বুধবার, এপ্রিল ২২, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমআরওমাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ

ডিটেকটিভ ডেস্ক
,

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটে। বিভিন্ন স্থানে জেল থেকে আসামি ছিনিয়ে নেওয়া, থানায় হামলা এবং অস্ত্র লুটের ঘটনা সামনে আসে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ বৃদ্ধি পায় এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতাও বাড়তে থাকে। ফলে চুরি, ডাকাতি ও হত্যার মতো গুরুতর অপরাধের ঘটনাও বৃদ্ধি পেতে দেখা যায়। পরিস্থিতিকে আরও জটিল করে তোলে পুলিশের মনোবলহীনতা, জুলাইয়ের গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা ঘিরে বিতর্ক এবং বাহিনীর প্রতি জনগণের একাংশের অনাস্থা। এর ফলে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে পুলিশকে একাধিক বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।

দেশের এমন এক সংকটময় সময়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেন অভিজ্ঞ ও দূরদর্শী রাজনীতিবিদ ও প্রশাসক জনাব সালাহউদ্দিন আহমদের ওপর। প্রশাসনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি বর্তমান বাংলাদেশের জটিল প্রশাসনিক ও আইনশৃঙ্খলাগত বাস্তবতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সালাহউদ্দিন আহমদ। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আইনশাস্ত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি রাষ্ট্রব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে তাঁর আগ্রহ পরবর্তী সময়ে তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের ভিত্তি গড়ে দেয়।

জনাব সালাহউদ্দিন আহমদের পেশাগত জীবন ও প্রশাসনিক অভিজ্ঞতা বহুমাত্রিক। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে মাঠ প্রশাসনে কাজ করেছেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রীয় পরিসরে দায়িত্ব পালন করেন। এই অভিজ্ঞতা তাঁকে সরকারের নীতিনির্ধারণী প্রক্রিয়া, প্রশাসনিক সমন্বয় এবং রাষ্ট্র পরিচালনার বাস্তব দিকগুলো ঘনিষ্ঠভাবে অনুধাবনের সুযোগ দেয়।

পরবর্তীতে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এবং সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন তাঁর প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। দীর্ঘ এই পথচলা তাঁকে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর বিভিন্ন স্তরে বিদ্যমান প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও আমলাতান্ত্রিক জটিলতাগুলো গভীরভাবে উপলব্ধি করার সুযোগ দেয়।

তাঁর রাজনৈতিক জীবনের পথচলা কেবল সাফল্যের ধারাবাহিকতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে কঠিন ব্যক্তিগত অভিজ্ঞতাও। ২০১৫ সালে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। সে সময় তাঁর পরিবার ও দল অভিযোগ করে যে তিনি গুমের শিকার হয়েছেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও তাঁর অবস্থান নির্ধারণ ও ঘটনার তদন্ত দাবি করে। পরবর্তীতে ভারতের শিলংয়ে তাঁকে পাওয়া যায় এবং অবৈধভাবে সেদেশে প্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তিনি সেই অভিযোগ থেকে অব্যাহতি লাভ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই জনাব সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব পুনর্গঠনকে অগ্রাধিকার দিচ্ছেন। তাঁর মতে, অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে যে, রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রশাসনিক স্থবিরতা আইনশৃঙ্খলা ব্যবস্থার কার্যকারিতাকে দুর্বল করে। সে কারণে তিনি পুলিশ ও অন্যান্য বাহিনীকে আরও পেশাদার, জনবান্ধব এবং প্রযুক্তিনির্ভর কাঠামোর দিকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন। নাগরিক নিরাপত্তা জোরদার করা, মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত ও ন্যায়সংগত বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়গুলো তাঁর নীতিগত অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রশ্নেও তিনি স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। তাঁর মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সকল পর্যায়ে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধ সুবিধা গ্রহণ করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া ‘মব কালচার’-এর বিষয়টিকেও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আইনের শাসনের বাইরে গিয়ে জনতার নামে সহিংসতা বা বিচার প্রতিষ্ঠার চেষ্টা রাষ্ট্রের জন্য বিপজ্জনক প্রবণতা; এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সংস্কারের প্রশ্নে তিনি উল্লেখ করেছেন যে, অতীতের স্বৈরাচারী শাসনামলে পুলিশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বিশেষভাবে পুলিশ সদস্যদের মনোবল পুনর্গঠন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং জনগণের সঙ্গে আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, “পুলিশ জনগণের বন্ধু” এই ধারণাটি যেন কেবল আনুষ্ঠানিক বক্তব্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব কাজের মধ্যেই প্রতিফলিত হয়।

নতুন সরকারের নীতি ও অগ্রাধিকারের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রয়েছে বহুমাত্রিক দায়িত্ব। নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আধুনিকায়ন করা এবং নাগরিক আস্থা পুনর্গঠন করা এই দায়িত্বগুলোর কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। সেই প্রেক্ষাপটে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি স্থিতিশীল, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশাই আজ দেশের বিভিন্ন মহলে প্রতিফলিত হচ্ছে।

 

সম্প্রতি

নাগরিক সংযোগ