চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার উদ্যোগে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে তিন শতাধিক মহিলা পুলিশ সদস্যের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস হলে আয়োজিত এই কর্মসূচিতে স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক স্ক্রিনিং বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার নিষ্কৃতি চাকমা। চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী এবং মহিলা শল্যচিকিৎসক দলের প্রধান ডা. সায়রা বানু শিউলী।
এছাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. বিন্দু রানী গোপ, ডা. অন্তরা কর, সিএসসিআর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুর রহমান এবং প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নিষ্কৃতি চাকমা এই উদ্যোগকে স্বাগত জানান এবং সময়মতো রোগ নির্ণয় করা গেলে ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে মন্তব্য করেন। ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে চিকিৎসক দল উদ্বুদ্ধকরণ, ভিডিও প্রদর্শনী এবং হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করেন।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, অক্টোবর মাসজুড়ে বিনামূল্যে স্ক্রিনিং ও কনসালটেশন, বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেয়রের সুপারিশকৃত রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন কার্যক্রমও অব্যাহত থাকবে।
