মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর উদ্যোগে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খুলনা শহরের সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয় “Collaborative Learning and Review Workshop with Youth Group Members” শীর্ষক কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মো. জুলফিকার আলী হায়দার, যিনি তরুণ প্রজন্মের নেতৃত্ব, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, “তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে; তাদের সঠিক দিকনির্দেশনা, শিক্ষা এবং সামাজিক সচেতনতার মাধ্যমে গড়ে তোলা এখন সময়ের দাবি।” পুলিশ কমিশনার তরুণদের মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও আইনবোধ জাগ্রত করে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মশালায় জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তা, প্রশিক্ষণার্থীবৃন্দ ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় মানব পাচার, সাইবার নিরাপত্তা, মাদক প্রতিরোধ ও সামাজিক সহনশীলতা বিষয়ে যৌথ সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক সংগঠনগুলোর এই ধরনের সহযোগিতামূলক কর্মসূচি শুধু তরুণদের নেতৃত্ব বিকাশেই নয়, বরং নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
