রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হলো। কর্মশালার শীর্ষক ছিল “Prospects and Contemporary Challenges of Mobile Financing Service in Bangladesh”, যেখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের যৌথ সহযোগিতায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ লিমিটেডের আয়োজন।
১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বেলা ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় আরএমপি ও রাজশাহী জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (অব.) ও নগদ লিমিটেডের চিফ স্ট্র্যাটেজিক রিলেশনস অ্যান্ড এলইএ অপারেশন অফিসার জনাব এম. মাহাবুব আলম, পিপিএম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম বার, পিএইচডি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।
কর্মশালায় আলোচিত হয়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস(MSF)বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি, দ্রুত লেনদেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে একই সঙ্গে প্রতারণা, মানি লন্ডারিং, সাইবার জালিয়াতি এবং ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারসহ নতুন ধরনের অপরাধের ঝুঁকি বাড়ছে—যা পুলিশ প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ।
আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংক আদেশ ২০১১ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী প্রতিটি লেনদেন যাচাই ও গ্রাহক শনাক্তকরণ বাধ্যতামূলক, এবং এসব আইন কার্যকরভাবে প্রয়োগে পুলিশের সক্ষমতা বৃদ্ধিই নিরাপদ ডিজিটাল আর্থিক লেনদেন নিশ্চিত করবে।
