শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
33 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমপ্রচ্ছদজননিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন:পারস্পরিক সম্পর্কের মিথস্ক্রিয়া 

জননিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন:পারস্পরিক সম্পর্কের মিথস্ক্রিয়া 

মো: শরিফুল আলম
,

রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় গত এপ্রিলে নতুন মাত্রায় অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’। বিদেশি বিনিয়োগকারীদের সামনে বদলে যাওয়া বাংলাদেশকে তুলে ধরতে এবারের আয়োজনটি ছিল অনন্য। চব্বিশের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তন ও ক্ষমতার পালাবদলের মাত্র আট মাসের মাথায় এমন সফল আন্তর্জাতিক সম্মেলন আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের বড় কৃতিত্ব| নতুন বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ নিয়ে ইতিবাচক ধারণা তৈরির অনুকরণীয় প্রচেষ্টা ছিল এই আয়োজনে।বিনিয়োগের জন্য ইতিবাচক ও স্থিতিশীল রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা জরুরি, তা অনুধাবন করেই সরকার এই সম্মেলনে রাজনৈতিক অংশীজনদের আমন্ত্রণ জানানো হয়েছিল| এই সফল আয়োজনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা দেশের রাজনৈতিক সংহতির বিষয়ে আশ্বস্ত হবেন—এটাই ছিল মূল লক্ষ্য।তবে অর্থনৈতিক গতিশীলতা তো কেবল বিদেশি বিনিয়োগনির্ভর নয়, দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানের বড় অংশের যোগান দেয় স্থানীয় বিনিয়োগ| আর দেশীয় বিনিয়োগকারীরা নতুন উদ্যোগ ও ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে যে বিষয়গুলোয় সবচেয়ে বেশি গুরুত্ব দেন, ইতিবাচক জননিরাপত্তা পরিস্থিতি তার অন্যতম| নিরাপদ পরিবেশ অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতিটি ক্ষেত্রেই আস্থা জোগায়| সারা বিশ্বেই অর্থনীতির হালচাল এমনই।কিছু দেশ আছে, যাদের হয়তো নগরায়ন ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে খুব দ্রুতগতিতে| কিন্তু সুশাসন, শৃঙ্খলা ও নিরাপত্তার অভাবে তাদের অর্থনীতি প্রত্যাশিত মাত্রায় অগ্রসর হতে পারেনি।আবার এর ভিন্ন চিত্রও রয়েছে| কিছু দেশ রয়েছে, যাদের দৃশ্যমান ভৌত উন্নয়ন তেমন আহামরি না হলেও কেবল ব্যবসা সহজীকরণ, নীতিগত প্রণোদনা, সুশাসন ও অনুকূল নিরাপত্তা ব্যবস্থার সুবাদে বিনিয়োগ আকর্ষণে তারা দারুণভাবে সফল| উদাহরণ হিসেবে রুয়ান্ডার কথা বলা যায়| আফ্রিকার এই দেশটির অর্থনীতি কেবল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মানদণ্ডে পরিমাপ করা হয় না| বরং তাদের অর্থনৈতিক গতিপ্রবাহের অন্যতম মাপকাঠি হলো বিনিয়োগ প্রবাহ| ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে দেশটি আফ্রিকার চতুর্থ আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে| বিশ্বব্যাংকের ২০২০ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকায় ব্যবসা সহজীকরণ সূচকে দেশটির অবস্থান দ্বিতীয়| আর এই অর্জনে সহায়ক ভূমিকা রেখেছে আইনের শাসন মেনে চলার মানসিকতা| চলতি বছরের চ্যান্ডলার গুড গভর্ন্যান্স ইনডেক্স অনুযায়ী, আফ্রিকায় সুশাসন নিশ্চিত করার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রুয়ান্ডা| বৈশ্বিকভাবে তাদের অবস্থান ৫৯তম, যেখানে বাংলাদেশ রয়েছে ৯৫তম অবস্থানে|জননিরাপত্তার অর্থ কেবলই যে নিরাপদ আইনশৃঙ্খলা পরিস্থিতি, তা নয়| নাগরিক সুরক্ষার পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়ন, ঝুঁকি প্রশমন, অধিকার সংরক্ষণ ও সামাজিক কল্যাণও এর আওতায় পড়ে| এসব বিষয় নিশ্চিত করতে পারলে অর্থনীতিও দারুণভাবে উপকৃত হয়|রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্বল নিয়ন্ত্রণ কাঠামো, বিভিন্ন প্রাকৃতিক (যেমন খরা অথবা বন্যা) ও স্বাস্থ্যগত (যেমন করোনা মহামারি) দুর্যোগ আর্থিক ও অর্থনৈতিক মহামন্দার কারণ হয়ে দাঁড়ায়| পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, যেগুলো একটি দেশের জননিরাপত্তা পরিস্থিতি ও অর্থনৈতিক উন্নয়নের গতিপথ নির্ধারণ করে দেয়| ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা কীভাবে ব্যবসায়িক পরিবেশকে ধ্বংস করে দেয়, তা তো সাম্প্রতিক ঘটনাবলীতেই স্পষ্ট| মব ভায়োলেন্স, সড়ক অবরোধ করে আন্দোলন, শিল্প-কারখানায় অস্থিরতা ইত্যাদির মাধ্যমে দেশের ব্যবসাবাণিজ্য গতি হারাচ্ছে| আস্থার সংকটে পড়ে নিম্নমুখী হচ্ছে বিনিয়োগ প্রবাহ|দেশের অর্থনীতিকে উত্তরণের ট্র্যাকে ফিরিয়ে আনতে জননিরাপত্তা জোরদারের কোনো বিকল্প নেই| আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এই দায়িত্ব বাংলাদেশ পুলিশের ওপর সিংহভাগ বর্তায়| কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তির পরিবেশ বজায় রাখা কি কেবলই পুলিশের দায়িত্ব? রাষ্ট্র কাঠামোর অন্যান্য অংশীজনরা এগিয়ে না এলে পুলিশের একার পক্ষে কি সামাজিক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব? এর উত্তর একটাই—না| জনগণ যদি দেশকে ভালোবেসে স্বেচ্ছায় এর কল্যাণে কাজ না করে, তবে কেবল কঠোরতার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়| এটাই জননিরাপত্তার মূলনীতি—জনগণের অংশগ্রহণের মাধ্যমেই নিরাপদ পরিবেশ তৈরি| বাংলাদেশ পুলিশকে এজন্য কমিউনিটি পুলিশিংয়ের ওপর জোর দিতে হবে| নিরাপত্তা কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করতে পারলে আস্থার পরিবেশ তৈরি হবে, যা ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও সর্বোপরি অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যাবশ্যকীয় শর্ত|

রাষ্ট্র কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান: জননিরাপত্তা

জননিরাপত্তা হলো রাষ্ট্রের এমন এক অবিচ্ছেদ্য কর্তব্য, যা জনগণ, প্রতিষ্ঠান ও সমাজকে বহুমুখী ঝুঁকি থেকে সুরক্ষিত রেখে তাদের কল্যাণ ও সমৃদ্ধিতে ভূমিকা রাখে| জননিরাপত্তার মূল উদ্দেশ্য হলো সমাজে সার্বিক শৃঙ্খলা, স্থিতিশীলতা, শান্তি ও কল্যাণ নিশ্চিত করা|জননিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো নাগরিক সুরক্ষা, যা ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের বিপদ ও হুমকি থেকে রক্ষা করে| সঠিক ও সময়োপযোগী গোয়েন্দা তথ্য ব্যবহার করে সম্ভাব্য হুমকি মোকাবিলা ও ক্ষতি প্রতিরোধও জননিরাপত্তার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ| এছাড়া অপরাধ, অগ্নিকাণ্ড বা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতি মোকাবেলার জন্য পূর্বপ্রস্তুতি ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করাও এর অন্তর্ভুক্ত|জননিরাপত্তার অর্থ কেবল বড় ধরনের ঝুঁকি মোকাবিলাই নয়, বরং দৈনন্দিন জীবনের মানোন্নয়নও জরুরি| এছাড়া অবৈধ মাদকদ্রব্য ব্যবহার, কোনো জায়গা বা অন্যের সম্পত্তিতে অনধিকার প্রবেশ অথবা জনসমাগমে বিশৃঙ্খলার মতো সমস্যার সমাধান জননিরাপত্তার অংশ| এর মাধ্যমে সমাজের সামগ্রিক নিরাপত্তা, কল্যাণ ও অধিকার সংরক্ষণ নিশ্চিত হয় এবং সবার জন্য একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে ওঠে|আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ ও অন্যান্য বেসামরিক নিরাপত্তা সংস্থা অপরাধ প্রতিরোধ ও জনশৃঙ্খলা বজায় রাখার কাজে সর্বদা নিয়োজিত থাকে| অগ্নিনির্বাপক বাহিনীর মতো সংস্থাগুলো দুর্যোগ বা দুর্ঘটনার সময় জনগণকে তাৎক্ষণিক সহায়তা ও সুরক্ষা প্রদান করে| প্রশাসনিক সংস্থাগুলোও জননিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে| এসব প্রতিষ্ঠান ও কার্যক্রমের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়|

নাগরিকের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার: অর্থনৈতিক উন্নয়ন

অর্থনৈতিক উন্নয়ন হলো একটি দেশের উৎপাদনশীলতা ও সেবার পরিমাণ বৃদ্ধির প্রক্রিয়া| অর্থনীতির ঊর্ধ্বমুখিতা পরিমাপের জন্য সবচেয়ে বেশি যে মানদণ্ড ব্যবহৃত হয়, সেটি হলো মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি| কোনো একটি নির্দিষ্ট সময়ে (যেমন এক বছরে) ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির অর্থ হলো, সামগ্রিকভাবে দেশে আগের বছরের তুলনায় এই পরিমাণ পণ্য ও সেবা বেশি উৎপাদন হয়েছে| অবশ্য জিডিপি প্রবৃদ্ধি ছাড়াও অর্থনীতির সম্প্রসারণ নির্দেশক আরও কিছু মাপকাঠি রয়েছে, যেগুলো একটি বৃহত্তর ও সুস্থ অর্থনীতির ইঙ্গিত দেয়|অর্থনৈতিক উন্নয়নের পেছনে বিভিন্ন প্রভাবক কাজ করে| এগুলোর মধ্যে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন, মূলধনী বিনিয়োগ, দক্ষ শ্রমশক্তি, পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি, নাগরিকদের ক্রয়সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয় অর্থনীতির গতি বাড়ায়|

অর্থনৈতিক উন্নয়ন প্রতিটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ| এটি নাগরিকদের আয় ও জীবনমান উন্নত করতে সহায়তা করে| অর্থনীতির ইতিবাচক পরিবেশ ব্যবসা ও ব্যক্তির জন্য নতুন সুযোগ তৈরি করে, যার ফলে কর্মসংস্থান বৃদ্ধি ও সার্বিক সমৃদ্ধি হয়| পাশাপাশি এটি একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্য ও গতিশীলতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করে|অর্থনৈতিক অগ্রযাত্রায় পরিপূরক জননিরাপত্তাজননিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আলাদা দুটি ধারণা হলেও বাস্তবে তারা পরস্পরের আন্তঃসম্পর্কযুক্ত| একটির অভাব অন্যটির অগ্রগতি বাধাগ্রস্ত করে| তাই বলা যায়, নিরাপত্তা ও উন্নয়ন একই মুদ্রার এপিঠ-ওপিঠ|

পারস্পরিক শক্তিবৃদ্ধি: অর্থনৈতিক উন্নয়নের জন্য জননিরাপত্তা অপরিহার্য| আবার জননিরাপত্তা জোরদারের জন্য অর্থনৈতিক উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ| একটি দেশ যখন উন্নতির পথে এগোয়, তখন তার রাজস্বভাণ্ডার শক্তিশালী হয়| ফলে পুলিশ, সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ নিরাপত্তা বাহিনীগুলোর আধুনিকীকরণে বিনিয়োগ করা সম্ভব হয়| আবার শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার কারণে বিনিয়োগকারীরা আস্থা পায়, যার ফলে নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি হয়|

দুষ্টচক্রের ঝুঁকি: নিরাপত্তাহীনতা জাতীয় অর্থনীতিকে ধ্বংসাত্মক দুষ্টচক্রে ফেলে দিতে পারে| উদাহরণস্বরূপ, যুদ্ধ বা সন্ত্রাসবাদে জর্জরিত দেশে বিদেশি বিনিয়োগ প্রবাহ বন্ধ হয়ে যায়, ব্যবসা প্রতিষ্ঠানগুলো উৎপাদন কমিয়ে দেয়, বেকারত্ব বাড়ে| অর্থনৈতিক মন্দা মানুষের মধ্যে অসন্তোষ বাড়ায়, যা নতুন করে সহিংসতা ও অপরাধ জন্ম দেয়| ফলে দেশ এক দুষ্টচক্রে আটকে পড়ে, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে|

নিরাপত্তাহীনতায় ব্যাহত উন্নয়ন:জননিরাপত্তাহীন পরিবেশে সরকারকে বাধ্য হয়ে সামরিক ব্যয় বাড়াতে হয়| প্রতিরক্ষা খাতে বাড়তি অর্থ ব্যয়ের ফলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বরাদ্দ কমে যায়| এর ফলে উন্নয়নের গতি শ্লথ হয়ে যায়| নিরাপত্তাহীনতা শুধু বিনিয়োগ নিরুৎসাহিত করে না, বরং দেশের উন্নয়ন পরিকল্পনার পথেও প্রতিবন্ধকতা তৈরি করে|

বিনিয়োগ ও উৎপাদনশীলতার ক্ষতি:যেখানে নিরাপত্তা নেই, সেখানে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চান না| দেশীয় বিনিয়োগকারীরা মূলধন বিদেশে স্থানান্তর করেন, আর বিদেশি বিনিয়োগকারীরা বিকল্প দেশগুলোয় চলে যান| এতে কর্মসংস্থান কমে, উৎপাদনশীলতা হ্রাস পায় ও সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়| এর প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়ে|

সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা:অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব ও দারিদ্র্য অনেক সময় নিরাপত্তাহীনতার জন্ম দেয়| আবার নিরাপত্তাহীনতা অর্থনৈতিক বৈষম্য আরও বাড়িয়ে দেয়| রাজনৈতিক সহিংসতা, সামাজিক অস্থিরতা অথবা ধর্মীয় সংঘাত অর্থনীতির জন্য ভয়াবহ প্রভাব বয়ে আনে| এ ধরনের পরিস্থিতি থেকে বের হতে হলে সরকারকে অবশ্যই একটি সমন্বিত কৌশল নিতে হয়, যেখানে অর্থনৈতিক উন্নয়ন ও জননিরাপত্তা একসাথে অগ্রাধিকার পায়|

প্রয়োজন সমন্বিত দৃষ্টিভঙ্গি:দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য শুধু অর্থনৈতিক নীতি প্রণয়নই যথেষ্ট নয়| এর সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ| এজন্য একটি সমন্বিত কৌশল প্রয়োজন, যেখানে আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার, রাজনৈতিক স্থিতিশীলতা—সবকিছু একসাথে বিবেচনায় নেওয়া হবে| এ ধরনের সমন্বিত নীতি বাস্তবায়িত হলে দেশ নিরাপদ থাকবে এবং উন্নয়নের পথ সুগম হবে|জাতীয় অর্থনীতিতে জননিরাপত্তা কীভাবে ভূমিকা রাখে
অর্থনীতি ও উন্নয়ন একটি দেশের স্থিতিশীলতার ওপর অনেকাংশে নির্ভরশীল| উৎপাদন, বিনিয়োগ ও বাণিজ্য তখনই গতি পায়, যখন আস্থার পরিবেশ বিরাজ করে| জননিরাপত্তার মাধ্যমে একটি নিরাপদ ও পূর্বানুমানযোগ্য পরিবেশ নিশ্চিত করা হয়, যেখানে ব্যক্তি, প্রতিষ্ঠান ও গোষ্ঠী নিশ্চিন্তে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে| জননিরাপত্তা কীভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখে, তা তুলে ধরা হলো—

স্থিতিশীল পরিবেশ সৃষ্টি:অর্থনৈতিক কার্যক্রম সফলভাবে চালানোর জন্য সামগ্রিক স্থিতিশীলতা অপরিহার্য| কৃষক যদি মনে করেন যে তার ফসল চুরি হয়ে যাবে, ব্যবসায়ী যদি আশঙ্কা করেন যে তার কারখানা ভাঙচুর হতে পারে কিংবা বিনিয়োগকারীর মনে যদি এই আস্থাহীনতা ভর করে যে রাজনৈতিক অস্থিরতায় তার মূলধন হারিয়ে যাবে, তাহলে কেউই অর্থনৈতিক কর্মকাণ্ডে উৎসাহিত হবে না| জননিরাপত্তা ঠিক এই স্থিতিশীলতাই নিশ্চিত করে| একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারে| আস্থার পরিবেশে নতুন নতুন বাজার তৈরি হয়, যার সুবাদে বিনিয়োগ ও কর্মসংস্থান দুটোই বাড়ে|

সম্পদের সুরক্ষা:অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সম্পদ| শিল্প কারখানা, কৃষিজ উৎপাদন, ঘরবাড়ি কিংবা অবকাঠামো—সবকিছুই সম্পদ| জননিরাপত্তা এই সম্পদের সুরক্ষা নিশ্চিত করে| নিরাপত্তার ঘাটতি থাকলে ডাকাতি, চুরি, দস্যুতা কিংবা ভাঙচুরের আশঙ্কা বাড়ে, যা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে| আবার পর্যাপ্ত নিরাপত্তা থাকলে উদ্যোক্তারা নিশ্চিন্তে ব্যবসায়িক সম্প্রসারণ ঘটাতে পারেন| উদাহরণ হিসেবে বলা যায়, একটি নিরাপদবন্দর একটি দেশের আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধিতে অবদান রাখে| কারণ ব্যবসায়ীরা নিশ্চিত থাকেন যে, তাদের পণ্য নির্ধারিত সময়ে উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে|

আইনগত কাঠামো রক্ষা: একটি সুদৃঢ় অর্থনীতি টিকে থাকে সঠিক নিয়ম-কানুন ও চুক্তি যথাযথ প্রতিপালনের ওপর| জননিরাপত্তা আইন ও বিচারব্যবস্থার কার্যকারিতা বজায় রাখে| আদালত, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যবসায়িক চুক্তি, সম্পত্তির অধিকার ও আর্থিক লেনদেনের বৈধতা নিশ্চিত করে| এ ধরনের আইনি নিশ্চয়তা না থাকলে বাজার ব্যবস্থা ভেঙে পড়ে| কারণ তখন কেউ আর নিয়ম মেনে কাজ করতে আগ্রহী হয় না|

সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখা: জননিরাপত্তার আরেকটি বড় অবদান হলো দৈনন্দিন সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা| হরতাল, দাঙ্গা, সন্ত্রাসবাদ বা সহিংসতার কারণে যখন স্বাভাবিক পরিবহন, ব্যবসা বা শিক্ষা ব্যবস্থা ব্যাহত হয়, তখন সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়| জননিরাপত্তা এই ক্ষতি ঠেকায় এবং একটি অবিচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করে, যেখানে শিল্প, বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে|

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা

জননিরাপত্তায় বাংলাদেশ পুলিশের ভূমিকা বহুমাত্রিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ| দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখা, নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ ও তদন্ত পরিচালনা, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ইত্যাদির মাধ্যমে পুলিশ রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতা বজায় রাখে| জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাজ কেবল ঐতিহ্যগত আইন প্রয়োগেই সীমাবদ্ধ নয়, বরং তারা আধুনিক প্রযুক্তি, কমিউনিটি পুলিশিং ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেও নিরাপত্তা জোরদার করে|আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ| তারা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আইন প্রয়োগ করে ও সুশাসন নিশ্চিত করে| অপরাধ প্রতিরোধ ও শনাক্তকরণের দায়িত্বও পুলিশের ওপর ন্যস্ত| অপরাধ সংঘটিত হওয়ার আগে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা, অপরাধ সংঘটিত হলে দ্রুত তদন্ত পরিচালনা ও অপরাধীদের বিচারের আওতায় আনার মাধ্যমে পুলিশ তাদের মৌলিক দায়িত্ব পালন করে|অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনা সন্ত্রাসবাদ, নাশকতা বা অন্যান্য হুমকির মতো জটিল সমস্যার মোকাবিলা করতে সহায়তা করে| জাতীয় স্থিতিশীলতা বজায় রাখতে এসব কার্যক্রম অপরিহার্য| বাংলাদেশ পুলিশ এই দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে রাষ্ট্রীয় শান্তি প্রতিষ্ঠায় অনবদ্য ভূমিকা রাখে|দুর্যোগ ব্যবস্থাপনাতেও পুলিশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে| প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাথমিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করে, উদ্ধার তৎপরতা পরিচালনা করে ও শৃঙ্খলা বজায় রাখে| এই ধরনের কর্মকাণ্ড শুধু তাৎক্ষণিক নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আস্থা ও সহায়তার পরিবেশ তৈরি করে|সাম্প্রতিক বছরগুলোয় কমিউনিটি এনগেজমেন্ট বা সামাজিক অংশীদারিত্বমূলক পুলিশিং ব্যবস্থা বাংলাদেশ পুলিশের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে| স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে ও সমাধান খুঁজে বের করার এই পদ্ধতি জনআস্থা বৃদ্ধি করে, অপরাধের ঝুঁকি হ্রাস করে এবং নাগরিকদের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নত করে|বাংলাদেশ পুলিশ ট্রান্সন্যাশনাল অপরাধের মতো জটিল হুমকির বিরুদ্ধেও সক্রিয় ভূমিকা পালন করে| মানব পাচার, মাদকদ্রব্য চোরাচালান, সাইবার অপরাধ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে| এভাবে তারা কেবল অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাতেও অবদান রাখছে|জননিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশের কাজ একটি বহুমাত্রিক প্রক্রিয়া| আইন প্রয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন, স্থানীয় জনগণের অংশগ্রহণ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই দায়িত্ব আরও কার্যকর ও ফলপ্রসূ হয়ে উঠছে| সমন্বয়ে পরিচালিত এই প্রচেষ্টার মাধ্যমে তারা সমাজে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হচ্ছে|

ভূমিকা রাখছে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলো যেমন ট্যুরিস্ট পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| তাদের কার্যক্রম বিভিন্ন খাতে নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করে বিনিয়োগ, পর্যটন ও শিল্পের বিকাশে সহায়তা করছে| নিচে প্রধান কয়েকটি দিক তুলে ধরা হলো:

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ:ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দেশের শিল্পাঞ্চল, বিশেষত গার্মেন্টস ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে (ইপিজেড) আইন-শৃঙ্খলা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে| শ্রমিক অসন্তোষ, শিল্পদুর্ঘটনা বা নাশকতা প্রতিরোধে তাদের দ্রুত পদক্ষেপ উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখে| নিরাপদ ও স্থিতিশীল শিল্পাঞ্চল বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়, যা রপ্তানি আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে|

ট্যুরিস্ট পুলিশ:ট্যুরিস্ট পুলিশ দেশের পর্যটন খাতে নিরাপত্তা ও সেবা নিশ্চিত করে| কক্সবাজার, সেন্টমার্টিন, সিলেট বা কুয়াকাটার মতো পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা বজায় রাখা, দিকনির্দেশনা প্রদান ও অপরাধ প্রতিরোধের মাধ্যমে তারা পর্যটকদের আস্থা বৃদ্ধি করে| এর ফলে দেশি-বিদেশি পর্যটক সংখ্যা বাড়ে, যা স্থানীয় আতিথেয়তা সেবা, পরিবহন, হস্তশিল্প ও অন্যান্য ব্যবসার আয় বাড়িয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করে|

হাইওয়ে পুলিশ:হাইওয়ে পুলিশ দেশের মহাসড়কে যানবাহনের নিরাপত্তা, দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও পণ্য পরিবহনের স্বাভাবিকতা নিশ্চিত করে| সড়কপথের নিরাপত্তা উন্নতহলে পণ্য পরিবহন খরচ ও ক্ষতি কমে যায়, যা ব্যবসা ও শিল্প খাতে খরচ কমানো এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়তা করে|সাইবার ক্রাইম ইউনিট: ডিজিটাল লেনদেন ও অনলাইন ব্যবসা বৃদ্ধি সাইবার নিরাপত্তার ওপর নির্ভরশীল| সাইবার ক্রাইম ইউনিট অনলাইন প্রতারণা, হ্যাকিং, আর্থিক জালিয়াতির মতো অপরাধ নিয়ন্ত্রণ করে| এর ফলে ডিজিটাল অর্থনীতির প্রতি ব্যবসায়ী ও সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পায়|সব মিলিয়ে বিশেষায়িত ইউনিটগুলোর দক্ষতা অর্থনীতির বিভিন্ন খাতের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করে| পর্যটন আয় বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পের বিকাশ, অবকাঠামো ব্যবহার দক্ষতা, ডিজিটাল ব্যবসার নিরাপত্তা—সবকিছু মিলিয়ে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে।চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ জরুরি
বাংলাদেশ পুলিশের জননিরাপত্তার দায়িত্ব পালনে কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে, যা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে বাধা সৃষ্টি করে.

প্রথমত, সীমিত জনবল ও সম্পদ একটি বড় সমস্যা| জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অপর্যাপ্ত হওয়ায় দ্রুত প্রতিক্রিয়া (ফার্স্ট রেসপন্স) ও মানসম্মত সেবা প্রদান অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে| আধুনিক অপরাধ মোকাবেলায় প্রয়োজনীয় প্রযুক্তির সন্নিবেশ ও লজিস্টিকস চেইনে সীমাবদ্ধতা সৃষ্টি করে অপ্রতুল বাজেট ও সরঞ্জাম| তাছাড়া প্রশাসনিক জটিলতা ও আমলাতান্ত্রিক প্রক্রিয়া পুলিশের দক্ষ সিদ্ধান্ত গ্রহণ ও তৎপরতাকে প্রভাবিত করে|

দ্বিতীয়ত, অপরাধের ধরনে পরিবর্তন পুলিশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে| সাইবার অপরাধ, অর্থপাচার, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ ও মানব পাচারের মতো জটিল ও আন্তঃসীমান্তীয় অপরাধ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে|

অনেক ক্ষেত্রে পুলিশের প্রথাগত তদন্ত পদ্ধতি এসব অপরাধ মোকাবেলার জন্য যথেষ্ট নয়| আধুনিক ডিজিটাল অপরাধের ক্ষেত্রে পর্যাপ্ত সাইবার ফরেনসিক ল্যাব ও উন্নত তথ্য-উপাত্ত বিশ্লেষণের ঘাটতি রয়েছে|

তৃতীয়ত, প্রযুক্তিগত ও দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি| উন্নত যোগাযোগ ব্যবস্থা, নজরদারি প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অপরাধ পূর্বাভাস ব্যবস্থা এখন প্রয়োজনীয় মাত্রায় পৌঁছায়নি| পুলিশের পেশাগত প্রশিক্ষণে আধুনিক অপরাধ ও ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল অন্তর্ভুক্ত করা জরুরি|

চতুর্থত, অন্যান্য দেশের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগানো একটি গুরুত্বপূর্ণ করণীয়| উদাহরণস্বরূপ, সিঙ্গাপুর ও জাপানের মতো দেশগুলো কমিউনিটি পুলিশিং ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবেলায় সাফল্য অর্জন করেছে| এসব মডেল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ পুলিশের কৌশলগত পরিকল্পনা হালনাগাদ করা যেতে পারে| আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার (যেমন ইন্টারপোল, ইউএনওডিসি) সঙ্গে সমন্বয় বাড়ানো হলে মানবপাচার, সাইবার অপরাধ বা মাদক পাচারের মতো আন্তঃসীমান্তীয় অপরাধ মোকাবেলায় বড় অগ্রগতি সম্ভব|

জনগণের আস্থা ও সহযোগিতা ছাড়া জননিরাপত্তার স্থায়ী সমাধান সম্ভব নয়| তাই প্রযুক্তিগত ও সাংগঠনিক সংস্কারের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগানো—এই সমন্বিত পদক্ষেপগুলোই বাংলাদেশের জননিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে পারে|

লেখক
কলামিস্ট ও সাব-এডিটর
ইন্টেলিস সল্যুশন লিমিটেড

সম্প্রতি

নাগরিক সংযোগ