স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর অনন্য উদ্যোগে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণ জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ২০টি নতুন ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করা হয়েছে।বুধবার (৮ অক্টোবর ২০২৫) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপির থানাগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব যানবাহন হস্তান্তর করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পুলিশের যানবাহনের স্বল্পতা রয়েছে।
মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় অর্থ ও শিল্প উপদেষ্টার সহযোগিতায় সরকারিভাবে মোট ২০০টি গাড়ি ক্রয় করা সম্ভব হয়েছে, যা পর্যায়ক্রমে ডিএমপিকে দেওয়া হবে। তিনি আরও জানান, আপাতত ২০০টি পিকআপ যুক্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও পিকআপ ও প্রিজন ভ্যান সংগ্রহ করা হবে।পুলিশের কার্যক্রমে গতিশীলতা বাড়াতে এবং রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এসব যানবাহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের আবাসন সংকটের কথাও উল্লেখ করেন। তিনি জানান, মহানগরের ৫০টি থানার মধ্যে ২৫টি এখনো ভাড়াকৃত ভবনে পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে ৫টি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য থানার স্থাপনাও করা হবে। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাদ আলী স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে গাড়ির চাবি গ্রহণ করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
