রবিবার, এপ্রিল ১২, ২০২৬
32 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমলাইফস্টাইলতোমার সবই আছে, তারপরও তুমি দরিদ্র!

তোমার সবই আছে, তারপরও তুমি দরিদ্র!

রাবিয়া নাজরীন
,

বছর দুয়েক আগে ওয়ান্ডারস লিস্ট নামের একটি আন্তর্জাতিক ওয়েবসাইট বিশ্বের সেরা দশটি পুলিশ বাহিনীর তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় সেরা পুলিশের কাতারে জায়গা করে নেওয়ার জন্য কয়েকটি সুনির্দিষ্ট মাপকাঠি ছিল: দক্ষতা, পেশাগত যোগ্যতা, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা ও নাগরিক সেবার মান। তালিকায় শীর্ষস্থান দখল করেছিল ব্রিটিশ পুলিশ। স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে, বাংলাদেশের পুলিশ বাহিনী তো সেই ব্রিটিশ পুলিশেরই সরাসরি উত্তরসূরি; ঔপনিবেশিক আমলের ধারাবাহিকতায় গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান। তাহলে এই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরাও কি গর্ব করতে পারি? যদি উত্তরটা হয় ‘না’, তবে আরেকটি প্রশ্ন রয়েছে—কেন নয়?

এই প্রশ্নের উত্তর হিসেবে বিভিন্ন মহল থেকে বিভিন্ন মত উঠে এসেছে। কেউ কাঠামোগত দুর্বলতার (যেমন—অপর্যাপ্ত বাজেট, আধুনিক প্রযুক্তির অভাব বা সীমিত জনবল) কথা বলেন। আবার কেউ রাজনৈতিক হস্তক্ষেপকে মূল কারণ হিসেবে দেখেন, যা পুলিশের নিরপেক্ষতা ও পেশাদারিত্বে প্রভাব ফেলে। প্রশিক্ষণের ঘাটতি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং দুর্নীতির অভিযোগও প্রায়ই শোনা যায়। এসব বিতর্ক ও মতবিরোধের ভিড়ে যদি সমস্যার মূল সূত্রটি এক কথায় ধরতে হয়, তবে তা হলো মানসিকতার প্রশ্ন। এটি মনস্তাত্ত্বিক অবস্থা বা মাইন্ডসেটের সমস্যা। আমরা কে? আমাদের আসল ভূমিকা কী? রাষ্ট্র ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব কী? এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর আমরা কতটা গভীরভাবে উপলব্ধি করি, সেটাই নির্ধারণ করে দেয় আমাদের কর্মতৎপরতার মান। একজন পুলিশ সদস্য যখন নিজেকে ‘সেবক’ না ভেবে ‘শাসক’ বিবেচনা করেন, তখন তার আচরণে এর প্রতিফলন ঘটে। জনগণের প্রতি শ্রদ্ধাবোধ ও তাদের সমস্যা সমাধানে আন্তরিকতার অভাবই এই মানসিকতার মূল কারণ। এটি কেবল ব্যক্তিকেন্দ্রিক সমস্যা নয়, বরং এটি একটি সামগ্রিক প্রাতিষ্ঠানিক সংস্কৃতি। উদ্বেগের বিষয় হলো, এই সংস্কৃতি চলে আসছে বছরের পর বছর।

রূপান্তরে প্রয়োজন সঠিক মাইন্ডসেট

মানসিক রূপান্তরের দায়িত্ব যে কেবল পুলিশ সদস্যদেরই, তা কিন্তু নয়; বরং সমাজবিজ্ঞানী, নিরাপত্তা বিশ্লেষক, গবেষক ও নীতিনির্ধারকদেরও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। একটি আধুনিক, জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গঠনে সঠিক মাইন্ডসেট বা মানসিক কাঠামো থাকা অপরিহার্য। এই সঠিক মাইন্ডসেট হলো—‘পুলিশ জনগণের সেবক, শাসক নয়’—এই মূলনীতিকে অন্তরে ধারণ করা। তাদের কাজ হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আস্থা অর্জন করা। আইন প্রয়োগে নিরপেক্ষতা, সততা ও উচ্চ নৈতিক মান বজায় রাখা, কোনো প্রকার রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবে প্রভাবিত না হয়ে দায়িত্ব পালন করা, নিজেদের কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের কাছে নিজেদের কর্মপ্রক্রিয়াকে স্বচ্ছ রাখার মানসিক প্রস্তুতি থাকতে হবে। এতে করে নিজেদের ভুলত্রুটি চিহ্নিত করা ও সংশোধনের সুযোগ তৈরি হবে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা, বলপ্রয়োগের ক্ষেত্রে সংযম ও মানবিক আচরণ প্রদর্শন করার পাশাপাশি নতুন প্রযুক্তি ও আধুনিক কৌশল গ্রহণে আগ্রহী হওয়ার চর্চা গড়ে তুলতে হবে পুলিশ বাহিনীর মধ্যে। এই চর্চা অপরাধ দমন ও জনসেবার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

এই কাঙ্ক্ষিত মানসিকতা অর্জনের পথ সুগম করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে। নিয়মিত ও কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও জনগণের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি করা জরুরি। মানবাধিকার, সাইবার নিরাপত্তা ও কমিউনিটি পুলিশিংয়ের ওপর জোর দিতে হবে। বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঠিক মাইন্ডসেটের মডেল হিসেবে কাজ করা উচিত, যাদের দৃষ্টান্তমূলক আচরণ ও নেতৃত্ব জুনিয়র সদস্যদের অনুপ্রাণিত করবে।

ভালো কাজের জন্য পুরস্কার ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে ইতিবাচক আচরণকে উৎসাহিত করা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা ব্যবস্থার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা অত্যাবশ্যক। কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা এবং নিয়মিতভাবে জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তাদের আস্থা অর্জন করার দিকেও নজর দিতে হবে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে পুলিশের স্বাধীন ও পেশাদার কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার দৃঢ় অঙ্গীকার থাকতে হবে। বাংলাদেশ পুলিশ একটি বিপুলায়তন ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ব্রিটিশ পুলিশের গৌরবময় উত্তরাধিকার বহন করার ক্ষমতা তাদের রয়েছে, যদি তারা সঠিক মানসিকতা নিয়ে কাজ করে। একটি সত্যিকারের জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে এই আত্মজিজ্ঞাসা ও মনস্তাত্ত্বিক পরিবর্তন অত্যন্ত জরুরি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়।

ভারসাম্যপূর্ণ জীবনই সবচেয়ে বড় সম্পদ

অ্যারিস্টটল ওনাসিস নামে এক গ্রিক ধনকুবের ছিলেন, যার জীবন ছিল যেন উত্থান–পতনের মহাকাব্য। যৌবনে তিনি ছিলেন একজন সাধারণ টেলিফোন অপারেটর, কাজ করতেন সুদূর আর্জেন্টিনায়। কৌতূহলবশত তার মধ্যে এক অদ্ভুত অভ্যাস গড়ে ওঠে। ফোনে আড়ি পাততে শুরু করেন তিনি। আর এই অভ্যাসই বদলে দেয় তার জীবনের মোড়। এর মাধ্যমে তিনি বড় বড় ব্যবসায়িক চুক্তি, অর্থনীতির উত্থান–পতনের গোপন খবর জানতে শুরু করেন। একবার এরকম এক ব্যবসায়িক সম্ভাবনার কথা জানতে পেরে তিনি নিজেই বিনিয়োগ করেন এবং অভাবনীয় সাফল্য পান। এই সূত্র ধরেই তার ব্যবসার চাকা ঘুরতে শুরু করে। ধাপে ধাপে তিনি পরিণত হন বিশ্বের অন্যতম আলোচিত ধনকুবেরে।

তার প্রমোদতরী ‘ক্রিস্টিয়ানা ও’ ছিল সে সময় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ইয়টগুলোর একটি। এই ইয়টে দেশ–বিদেশের বহু প্রভাবশালী ও ক্ষমতাবান ব্যক্তিত্ব বেড়াতে এসেছিলেন। তাদের মধ্যে মেরিলিন মনরো, উইনস্টন চার্চিল, গ্রেটা গার্বো, ফ্রাঙ্ক সিনাত্রার নাম উল্লেখযোগ্য। ওনাসিস মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির বিধবা স্ত্রী জ্যাকলিন কেনেডিকে বিয়ে করেন। কথিত আছে, এই বিয়েতে জ্যাকলিনের প্রতি আবেগ বা ভালোবাসার চেয়ে তার ক্ষমতা আর অহমিকা প্রদর্শনের ইচ্ছাই প্রবল ছিল। ওনাসিস নাকি কাউকে কোনো কিছু দান করতেন না। তিনি প্রায়শই বলতেন, তিল তিল পরিশ্রমে যে সম্পদ আমি গড়েছি, তা কেন আমি দান করব?

তবে এত প্রাচুর্য, খ্যাতি আর ক্ষমতা পেয়েও কি অ্যারিস্টটল ওনাসিস সুখী ছিলেন? উত্তরটা সম্ভবত না। একবার মাউন্ট এথোসে গিয়ে তিনি এক সাধকের দেখা পান। সেই সাধক তাকে বলেছিলেন, “দেখো ওনাসিস, তোমার সব আছে, তারপরও তুমি দরিদ্র।” ওনাসিস নিজেও স্বীকার করেছিলেন, প্রাচুর্যের অতল পাহাড়ের ওপর বসেও তার জীবনে শান্তি বা তৃপ্তি ছিল না। জীবনের শেষলগ্নে তার পরিবারেও নেমে আসে চরম বিপর্যয়। তার প্রথম বৈবাহিক জীবনে দুটি সন্তান ছিল। একজন ছেলে আলেকজান্ডার ওনাসিস, যিনি তরুণ বয়সেই এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। অ্যারিস্টটল ওনাসিসের বিশাল সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী মেয়ে ক্রিস্টিয়ানা ওনাসিসও আত্মহত্যা করেন। এর অর্থ দাঁড়ায়—ভুল মাইন্ডসেটে থাকা মানুষ সম্পদশালী হয়েও সবচেয়ে দরিদ্র ও অসুখী মানুষে পরিণত হতে পারে।

তাহলে সঠিক মাইন্ডসেটটা কী? সঠিক মাইন্ডসেট হলো ভারসাম্যপূর্ণ জীবনযাপনের মাইন্ডসেট। যে জীবনে শারীরিক, মানসিক, আর্থিক, আবেগিক, সামাজিক, আধ্যাত্মিক—সব দিকেরই একটা সুষম ভারসাম্য থাকে।

আজকাল প্রায় প্রতিদিনই আমরা পত্রপত্রিকায় আত্মহত্যার খবর দেখতে পাই। সম্প্রতি আমাদের পুলিশ বাহিনীর একজন কর্মকর্তাও এই দুঃখজনক পরিণতির তালিকায় যুক্ত হয়েছেন, যা আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। পারিবারিক টানাপড়েনের ঘটনার পেছনেও মূলত একই সংকট—জীবনে ভারসাম্যের অভাব। অ্যারিস্টটল ওনাসিসের মতো ধনকুবেরের অতৃপ্তি কিংবা এক পুলিশ কর্মকর্তার মর্মান্তিক পরিণতি—দুটোই আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনে ভারসাম্য না থাকলে সাফল্য, প্রাচুর্য কিংবা ক্ষমতাও তৃপ্তি এনে দিতে পারে না।

ভারসাম্য এক গভীর দার্শনিক ধারণা, যা সহজে ধরা যায় না। কিন্তু জীবনকে পরিপূর্ণ করতে এটি অপরিহার্য। একটি ভারসাম্যপূর্ণ জীবনই পারে আমাদের শারীরিক, মানসিক, আর্থিক, আবেগিক, সামাজিক ও আধ্যাত্মিক—এই ছয়টি দিকেই সমৃদ্ধ করে তুলতে।

তবে প্রশ্ন হলো, এই ভারসাম্য আসবে কোথা থেকে? চলুন আমরা কিছু সহজ কিন্তু কার্যকর করণীয় ও বর্জনীয় কাজ জেনে নিই, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমরা নিজেদের জীবনকে ভারসাম্যপূর্ণ করে তুলতে পারি। এতে করে আমরা যেমন জনৈক পুলিশ কর্মকর্তার মতো অনাকাঙ্ক্ষিত পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে পারব, তেমনি অ্যারিস্টটল ওনাসিসের মতো সম্পদের প্রাচুর্যের পরিবর্তে সত্যিকারের সুখ ও তৃপ্তি খুঁজে পেতে পারি।

করণীয়

‘না’ বলতে শিখুন—নিজেকে ও অন্যকে: ভারসাম্যের জন্য এটি প্রথম শর্ত। আমরা অনেকেই ‘সব কাজের কাজী’ হতে চাই, কিন্তু এর ফল হয় উল্টো। সব কাজ ঠিকভাবে করতে না পারার কারণে কোনো কাজই ভালোভাবে সম্পন্ন হয় না। তাই ‘না’ বলতে শেখাটা জরুরি—অন্যকে, এমনকি নিজেকেও।

নিয়মিত ব্যায়াম ও আত্মিক চর্চায় মনোনিবেশ করুন: শারীরিক সুস্থতা যেকোনো পেশার জন্যই অপরিহার্য। পুলিশ বাহিনীর জন্য তা আরও বেশি প্রাসঙ্গিক। শৃঙ্খলা, শক্তি ও ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত ব্যায়ামই মৌলিক ভিত্তি। কোয়ান্টাম ইয়োগা টিমের উদ্যোগে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণে বিশেষ ইয়োগা কার্যক্রম এই গুরুত্বেরই প্রমাণ। তবে শুধু দেহচর্চা নয়, মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণ অর্জনের জন্যও কিছু অনুশীলনের প্রয়োজন পড়ে। এই প্রেক্ষাপটে আত্মিক ও মানসিক ভারসাম্য রক্ষায় নিয়মিত নামাজ, জিকির ও কোরআন তিলাওয়াত বিশেষ উপকারী হতে পারে। ইসলামে সবসময়ই আত্মসংযম ও মনোসংযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যান্য ধর্মের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

নিয়মিত সঞ্চয়ে মানসিক চাপমুক্তি: আমরা উপার্জন করি বটে, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে অনেক সময় বে-হিসেবি হয়ে পড়ি। অর্থাৎ প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আমাদের কত টাকা খরচ হচ্ছে, তা আমরা অনেকেই জানি না। এই কারণে বিশেষজ্ঞরা আয়–ব্যয়ের হিসাব লিখে রাখার পরামর্শ দেন। একটি সুচিন্তিত বাজেট আপনাকে আপনার আর্থিক অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেবে এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে সাহায্য করবে। আর সঞ্চয়? মাসিক আয়ের অন্তত ১০–২০ শতাংশ সঞ্চয় করা উচিত। আর বিনিয়োগ করতে হলে, তা হতে হবে সুচিন্তিত ও সচেতনভাবে। আর্থিক নিরাপত্তা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে এবং ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করবে।

পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের বিকল্প নেই: আধুনিক মানুষের জীবনে অন্য সবকিছুর জন্য সময় ক্রমান্বয়ে বাড়লেও ঘুমের জন্য সময় কমেছে। বলা হয়, গত ৫০ বছরে মানুষের ঘুমের সময় থেকে গড়ে দেড় থেকে আড়াই ঘণ্টা কমে গেছে। অথচ ঘুম মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিকমতো না ঘুমোলে আপনি সিদ্ধান্ত গ্রহণে ভুল করবেন, মেজাজ খিটখিটে হবে এবং কর্মদক্ষতা কমে যাবে। গড়ে ৭–৮ ঘণ্টা গভীর ঘুম প্রয়োজন। অবশ্য যদি নিয়মিত দুই বেলা মেডিটেশন করেন, তাহলে ছয় ঘণ্টা ঘুম যথেষ্ট হতে পারে।

সম্পর্কে সময় দিন: ১৯৩৮ সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছিল এক যুগান্তকারী গবেষণা ‘দ্য হার্ভার্ড স্টাডি অব অ্যাডাল্ট ডেভেলপমেন্ট’। হার্ভার্ড কলেজের কিছু টিনএজ শিক্ষার্থী ও বোস্টনের বস্তি এলাকার কিছু কিশোর–তরুণকে নিয়ে শুরু হওয়া এই গবেষণা চলেছে দীর্ঘ ৮৫ বছর ধরে। প্রতি দুই বছর পর পর অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ রাখা হতো—কখনও প্রশ্নমালা পাঠিয়ে, কখনও বাসায় গিয়ে বিস্তারিত কথা বলে বা সাক্ষাৎকারের মাধ্যমে। প্রথমে মোট ৭২৪ জনকে নিয়ে গবেষণাটি শুরু হয়েছিল। ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৬০ জন বেঁচে ছিলেন। এদের মধ্যে কেউ কেউ সফল চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী বা চাকুরিজীবী হয়েছেন। একজন তো আমেরিকার প্রেসিডেন্টও হয়েছিলেন। তবে কেউ কেউ আবার সিজোফ্রেনিয়া ও অ্যালকোহল আসক্তিতেও ভুগেছেন।

এই দীর্ঘ গবেষণার ফল কিন্তু খুব জটিল নয়, বরং খুব সহজ ও সরল। গবেষণায় দেখা গেছে, সামাজিক সংযোগ বা সোশ্যাল ইন্টারঅ্যাকশন মানুষকে দীর্ঘজীবী করে। অন্যদিকে, নিঃসঙ্গতা অকাল মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তবে এখানে সম্পর্কের সংখ্যার চেয়ে গুণগত দিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কতজন মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন, সেটি মুখ্য নয়; বরং সেই সম্পর্কগুলো কতটা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মমতায় পরিপূর্ণ, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই ধরনের আন্তরিক ও গভীর সম্পর্ক মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে। গবেষণায় অংশগ্রহণকারী অনেকেই ৮০ বছর বয়সেও চনমনে ছিলেন। এমনকি ৯০ বছর বয়সেও তাদের স্মৃতিশক্তি প্রায় অক্ষুণ্ন ছিল। অতএব পরিবার, বন্ধু ও কমিউনিটির সঙ্গে ভালো সময় কাটান।

আধ্যাত্মিক বিকাশে মনোযোগ দিন: মানুষ জন্মগতভাবেই সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করতে চায়। এক অসীম ও পরম সত্তায় বিশ্বাস স্থাপনের আকুতি মানুষ তার জেনেটিক ব্লুপ্রিন্টেই বহন করে। তাই তো সবকিছু পাওয়ার পরও কোথাও যেন একটা অপূর্ণতা থেকে যায়। এটাই মানবীয় প্রকৃতি। আত্মিক শূন্যতা মানুষ কোনো না কোনোভাবে পূরণ করবেই। তাই ধর্মীয় বই পড়ুন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন এবং ধর্মীয় শিক্ষার মর্মকে জীবনে কাজে লাগান। এটি আপনার আত্মাকে শান্তি দেবে এবং জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করবে।

স্বেচ্ছাসেবায় মনের তৃপ্তি: এটা এমন একটি কাজ, যা আপনাকে অনেক বেশি তৃপ্তি ও মানসিক শান্তি দেবে। মানুষ তো কেবল নিজের জন্য পৃথিবীতে আসে না। অন্যকে সাহায্য করলে হৃদয়ে প্রশান্তি আসে এবং কৃতজ্ঞতাবোধ বাড়ে।

বর্জনীয়

নেতিবাচক মানুষের সঙ্গে মিশবেন না: আপনার মানসিক শান্তি নষ্ট হয়, সারাক্ষণ তর্কে সময় কাটে কিংবা আপনাকে হতাশ বা হীনমন্য করে তোলে—এমন সঙ্গ থেকে দূরে থাকুন। এরা যদি আপনার রক্তের সম্পর্কের বা প্রিয়জনও হন, তবুও তাদের সঙ্গে মানসিক দূরত্ব বজায় রাখুন। নেতিবাচকতা সংক্রামক, তাই এর থেকে নিজেকে রক্ষা করা জরুরি।

অতিরিক্ত খাওয়া, দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার ও মাদক গ্রহণ থেকে বিরত থাকুন: অতিরিক্ত পানাহার, স্মার্টফোনে অতিরিক্ত সময় ব্যয়, কিংবা মাদক ও অ্যালকোহলের প্রতি আসক্তি—এসব যেন আপনাকে গ্রাস না করে। আত্মনিয়ন্ত্রণই সুখের অন্যতম প্রধান রহস্য। এই ধরনের আসক্তি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং জীবনের ভারসাম্য সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে।

কাজের দাস হবেন না: চাকরি বা ব্যবসা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে তা পরিবার, স্বাস্থ্য ও আত্মার ত্যাগের বিনিময়ে নয়। যদি আপনি ক্রমাগত ক্লান্ত বা বিরক্ত অনুভব করেন, তবে সেটাকে একটি সতর্ক সংকেত হিসেবে নিন। কাজের প্রতি অতিরিক্ত নিবেদন আপনাকে পুড়িয়ে ফেলতে পারে, তাই কাজের বাইরেও নিজের জন্য সময় বের করুন।

সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন: বিশেষজ্ঞরা এখন প্রায় একমত যে, সোশ্যাল মিডিয়া আসক্তিকর। সোশ্যাল মিডিয়ায় সবাই তাদের সেরাটা দেখায়। সেই চিত্রের সঙ্গে নিজেকে তুলনা করতে গেলে আপনি নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারেন। এখানে যেসব খবর, গুজব বা আলোচনা হয়, তার বেশিরভাগই বিষাক্ত (টক্সিক)। এসব দেখলে বা পড়লে আপনার মানসিক চাপ ও উদ্বেগ বেড়ে যাবে। তাই সোশ্যাল মিডিয়ায় যত কম সময় কাটাবেন, ততই মঙ্গল।

ঋণগ্রস্ত হওয়া থেকে দূরে থাকুন: ঋণগ্রস্ত মানুষ কখনোই শান্তিতে থাকতে পারে না। ঋণের বোঝা মানসিক শান্তি নষ্ট করে এবং উদ্বেগ বাড়ায়। আবার ঋণাসক্ত মানুষ নিজে যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি অন্যের জন্যও বিপদ ডেকে আনেন। তাই নিজে ঋণ থেকে দূরে থাকুন এবং ঋণাসক্ত মানুষদের সঙ্গ থেকেও বিরত থাকুন। আপনার মানসিক শান্তি ও তৃপ্তি যেন কেউ বিঘ্নিত করতে না পারে।

শেষ কথা

জীবনে সাফল্য মানেই শুধু পদোন্নতি, অর্থ কিংবা খ্যাতি নয়। বরং প্রকৃত সাফল্য হলো একটি ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ ও অর্থবহ জীবন গড়ে তোলা। একজন পুলিশ সদস্য হিসেবে প্রতিদিনই আপনাকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়, যা মানসিক ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং। তাই নিজের ভেতরের ভারসাম্য রক্ষা করা শুধু ব্যক্তিগত শান্তির জন্য নয়, বরং পেশাগত উৎকর্ষের জন্যও জরুরি। শরীরচর্চা, আত্মিক অনুশীলন, মেডিটেশন ও সঠিক মাইন্ডসেট—এই কয়েকটি সহজ অভ্যাস আপনাকে করে তুলতে পারে আরও স্থিতধী, আরও মানবিক। মনে রাখুন, আপনি সমাজের একজন রক্ষক। আপনার শক্তি তখনই পূর্ণতা পাবে, যখন আপনার ভেতরেও থাকবে শান্তি ও সংযমের গভীর অনুভব।

লেখক
কনটেন্ট প্রধান ও ক্রিয়েটিভ লিড
কোয়ান্টাম ফাউন্ডেশন

সম্প্রতি

নাগরিক সংযোগ