ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মো. আলী হোসেন ফকিরের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ১৫ এপ্রিল ২০২৬ পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে যুক্তরাজ্যের হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। এ সময় সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানব পাচার, অর্থপাচার, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিলাদি যাচাই-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
পাশাপাশি বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আগ্রহ জানান।
আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রমের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন। একই সঙ্গে পুলিশ সংস্কার, দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
