রাজধানীর ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২ মার্চ বেলা আনুমানিক ১২টা ০৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করছিল। এ সময় অজ্ঞাত ৩/৪ জন দুষ্কৃতকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতকারীদের পালানোর পথ অনুসরণ করে। এ সময় দুষ্কৃতকারীরা একটি অস্ত্র ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ৩ মার্চ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারী থানা পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সৈয়দ জিসান আহমেদ (২৯), সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস (২২), ওমর ফারুক সায়েম (২১) এবং সোলায়মান হোসেন চৌধুরী (২৫)।
তাদের কাছ থেকে দুটি পিস্তল, একটি রিভলবার, দুটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড গুলি, ৫ রাউন্ড গুলির খোসা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওয়ারী থানায় দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

