ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কনস্টেবল রিয়াদ হোসেন জনশৃঙ্খলা রক্ষায় বুদ্ধিদীপ্ত ও কৌশলী পুলিশিং প্রয়োগের দৃষ্টান্ত হিসেবে রাষ্ট্রমুখী পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন। ২৭ মার্চ, ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদক ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “২০২৫ সালে জনগণের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব কৌশল প্রয়োগের দৃষ্টান্ত হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতির পুলিশ পদক প্রদান করা হলো।” এই পদক রাষ্ট্রপতির অনুমোদিত এবং প্রজ্ঞাপনের তারিখ থেকে কার্যকর।
সম্প্রতি এক আন্দোলনে লাঠিপেটা না করে বরং লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় রিয়াদ হোসেনকে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি প্রশংসায় ভাসতে থাকেন। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে বলেন, “বাংলাদেশ পুলিশের এমন মানবিক ও কৌশলী পদক্ষেপ জনগণের প্রতি দায়িত্বশীলতার অনন্য উদাহরণ।”তার এই কৌশল সহিংসতা এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দক্ষতার পরিচয় দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “পুলিশ বাহিনী জনবান্ধব ও দায়িত্বশীল পুলিশিং কৌশল বাস্তবায়নের দিকে এগোচ্ছে। রিয়াদ হোসেনের এই পদক্ষেপ তারই একটি দৃষ্টান্ত।”
আইজিপি বাহারুল আলম, বিপিএম এই দৃষ্টান্তের জন্য রিয়াদ হোসেনকে অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশ পুলিশ বুদ্ধিদীপ্ত কৌশল প্রয়োগ করে আইনশৃঙ্খলা রক্ষা করে আসছে। রিয়াদ হোসেনের পদক্ষেপ পুলিশ বাহিনীর মানবিক ও পেশাদারিত্বের প্রতিচ্ছবি।”
বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের মান উন্নত করতে এই ধরনের প্রশংসা ও দৃষ্টান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতির এই পদক নিঃসন্দেহে বাংলাদেশ পুলিশের সদস্যদের আরও দায়িত্বশীল, পেশাদার ও জনসেবামূলক কাজে উৎসাহ জোগাবে।
