আজকের বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে ওঠার পথে রয়েছে। সেই পথচলায় নারী পুলিশের অংশগ্রহণ কেবল কোটা পূরণ বা লিঙ্গ সমতা বা আত্মবয়নের বিষয় নয়, বরং তা একটি প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও ন্যায়তা প্রতিষ্ঠার আন্দোলনও বটে। কারণ পুলিশ বাহিনীর মূল ভিত্তিই হলো সাধারণ জনগণের সঙ্গে আস্থা ও অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলা। সেই জনগোষ্ঠীর অর্ধেকই যখন নারী, তখন নারী পুলিশ ছাড়া সেই আস্থা পূর্ণতা পায় না।
নারী পুলিশের সংখ্যা বৃদ্ধি পেলে তা অপরাধ বিশ্লেষণ, পারিবারিক সহিংসতা মোকাবিলা, শিশুকল্যাণ, সমাজ সচেতনতা ও জনগণের সঙ্গে সহানুভূতিশীল আচরণের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, নারী পুলিশ সদস্যরা অনেক বেশি সহনশীল, মানবিক ও সংবেদনশীল আচরণে পারদর্শী। যৌন সহিংসতা, বাল্যবিবাহ বা গার্হস্থ্য নির্যাতনের মতো অপরাধ প্রতিরোধে নারী নেতৃত্ব কার্যকর প্রতিরোধ গড়ে তোলে।
ভারতের দিল্লি পুলিশ গত দশকে নারী পাঠদলিং প্রোগ্রাম চালু করে, যার মাধ্যমে নারী পুলিশ সদস্যরা রাতের বেলা টহল দিয়ে নারীদের প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধে নারীরা অনন্য ভূমিকা রাখছেন। এই উদ্যোগের সফলতার পরবর্তীতে দিল্লির স্কুল, কলেজ ও বাজার এলাকায় নারী পুলিশের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়। শুধু টহল নয়, নারী পুলিশদের নিয়ন্ত্রণে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক প্রকল্পও পরিচালিত হয়, যেখানে কিশোর-কিশোরী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে একযোগে সচেতনতামূলক কর্মসূচি গড়ে তোলা হয়।
আফ্রিকার দেশ রুয়ান্ডাতেও নারী নেতৃত্বের চমৎকার উদাহরণ দেখা যায়। ১৯৯৪ সালের গণহত্যার পর দেশটি যখন সামাজিক পুনর্গঠন ও বিচারিক কাঠামো গড়ার পথে ছিল, তখন সেখানে পুলিশ বাহিনীতে ব্যাপক হারে নারী সদস্য নিয়োগ দেওয়া হয়। বর্তমানে দেশটির পুলিশ বাহিনীর প্রায় ২২ শতাংশ সদস্য নারী। শুধু তাই নয়, অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রধান হিসেবেও তারা দায়িত্ব পালন করছেন—যেমন শিশু ও নারী সহিংসতা প্রতিরোধ ইউনিট, স্কুল সুরক্ষা প্রকল্প, এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম।
তাদের অভিজ্ঞতা প্রমাণ দেয় যে, নারীরা নেতৃত্ব পেলে শুধুমাত্র শৃঙ্খলা রক্ষা নয়, বরং সমাজে আস্থার সম্পর্কও দৃঢ় হয়।এই উদাহরণগুলো আমাদের জন্য কেবল অনুকরণের নয়, অনুপ্রেরণারও উৎস। যদিও বাংলাদেশে নারী পুলিশের সংখ্যা গত এক দশকে বৃদ্ধি পেয়েছে, তবু তা এখনো প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। বিভিন্ন থানা ও ইউনিটে নারী সদস্যদের উপস্থিতি এখনও অপ্রতুল।
নির্যাতনের শিকার একজন নারী যখন থানায় অভিযোগ জানাতে আসেন, তখন যদি একজন নারী পুলিশ সদস্য তার পাশে না থাকেন, সেই অভিজ্ঞতা তার জন্য ভয়ংকর হয়ে ওঠে। ফলে অনেক অপরাধ গোড়াতেই ধামাচাপা পড়ে যায়। আমাদের সমাজে নারীরা এখনও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার মধ্যে বড় হয়। সেই প্রেক্ষাপটে নারী পুলিশের সংখ্যা বাড়ানো মানে কেবল জনবল বৃদ্ধি নয়, বরং একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
এমন দৃষ্টিভঙ্গিতে নারীকে কেবল ভুক্তভোগী হিসেবে নয়, সমাধানের অংশ হিসেবে দেখা হবে। আরও বেশি নারী পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে আনতে হবে, তাদের হাতে তুলে দিতে হবে সামাজিক প্রকল্প ও কমিউনিটি ইনিশিয়েটিভ, বিশেষ করে স্কুল-কলেজভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের দায়িত্ব। কারণ এই উদ্যোগের মাধ্যমে গড়ে ওঠে নাগরিক মূলভাব।
বাংলাদেশ পুলিশের কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু সহায়তা কেন্দ্র, ট্রাফিক সচেতনতা কর্মসূচি বা মাদকবিরোধী প্রচারে নারী সদস্যদের নেতৃত্ব থাকলে তা আরও সহানুভূতিশীল, গ্রহণযোগ্য ও বাস্তবভিত্তিক হবে। অনেক সময় পুরুষ পুলিশ সদস্যরা যেখানে একটি ঘটনার আবেগগত দিক বোঝা যায় না, সেখানে নারী সদস্যরা তার মানসিক দিক বিবেচনায় নিয়ে আরও দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। তাছাড়া, নারী পুলিশের উপস্থিতি নিজেই একটি অপরাধ প্রতিরোধকারী উপাদান হিসেবে কাজ করে। একজন পথচারী, একজন অভিভাবক, এমনকি একজন সম্ভাব্য অপরাধীর মনেও যখন নারী পুলিশের উপস্থিতি ধরা পড়ে, তখন আচরণগত নিয়ন্ত্রণ কার্যকর হয়।
পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ সংস্কারেও নারী সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। তারা নেতৃত্ব পেলে বাহিনীর মধ্যে সামাজিক ও লিঙ্গ সংবেদনশীলতা তৈরি হয়। কাজের পরিবেশ হয় আরও মানবিক। যে র্যাঙ্কিং কাঠামোতে অনেক সময় নারী সদস্যরা বঞ্চিত বা পেছনে পড়ে থাকেন, সেখানে যদি প্রকল্পভিত্তিক নেতৃত্বের সুযোগ তৈরি করা হয়, তাদের যোগ্যতা অনুযায়ী দক্ষতার বিকাশ সম্ভব। অনেক নারী সদস্য আছেন, যারা শিশু মনোবিজ্ঞান, সমাজকল্যাণ ও আইনি সহায়তার ক্ষেত্রে অভিজ্ঞতা রাখেন। তাদের যদি বিশেষ প্রকল্পের নেতৃত্বে আনা হয়, তাহলে বাহিনীর কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পাবে।
এখন সময় এসেছে বাংলাদেশ পুলিশ বাহিনীর পেশাদার কাঠামোতে নারী নেতৃত্বকে কৌশলগতভাবে অন্তর্ভুক্ত করার। এ জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, মনোবল, সুযোগ ও সর্বোপরি সম্মান নিশ্চিত করতে হবে। একটি নারীবান্ধব বাহিনী কেবল বাহিনীর অভ্যন্তরীণ সক্ষমতা নয়, পুরো সমাজের প্রতিফলন। আমরা যখন নারীকে নেতৃত্বে দেখি, তখন সমাজে একটি বার্তা যায় এই রাষ্ট্র, এই আইন ও এই নিরাপত্তা কাঠামো নারীবান্ধব, বৈষম্যহীন ও ভবিষ্যৎ উপযোগী।
বহু বিদেশি গবেষণায় প্রমাণ হয়েছে, নারী পুলিশের উপস্থিতি যৌন নির্যাতন সংক্রান্ত মামলায় ভুক্তভোগীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। জাতিসংঘের এক প্রতিবেদনে দেখা যায়, শান্তিরক্ষা মিশনে নারী সদস্যদের উপস্থিতি নাগরিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ পুলিশের অনেক সদস্য জাতিসংঘ মিশনে কাজ করে আসছেন। তাদের মধ্যে যেসব নারী সদস্য নেতৃত্বে ছিলেন, তারা স্থানীয় জনগণের আস্থা অর্জন ও সংঘাত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নারী পুলিশদের নেতৃত্বে চালু হতে পারে নারী শিক্ষার্থীদের সুরক্ষা প্রকল্প, নারীবান্ধব থানার ডিজাইন পরিকল্পনা, গার্হস্থ সহিংসতা প্রতিরোধ ইউনিট এবং কর্মজীবী নারীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা। এই প্রকল্পগুলো শুধু নিরাপত্তা প্রদান করবে না, বরং একটি ইতিবাচক সামাজিক সংস্কারেরও বার্তা দেবে। যখন একজন নারী পুলিশ সদস্য একজন কিশোরী শিক্ষার্থীর অভিভাবকের ভূমিকা গ্রহণ করে পাশে দাঁড়ান, তখন সেই আস্থা কেবল পুলিশের প্রতি নয়, বরং রাষ্ট্রের প্রতিও জন্মায়।
এমন একটি সমাজ গড়ে তোলা আমাদের প্রত্যাশা, যেখানে পুলিশের ইউনিফর্মে একজন নারী কেবল একজন কর্মকর্তা নন, বরং একজন ভরসার নাম, একজন পথপ্রদর্শক। তার পদচারণা যেন বলে এই শহর, এই গ্রাম, এই জনপদে নারীর নিরাপত্তা কেবল প্রতিশ্রুতি নয়, বরং তা দৃশ্যমান বাস্তবতা।
নারী পুলিশদের সংখ্যা বৃদ্ধি ও তাদের নেতৃত্বে প্রকল্প বা তত্ত্বাবধান এখন আর বিলাসিতা নয়, এটি অপরিহার্য। সমাজের অপরাধপ্রবণতা, ভুক্তভোগীর মনস্তত্ত্ব এবং ভবিষ্যতের নিরাপদ সমাজ গঠনের দৃষ্টিকোণ থেকে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। নারী পুলিশরা যদি বাহিনীর সম্মুখ সারিতে, নেতৃত্বের পর্যায়ে কাজ করার সুযোগ পান, তবে আগামী দিনের বাংলাদেশ হবে আরও ন্যায্য, নিরাপদ ও মানবিক।
লেখক
সহকারী পুলিশ কমিশনার
ডিএমপি, ঢাকা
