২০২২ সালে প্রতিষ্ঠিত এই বিশেষ ইউনিটটি ডেনমার্কের ন্যাশনাল স্পেশাল ক্রাইম ইউনিটের অধীনে কাজ করে। তাদের প্রধান লক্ষ্য হলো ডিজিটাল অপরাধ-যেমন অনলাইনে তরুণদের বিপথে নেওয়ার প্ররোচনা, আর্থিক প্রতারণা, ঘৃণাপূর্ণ বক্তব্য ছড়ানো এবং যৌন হয়রানি প্রতিরোধ করা। একই সঙ্গে তারা তরুণদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে একটি বিশ্বাসযোগ্য ও মানবিক ভাবমূর্তি গড়ে তুলতে চায়। এটি প্রচলিত কমিউনিটি পুলিশিং-এর একটি ডিজিটাল রূপ।
‘পলিটিয়েটস অনলাইন প্যাট্রোল’-এর কার্যপদ্ধতি গতানুগতিক পুলিশিং থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা কেবল সরকারি ওয়েবসাইট বা বিজ্ঞপ্তিতে নিজেদের সীমাবদ্ধ রাখে না; বরং তরুণদের পছন্দের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে টুইচ, ডিসকর্ড, ইনস্টাগ্রাম, টিকটক এবং ফেসবুক।
এই ইউনিটের সদস্যরা শুধু এসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে বসে থাকেন না; বরং তারা জনপ্রিয় ভিডিও গেম-যেমন কাউন্টার-স্ট্রাইক, ফোর্টনাইট এবং মাইনক্রাফট-খেলেন। তারা টুইচে লাইভ স্ট্রিম করেন, দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং প্রশ্নোত্তর সেশন পরিচালনা করেন। এর মাধ্যমে তারা তরুণদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক পরিবেশে মিশতে পারেন এবং পুলিশের প্রতি তাদের ভুল ধারণা দূর করতে সহায়তা করেন।
তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো ডিজিটাল প্যাট্রোলিং। তারা বিভিন্ন ডিসকর্ড সার্ভার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়ভাবে নজরদারি করে, যেখানে সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পুলিশ কর্মকর্তারা নিজেদের ডিজিটাল সংস্কৃতির সঙ্গে পরিচিত করেন এবং তরুণদের ব্যবহৃত ভাষা ও ট্রেন্ডগুলো বোঝার চেষ্টা করেন। এতে তারা তরুণদের কাছে আরও সহজলভ্য ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন।
বিশ্বাস স্থাপন: ‘কমিউনিটি পুলিশিং’ থেকে ‘মেডিয়েটেড প্রক্সিমিটি’
‘পলিটিয়েটস অনলাইন প্যাট্রোল’-এর মূল সাফল্য কোনো প্রযুক্তিগত উদ্ভাবনে নয়, বরং এর অন্তর্নিহিত দর্শনে। এই উদ্যোগটি প্রথাগত কমিউনিটি পুলিশিং মডেলের একটি ডিজিটাল বিবর্তন। কমিউনিটি পুলিশিংয়ে পুলিশ কর্মকর্তারা বাইকে বা হেঁটে টহল দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতেন। এর মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক আস্থা তৈরি করা, যাতে নাগরিকরা অপরাধ সম্পর্কে তথ্য দিতে নিরাপদ বোধ করে। জনগণের নিকটে পৌঁছাতে পারাই ছিল এই পদ্ধতির একটি অপরিহার্য শর্ত।
বর্তমান ডিজিটাল যুগে এই নৈকট্য আর কেবল শারীরিক নয়; বরং ডিজিটাল। এই ধারণাকেই নতুন রূপ দিয়েছে ‘পলিটিয়েটস অনলাইন প্যাট্রোল’, যাকে একাডেমিক পরিভাষায় মেডিয়েটেড প্রক্সিমিটি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে নৈকট্য বলা যেতে পারে। এই পদ্ধতিতে পুলিশ সরাসরি নাগরিকদের ঘরে প্রবেশ না করেও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারে। অনেক তরুণ অনলাইনে অপরাধের শিকার হলেও বাবা-মায়ের ভয় বা শাস্তির আশঙ্কায় পুলিশকে জানাতে সাহস পায় না। ডিজিটাল প্ল্যাটফর্মে পুলিশের উপস্থিতি তাদের একটি নিরাপদ পরিসর দেয়, যেখানে তারা বেনামে সাহায্য চাইতে পারে। এই কৌশল অপরাধী শনাক্তকরণ এবং তথ্য প্রবাহ বাড়াতে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে।
ফলাফল ও কার্যকারিতার মূল্যায়ন: সংখ্যা ও গল্পের মিশেল
এই উদ্যোগের সাফল্য কেবল গ্রেপ্তারের সংখ্যা দিয়ে বিচার করা যায় না, কারণ এর মূল লক্ষ্যই অপরাধ প্রতিরোধ। তাদের সাফল্য পরিমাপের মানদণ্ডের মধ্যে রয়েছে-
বর্তমানে তাদের সাত লক্ষ সাতাশি হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে, যা প্রথাগত পদ্ধতির তুলনায় অনেক বেশি কার্যকর। একটি বেসরকারি গবেষণার তথ্য অনুযায়ী, ডিজিটাল পুলিশিং দলগুলো প্রতি মাসে প্রায় ২,৫০০টি সরাসরি বার্তা পায়। প্রতিরোধমূলক কার্যক্রম শুরুর পর থেকে তারা প্রায় ২৬০টি নতুন মামলার তদন্ত শুরু করেছে বা স্থানীয় পুলিশকে সহায়তা করেছে।
তবে এই উদ্যোগ কিছু সমালোচনারও মুখে পড়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন-করদাতার টাকায় পুলিশ কেন গেম খেলবে? এর জবাবে পুলিশ কর্মকর্তারা বলেন, এটি একটি সাশ্রয়ী পদ্ধতি, যা স্বল্প জনবল দিয়ে বিশাল জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে সক্ষম। আরেকটি চ্যালেঞ্জ হলো টিকটকের মতো প্ল্যাটফর্মে পুলিশের পেশাদার ভাবমূর্তি বজায় রাখা। এর সমাধানে তারা বন্ধুত্বপূর্ণ ও সহজলভ্য ভাবমূর্তি তৈরি করার পাশাপাশি পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেন।
ডেনিশ মডেল থেকে অন্যান্য দেশের পুলিশ বাহিনীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। প্রথমত, যেখানে জনগণ, সেখানেই পুলিশ-এই নীতি অনুসরণ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে হবে, কারণ তরুণ প্রজন্ম তাদের বেশিরভাগ সময় সেখানেই কাটাচ্ছে। দ্বিতীয়ত, আস্থা স্থাপনকে অগ্রাধিকার দিতে হবে। প্রথাগত কর্তৃত্বমূলক মডেল থেকে সরে এসে এমন একটি বন্ধুত্বপূর্ণ ও সহজলভ্য পদ্ধতি গ্রহণ করা জরুরি, যা তরুণদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে। এটি শুধু জনসংযোগ কৌশল নয়, বরং অপরাধ প্রতিরোধের একটি কার্যকর মাধ্যম। তৃতীয়ত, সাফল্যের নতুন মানদণ্ড নির্ধারণ করতে হবে-শুধু গ্রেপ্তারের সংখ্যা নয়, বরং প্রতিরোধমূলক কার্যক্রম, কমিউনিটি থেকে পাওয়া তথ্য এবং জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের সক্ষমতাকেও মূল্যায়নে আনতে হবে।
সবশেষে, কৌশলগত জ্ঞান ও সাংস্কৃতিক অভিযোজন অপরিহার্য। পুলিশ কর্মকর্তাদের ডিজিটাল সংস্কৃতি, ভাষা এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম সম্পর্কে জানতেই হবে, যাতে তারা তরুণদের সঙ্গে তরুণদের মতো করে মিশতে পারেন। এই সাংস্কৃতিক অভিযোজন ছাড়া এমন উদ্যোগ সহজেই ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।
ডেনমার্কের এই মডেলটি কোনো বিচ্ছিন্ন সাফল্য নয়; বরং আধুনিক পুলিশিংয়ের জন্য একটি বৈশ্বিক রূপরেখা। এটি প্রমাণ করে, ডিজিটাল যুগে কমিউনিটি পুলিশিং কতটা কার্যকর হতে পারে। নরওয়ে ও যুক্তরাষ্ট্রের কিছু পুলিশ বিভাগেও অনুরূপ উদ্যোগ সফল হয়েছে। ‘পলিটিয়েটস অনলাইন প্যাট্রোল’ দেখিয়ে দিয়েছে-আধুনিক পুলিশিং কেবল শারীরিক উপস্থিতি বা শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রযুক্তিকে কাজে লাগিয়ে সম্পর্ক তৈরি করা এবং সমাজের পরিবর্তিত গতিশীলতার সঙ্গে মানিয়ে নেওয়ার একটি চলমান প্রক্রিয়া। এই মডেলটি ডিজিটাল যুগে অপরাধ দমনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং বিশ্বজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটি কার্যকর দৃষ্টান্ত স্থাপন করেছে-বাস্তব হোক বা ডিজিটাল, জনগণের পাশে থেকে নিরাপদ সমাজ গঠনের।
লেখক
আলবর্গ ইউনিভার্সিটি
কোপেনহেগেন, ডেনমার্ক
