সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের নিয়ে ‘রোড ক্র্যাশের অন্যতম ঝুঁকি গতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, বিপিএম বলেন, সড়ক নিরাপত্তায় ইঞ্জিনিয়ারিং, এডুকেশন ও এনফোর্সমেন্ট—এই তিনটি ‘ই’-এর সমন্বিত প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় উচ্চগতির ঝুঁকি, গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি, আইন প্রয়োগের ভূমিকা এবং নিরাপদ চেকপয়েন্ট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দুই ব্যাচে মোট ৭৩ জন পুলিশ কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা মাইকেল ফিল্যান্ড ও পল সিমকক্স। সমাপনী অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
খুলনায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বয়রা পুলিশ লাইন্স এবং শিরোমণি আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৩ প্রাঙ্গণে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করা পুলিশের মৌলিক দায়িত্ব। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রশিক্ষণে নির্বাচনী আচরণবিধি, আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
