতায় শত শত মানুষের মৃত্যু হয়েছিল। ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে সহিংসতার ধরন ভিন্ন হলেও প্রাণহানি এবং ভীতিকর পরিবেশ বিদ্যমান ছিল। তবে ২০২৬ সালে নিরাপত্তাবাহিনীর প্রচেষ্টা ও প্রশাসনের সদিচ্ছায় এই দৃশ্যপটের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।বাংলাদেশ পুলিশের অফিসিয়াল তথ্য থেকে বিগত কয়েকটি নির্বাচনের সহিংসতার পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৬-এর নির্বাচন বাংলাদেশের নিকট ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ এবং এই নির্বাচনে সহিংসতার ঘটনাও আমাদের নিকট অতীতের অন্যান্য নির্বাচন থেকে তুলনামূলকভাবে অনেক কম। নিচের পরিসংখ্যান সেই পরিবর্তনটিকেই আরও স্পষ্টভাবে তুলে ধরে।২০২৬ সালের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটের আগ পর্যন্ত কিছু বিচ্ছিন্ন রাজনৈতিক কোন্দলে ১৮ জনের মতো প্রাণহানির খবর পাওয়া গেলেও, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়ে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। এটি পুলিশের আগাম গোয়েন্দা তৎপরতা এবং দ্রুত পদক্ষেপের কারণে সম্ভব হয়েছে। বিশেষ করে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর মাধ্যমে নির্বাচনের আগে ২২,৪৬৪ জন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছিল, যার ফলে মানুষের মনে যেমন একদিকে তৈরি হয়েছে নিরাপত্তার স্থিতি, একই সাথে এই পদক্ষেপ অপরাধী বা সহিংসতাকারীদের একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

পুলিশের অভাবনীয় সাফল্যের নেপথ্যে থাকা কৌশলসমূহ

২০২৬ সালের নির্বাচনে পুলিশের সাফল্যের পেছনে কেবল কৌশল বা প্রযুক্তির ভূমিকা ছিল না; এর কেন্দ্রে ছিল বাহিনীর অভ্যন্তরীণ মানসিকতার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। দীর্ঘদিনের বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে পুলিশের একটি বড় অংশ নিজেদের ভূমিকা নতুনভাবে মূল্যায়ন করতে শুরু করে এবং পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নৈতিকতার ভিত্তিতে দায়িত্ব পালনের একটি দৃশ্যমান প্রচেষ্টা দেখা যায়। কাজের প্রতি এই সদিচ্ছা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের মানসিকতাই মূলত নির্বাচনী নিরাপত্তায় পুলিশের সাফল্যের ভিত্তি তৈরি করে। এই মনোভাবের সঙ্গে যুক্ত হয় প্রশাসনিক সংস্কার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং লক্ষ্যভিত্তিক নিরাপত্তা কৌশল। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিগত বছরগুলোতে নির্বাচনী দায়িত্বে থাকা অনেক কর্মকর্তাকে এবারের নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়নি। হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর নজরদারির মতো উদ্যোগ নির্বাচনী নিরাপত্তাকে আরও নিরপেক্ষ ও কার্যকর করে তোলে। ২০২৬ সালের নির্বাচনে পুলিশ কেবল সাহসিকতা নয়, বরং আধুনিক প্রযুক্তি এবং প্রশাসনিক কৌশলের এক অসাধারণ সমন্বয় ঘটিয়েছে। নিচে এই সাফল্যের প্রধান উপাদানসমূহ আলোচনা করা হলো—

প্রথমত, নির্বাচন বিষয়ে পুলিশের হাতে-কলমে প্রশিক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী প্রায় এক লাখ পঞ্চাশ হাজার সদস্যের জন্য হাতে-কলমে নির্বাচন-বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ ধরনের নির্বাচনী প্রশিক্ষণ এই প্রথমবারের মতো আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে পুলিশ সদস্যদের নির্বাচনের মাঠপর্যায়ে দায়িত্ব, কর্তব্য, আচরণবিধি এবং আইনগত সীমারেখা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়।

এই প্রশিক্ষণ কেবল দিকনির্দেশনামূলক পর্যায়ে সীমাবদ্ধ রাখা হয়নি; ডামি নির্বাচনকেন্দ্র ও বুথ তৈরি করে বাস্তব পরিস্থিতির অনুরূপ পরিবেশে অনুশীলনের সুযোগও রাখা হয়, যাতে সদস্যরা দায়িত্ব পালনের সময় আরও আত্মবিশ্বাসী, দক্ষ ও প্রস্তুত থাকতে পারেন। পাশাপাশি নির্বাচন উপলক্ষে ইন্সপেক্টর ও তদূর্ধ্ব সকল কর্মকর্তাদের একটি হ্যান্ডবুক সরবরাহ করা হয়, যেখানে নির্বাচনকালীন প্রাসঙ্গিক আইন, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ সন্নিবেশিত ছিল। ফলে মাঠপর্যায়ে কোনো ধরনের দ্বিধা বা অনিশ্চয়তা তৈরি হলে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এই হ্যান্ডবুক থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পেরেছেন।

দ্বিতীয়ত, ঊর্ধ্বতন পর্যায় থেকে পক্ষপাতহীনভাবে কাজ করার স্বাধীনতা বিগত নির্বাচনগুলোতে পুলিশকে নানা সময়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পেছনে বড় কারণ ছিল ঊর্ধ্বতন রাজনৈতিক বা প্রশাসনিক পর্যায় থেকে কোনো নির্দিষ্ট পক্ষকে সুবিধা দেওয়া কিংবা প্রতিপক্ষের প্রতি অতিরিক্ত কঠোরতা প্রদর্শনের প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মানসিকতার পরিবর্তন দেখা যায়। পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায় থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। এর ফলে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তুলনামূলকভাবে স্বাধীন, পেশাদার এবং নির্ভার পরিবেশে দায়িত্ব পালন করতে পেরেছেন। এই বাস্তবতা আবারও প্রমাণ করেছে, বাহ্যিক হস্তক্ষেপ ও পক্ষপাতমূলক চাপ থেকে মুক্ত থাকলে বাংলাদেশ পুলিশ যে কোনো সংবেদনশীল পরিস্থিতিতেই দক্ষতা, ভারসাম্য ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।

তৃতীয়ত, আধুনিক প্রযুক্তির ব্যবহার ২০২৬ সালের নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম স্মার্ট নিরাপত্তাসমৃদ্ধ নির্বাচন। পুলিশ বাহিনীর প্রতিটি পদক্ষেপে প্রযুক্তির ছোঁয়া ছিল—বডি-ওর্ন ক্যামেরা: প্রায় ২৬,০০০ পুলিশ সদস্যকে বডি-ওর্ন ক্যামেরা প্রদান করা হয়। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের প্রতিটি কর্মকাণ্ড সরাসরি কন্ট্রোল রুম থেকে দেখা হচ্ছিল। এর ফলে পুলিশের হাতে কোনো ভোটার বা প্রার্থীর হয়রানি হওয়ার সুযোগ ছিল না। ড্রোন: বড় শহর এবং দুর্গম এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হয়। কোনো স্থানে জনসমাগম বা উত্তেজনার খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে ড্রোন পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পেরেছে।

চতুর্থত, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান এটি ছিল আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় থানাগুলো থেকে প্রায় ৫,৭৬৩টি আগ্নেয়াস্ত্র লুণ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার ছিল পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আর এই প্রতিবন্ধকতা পুলিশ সফলভাবে অতিক্রম করেছে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার করে। নির্বাচনের দিন পর্যন্ত পুলিশের ব্যাপক তল্লাশি এবং ৪,৬৬০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ফলে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়নি।

প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও পুলিশের সক্ষমতা

২০২৬ সালের নির্বাচনের নিরাপত্তায় আসা সাফল্য একদিনে অর্জিত হয়নি; বরং এর পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা এবং তার সফল বাস্তবায়নে প্রতিটি পুলিশ সদস্যের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি। নির্বাচনী নিরাপত্তার এই সাফল্য আবারও প্রমাণ করেছে যে, পুলিশ বাহিনীকে যদি প্রাতিষ্ঠানিক স্বাধীনতা দেওয়া হয়, তবে তারা বিশ্বমানের সেবা দিতে সক্ষম। দীর্ঘদিন ধরেই পুলিশকে রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ ছিল, যার ফলে বাহিনীটি তার নৈতিক শক্তি হারিয়ে ফেলেছিল। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে পুলিশের এই আমূল পরিবর্তন আমাদের কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেয়—প্রথমত, যখন পুলিশ কর্মকর্তাদের কাজের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হয়, তখন তারা নির্ভয়ে কাজ করতে পারে। দ্বিতীয়ত, পুলিশ সদস্যরা যখন অনুভব করেন যে তাদের কাজের মূল্যায়ন হবে তাদের সততা ও দক্ষতার ভিত্তিতে, তখন তারা তাদের সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করেন।সব মিলিয়ে পুলিশের স্বচ্ছতা (বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার) জনগণের মনে হারানো বিশ্বাস ফিরিয়ে আনে, যা সফল পুলিশিংয়ের জন্য অপরিহার্য।

উপসংহার: আগামীর বাংলাদেশ ও পুলিশের ভূমিকা

২০২৬ সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি সফল নির্বাচনের দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সাফল্যের অন্যতম কারিগর হলো বাংলাদেশ পুলিশ। বিগত নির্বাচনগুলোর সহিংসতার অন্ধকারের পর ২০২৬ সালের এই সফলতা আমাদের দেখিয়ে দিয়েছে যে, সঠিক নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক স্বাধীনতা থাকলে পুলিশ যেকোনো পরিস্থিতিতেই তাদের সর্বোচ্চ সক্ষমতার প্রমাণ রাখতে পারে।পুলিশ বাহিনীকে যদি রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে স্থায়ীভাবে মুক্ত করা যায় এবং তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণ দেওয়া হয়, তবে তারা কেবল নির্বাচনেই নয়, বরং প্রতিদিনের আইনশৃঙ্খলা রক্ষায়ও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। ২০২৬ সালের নির্বাচন আমাদের এই শিক্ষাই দেয় যে, পুলিশের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা কেবল একটি বাহিনীর উন্নয়ন নয়, বরং এটি একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করার প্রধান শর্ত।যদি পুলিশকে তাদের পূর্ণ সক্ষমতা এবং শতভাগ সততার সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হয়, তবে তারা দেশের জন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির শান্ত সকাল এবং সাধারণ মানুষের মুখে জয়ের হাসিই ছিল পুলিশের সেই ঐতিহাসিক সাফল্যের শ্রেষ্ঠ পুরস্কার। আগামীর বাংলাদেশে পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু এবং আইনের শাসনের মূল রক্ষক—এই প্রত্যাশা এখন কেবল স্বপ্ন নয়, বরং ২০২৬-এর বাস্তবতায় এক সুদৃঢ় বিশ্বাস।

সম্প্রতি

নাগরিক সংযোগ