বুধবার, এপ্রিল ৮, ২০২৬
29 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমবাহিনীর কথানৌ পুলিশঅভ্যন্তরীণ নৌপথের অতন্দ্র প্রহরী:নৌ পুলিশের নিরন্তর অভিযাত্রা

অভ্যন্তরীণ নৌপথের অতন্দ্র প্রহরী:নৌ পুলিশের নিরন্তর অভিযাত্রা

জনাব কুসুম দেওয়ান
,

বাংলাদেশ ও এদেশের মানুষের পরিচয় তার নদ-নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রের বিশাল অববাহিকাজুড়ে জালের মতো ছড়িয়ে থাকা হাজারো নদ-নদী, খাল-বিল কেবল এ দেশের ভূখণ্ডকে সিক্ত করেনি; শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনযাত্রার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে নদীই হয়ে উঠেছে তাদের জীবনরেখা। এ কারণেই বাংলাদেশকে বলা হয় ‘নদীমাতৃক দেশ’। ভূ-প্রকৃতি, অর্থনীতি, সংস্কৃতি ও জনজীবন—সবকিছুই প্রায় ১,৪০০ নদ-নদীর এক সুবিশাল জালিকার ভেতর দিয়ে বিকশিত হয়েছে। নদীকেন্দ্রিক এই বাস্তবতা থেকেই গড়ে উঠেছে নৌকাবাইচ, গ্রামীণ হাট-বাজার, লোকজ সংস্কৃতি এবং এক বিশেষ সভ্যতা।

বাংলাদেশের নদীপথ কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি দেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশেরও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কয়লা, সার, খাদ্যশস্যসহ ভারী পণ্য পরিবহনে নৌপথ সড়ক ও রেলের তুলনায় ৩০–৫০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন এবং নারায়ণগঞ্জ, আশুগঞ্জ ও বাঘাবাড়ীর মতো নৌবন্দরগুলোর বাণিজ্যিক বিকাশে নদীপথের ভূমিকা অপরিসীম। নদী সেচ ও পলিমাটির মাধ্যমে কৃষি উৎপাদন টিকিয়ে রাখে এবং নদী-জলাশয়ভিত্তিক মৎস্য কার্যক্রম দেশের জিডিপিতে প্রায় ৩.৬১ শতাংশ অবদান রাখছে।

তবে এই বিস্তৃত জলপথে স্থলভিত্তিক অপরাধের পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ বালু উত্তোলন ও নৌযানকেন্দ্রিক বিভিন্ন অপরাধও সংঘটিত হয়, যা অনেক সময় দুর্গম চরাঞ্চলের কারণে নিয়ন্ত্রণ করা কঠিন।এই বাস্তবতায় নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট নৌ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমিত জনবল নিয়েও নৌ পুলিশ নদীপথের বহুমুখী অপরাধ দমন করে যাত্রী, জেলে ও নদীতীরবর্তী মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার অনুভূতি জোরদার করছে।

নৌ পুলিশ গঠনের শুরুর দিকের কথা

নৌ পুলিশ গঠনের প্রেক্ষাপট ছিল দেশের অভ্যন্তরীণ জলপথে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার এক কৌশলগত প্রয়োজনীয়তা। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্ষাকালে দেশের অভ্যন্তরীণ নৌপথের মোট দৈর্ঘ্য সর্বোচ্চ প্রায় ৬,৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়, আর শুষ্ক মৌসুমে প্রায় ৪,৫০০ কিলোমিটার নৌপথ ব্যবহারযোগ্য থাকে। এই সুবিস্তৃত নৌপথ যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে দেশের যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনীতির এক গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে কাজ করে।

তবে এই বিশাল নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা প্রচলিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষে এককভাবে কার্যকরভাবে করা কঠিন হয়ে পড়ে। নদীপথে চোরাচালান, জলদস্যুতা, মাদক ও মানব পাচার, দুর্ঘটনা এবং বিভিন্ন অপরাধের প্রকৃতি ছিল ভিন্ন ও জটিল, যার জন্য প্রয়োজন ছিল বিশেষায়িত দক্ষতা ও প্রশিক্ষণপ্রাপ্ত একটি আলাদা ইউনিট। এই বাস্তবতা থেকেই নৌপথকেন্দ্রিক অপরাধ মোকাবিলায় একটি বিশেষ পুলিশ ইউনিট গঠনের প্রয়োজনীয়তা সামনে আসে।

প্রাথমিকভাবে এই ইউনিটের নামকরণ করা হয়েছিল “মেরিন পুলিশ”। তবে কার্যপরিধি ও দায়িত্বের প্রকৃতি বিবেচনায় পরবর্তীতে এর নাম পরিবর্তন করে “নৌ পুলিশ” রাখা হয়। কারণ ‘মেরিন পুলিশ’ শব্দটি মূলত সামুদ্রিক ও উপকূলীয় এলাকায় পুলিশিংকে নির্দেশ করে, যেখানে ইতোমধ্যেই নৌবাহিনী ও কোস্ট গার্ডের মতো বিশেষায়িত বাহিনী দায়িত্ব পালন করে আসছে। এতে দায়িত্ব ও এখতিয়ার নিয়ে অস্পষ্টতার আশঙ্কা দেখা দেয়। অপরদিকে ‘নৌ পুলিশ’ নামটি স্পষ্টভাবে দেশের অভ্যন্তরীণ নদ-নদী, খাল-বিল ও হাওরাঞ্চলের নিরাপত্তা রক্ষার দায়িত্বকে নির্দেশ করে, ফলে বিভিন্ন বাহিনীর কার্যপরিধি ও এখতিয়ারের সীমারেখা আরও সুস্পষ্টভাবে নির্ধারিত হয়।

এই প্রেক্ষাপটে ২০১৩ সালের ১২ নভেম্বর বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে নৌ পুলিশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। একজন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের নেতৃত্বে ৭৪৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই বাহিনীর সদস্যসংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১,৯১৩ জনে।নৌ পুলিশের কার্যক্রম একদিকে যেমন নৌপথে আইন-শৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ নয়, তেমনি দুর্যোগ ব্যবস্থাপনাতেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় নৌ পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে, দুর্গত এলাকায় ত্রাণ ও সহায়তা দ্রুত পৌঁছে দিতে সহযোগিতা করে এবং মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ায়।

কার্যক্রম ও দায়িত্বের পরিধি

 বাংলাদেশ নৌ পুলিশের কার্যক্রম কেবল নদীপথে টহল বা অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর দায়িত্বের পরিধি বিস্তৃত, বহুমাত্রিক ও প্রাতিষ্ঠানিকভাবে নির্ধারিত। এ ক্ষেত্রে “নৌ পুলিশ বিধিমালা, ২০২০” নৌ পুলিশের দায়িত্ব ও কার্যপরিধির একটি সুস্পষ্ট আইনি কাঠামো নির্ধারণ করেছে। বিধিমালা অনুযায়ী নৌ পুলিশের নিরাপত্তা আওতাভুক্ত এলাকা শুধু নদী অঞ্চলেই সীমাবদ্ধ নয়; বরং নদীর উভয় তীর থেকে ৫০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকা এবং এই পরিসরের মধ্যে সংঘটিত সকল অপরাধ নৌ পুলিশের এখতিয়ারভুক্ত।

বিধিমালার ৭ নম্বর বিধি অনুযায়ী নৌ পুলিশের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে—নিজস্ব অধিক্ষেত্রে নৌ চলাচল, মালামাল পরিবহন, যাত্রী নিরাপত্তা এবং বাণিজ্যিক কার্যক্রমের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা অবৈধ টোল আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; ফেরিঘাট, লঞ্চঘাট, নৌ টার্মিনাল ও নোঙরস্থলে আইন-শৃঙ্খলা বজায় রাখা; চোরাচালান, মাদক ও মানব পাচার, অবৈধ অস্ত্র পরিবহন এবং আন্তঃসীমান্ত সন্ত্রাস প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ—এসবই নৌ পুলিশের মূল দায়িত্বের অন্তর্ভুক্ত। তবে নৌ পুলিশের এখতিয়ারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। যেমন, নদীপথে টহল, অভিযান ও গ্রেফতারের দায়িত্ব নৌ পুলিশের ওপর ন্যস্ত থাকলেও, অধিকাংশ ক্ষেত্রে মামলার তদন্ত কার্যক্রম মূলত স্থানীয় থানা পুলিশই পরিচালনা করে। ফলে নদীপথে সংঘটিত অপরাধ সম্পর্কে নৌ পুলিশ অধিক বাস্তব জ্ঞান ও প্রেক্ষাপট রাখলেও, সেই জ্ঞান সরাসরি তদন্ত প্রক্রিয়ায় পূর্ণাঙ্গভাবে প্রয়োগ করার সুযোগ সবসময় থাকে না।

এ ছাড়া নদীর স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি, নাব্যতা হ্রাস, অবৈধ বালু উত্তোলন ও নদী দখলের মতো কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ; পরিবেশ দূষণ রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও রক্ষার দায়িত্বও নৌ পুলিশের ওপর ন্যস্ত। নৌযানের রেজিস্ট্রেশন ও ফিটনেস যাচাই, নৌ ট্রাফিক ব্যবস্থাপনা তদারকি, নৌ দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, অপরাধসংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অন্যান্য ইউনিটের সঙ্গে তথ্য বিনিময়—এসবও তাদের নিয়মিত দায়িত্বের অংশ। পাশাপাশি মহাপুলিশ পরিদর্শক বা সরকারের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব পালন করাও নৌ পুলিশের কার্যপরিধির অন্তর্ভুক্ত।

অর্থাৎ, বিধিমালা অনুসারে নৌ পুলিশের ভূমিকা শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়; বরং এটি নদী ও নৌপথকেন্দ্রিক একটি সমন্বিত প্রশাসনিক কাঠামো, যেখানে নিরাপত্তা, শৃঙ্খলা, পরিবেশ সংরক্ষণ এবং জনসেবা—সবকিছু একসঙ্গে পরিচালিত হয়। চোরাচালান, মাদক ও মানব পাচার, অবৈধ অস্ত্র কিংবা আন্তঃসীমান্ত জলকেন্দ্রিক অপরাধ দমনেও নৌ পুলিশের বিশেষ দায়িত্ব রয়েছে। সামগ্রিকভাবে টহল ও অভিযান পরিচালনার মাধ্যমে দেশের নদীপথকে নিরাপদ রাখা তাদের মূল লক্ষ্য।মৎস্যসম্পদ রক্ষার ক্ষেত্রেও নৌ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইলিশসহ অন্যান্য মাছের প্রজনন মৌসুমে নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে তারা কঠোর অবস্থান নেয় এবং নিয়মিত টহল পরিচালনা করে। এই উদ্যোগ কেবল মাছ সংরক্ষণেই সহায়ক নয়; বরং হাজারো জেলের দীর্ঘমেয়াদি জীবিকা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ছাড়া নৌ পুলিশ বিভিন্ন সময়ে ফেরিঘাট ও লঞ্চঘাটে যাত্রী নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে, যাতে সাধারণ মানুষ নিজেরাও নিরাপত্তা ব্যবস্থার অংশীদার হতে পারে। জনসচেতনতার আওতায় পরিবেশ দূষণ রোধ, নদীতে ময়লা-আবর্জনা না ফেলা এবং নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়—এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধেও তারা দায়িত্ব পালন করে।

এই বহুমাত্রিক দায়িত্ব পালনে নৌ পুলিশকে পুলিশের অন্যান্য ইউনিটের সঙ্গে নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিনিময় ও বিশ্লেষণ করতে হয় এবং অভিযানে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে হয়। অনেক ক্ষেত্রে বৈরী আবহাওয়া বা নৌ দুর্ঘটনার সময় যাত্রীবাহী নৌযান বিপদে পড়লে নৌ পুলিশের দ্রুত তৎপরতায় উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। শুধু সমুদ্র উপকূল নয়, দেশের অভ্যন্তরীণ নদীপথে জলদস্যুতা, অপহরণ কিংবা নৌকাডুবির ঘটনায়ও নৌ পুলিশ উদ্ধার ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে। একইভাবে ঈদ, পূজা কিংবা অন্যান্য বড় উৎসবের সময় যখন লাখো মানুষ নৌপথে যাতায়াত করে, তখন নিরাপদ ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে নৌ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা

বাংলাদেশ নৌ পুলিশের কার্যপরিধি বিস্তৃত এবং অপরাধের ধরন জটিল হলেও বাস্তবে তাদের সবচেয়ে বেশি হিমশিম খেতে হয় নিজেদের সীমাবদ্ধতা ও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায়। প্রথম ও প্রধান চ্যালেঞ্জ হলো জনবল সংকট। বর্তমানে প্রায় ১,৯১৩ সদস্যের এই বাহিনীকে সারা দেশের বিস্তৃত নদীপথে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে হচ্ছে। বিশাল এই এলাকায় টহল, তদন্ত, উদ্ধার এবং অপরাধ দমন—সব কার্যক্রমই সীমিত সংখ্যক কর্মকর্তা ও কনস্টেবলের ওপর নির্ভরশীল। ফলে অনেক ক্ষেত্রে টহল দিতে বিলম্ব ঘটে এবং অপরাধীরা সেই সুযোগ নেয়। একই সঙ্গে জরুরি সহায়তার আবেদনে দ্রুত সাড়া দিতেও প্রতিবন্ধকতা তৈরি হয়।

এমন অনেক নৌ পুলিশ ফাঁড়ি রয়েছে, যেখানে সদস্যসংখ্যা মাত্র ৫–১০ জন। এই স্বল্প জনবল দিয়ে দিন-রাত শিফটে টহল, ফাঁড়ির নিরাপত্তা নিশ্চিত করা কিংবা জরুরি পরিস্থিতিতে দ্রুত ছুটে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এর ফলে পুলিশ সদস্যদের দীর্ঘ সময় বিরামহীনভাবে দায়িত্ব পালন করতে হয়, যা কৌশলগতভাবে অপরাধ দমনের সক্ষমতাকে দুর্বল করে দেয়।এর পাশাপাশি নৌ পুলিশ এখনো অনেক ক্ষেত্রে সনাতন পদ্ধতির ওপর নির্ভরশীল। আধুনিক টহল ব্যবস্থাপনায় নাইট ভিশন ড্রোন, উন্নত কন্ট্রোলরুম মনিটরিং কিংবা গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ব্যবহারের ঘাটতি রয়েছে। কোথাও কোথাও এসব প্রযুক্তি থাকলেও তা পর্যাপ্ত নয় বা নামেমাত্র বিদ্যমান। ফলে সরাসরি উপস্থিত হয়ে পুরো এলাকার নিরাপত্তা নজরদারি করা পুলিশের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থায়ী অবকাঠামোর অভাবও একটি বড় সীমাবদ্ধতা। অনেক নৌ পুলিশ ফাঁড়ি ও আঞ্চলিক কার্যালয় এখনো ভাড়া করা বা অস্থায়ী ভবনে পরিচালিত হচ্ছে। এতে সদস্যদের জন্য পর্যাপ্ত আবাসন, অস্ত্রাগার কিংবা সরঞ্জাম সংরক্ষণের ব্যবস্থা থাকে না এবং প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হয়। যদিও সরকার ইতোমধ্যে বিভিন্ন স্থানে স্থায়ী ভবন ও ঘাট নির্মাণের উদ্যোগ নিয়েছে, তবে এসব প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া এখনো চলমান।

ভৌগোলিক ও প্রাকৃতিক সীমাবদ্ধতা নৌ পুলিশের কাজকে আরও কঠিন করে তোলে। নদীর গতিপথ পরিবর্তন হয়, নতুন চর জেগে ওঠে, কোথাও আবার নদীভাঙন দেখা দেয়। ফলে একই এলাকায় এক বছরের মধ্যেই কার্যক্ষেত্রের মানচিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। অনেক সময় পুলিশ ফাঁড়ি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়, আবার নতুন এলাকায় দ্রুত ফাঁড়ি স্থাপনের প্রয়োজন দেখা দেয়। এই পরিস্থিতিতে দুর্বল অবকাঠামো নিয়েই অনেক ফাঁড়ি গড়ে ওঠে, যা যেকোনো আক্রমণের ক্ষেত্রে পুলিশ সদস্যদের ঝুঁকির মুখে ফেলে।

অত্যাধুনিক ও দ্রুতগতির নৌযান এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও একটি বড় সমস্যা। নৌ পুলিশের জন্য দ্রুতগামী স্পিডবোট ও উন্নত অপারেশন ভেসেল অত্যন্ত প্রয়োজনীয় হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তারা যাত্রীবাহী বা ভাড়ায় চালিত নৌযানের ওপর নির্ভর করে টহল ও অভিযান পরিচালনা করে থাকে। এতে অপারেশন সক্ষমতা কমে যায় এবং সন্ত্রাসীদের সম্ভাব্য হামলার মুখে পুলিশ সদস্যরা বাড়তি ঝুঁকিতে পড়ে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়াও সবসময় সম্ভব হয় না। বর্ষাকালে প্রবল স্রোত, ঘূর্ণিঝড় বা বন্যার সময় টহল পরিচালনা জীবনবিপন্ন হয়ে ওঠে, আর শক্তিশালী নৌযান না থাকলে এই ঝুঁকি আরও বেড়ে যায়।

অনেক ইউনিটেই পর্যাপ্ত জ্বালানি সরবরাহ, উন্নত যোগাযোগ ব্যবস্থা কিংবা আধুনিক রাডার ও সিগন্যাল প্রযুক্তির ঘাটতি রয়েছে। এর পাশাপাশি প্রশিক্ষণ সীমাবদ্ধতাও এখনো রয়ে গেছে। জলকেন্দ্রিক অপরাধ তদন্তের জন্য বিশেষজ্ঞ ডুবুরি, ড্রোন নজরদারি ইউনিট এবং ডিজিটাল ফরেনসিক টিম প্রয়োজন হলেও বিদ্যমান উদ্যোগগুলো খুবই সীমিত।

কিছু ক্ষেত্রে নৌ পুলিশ অপরাধ দমনে জনসাধারণের বাধার সম্মুখীন হয়, যার অন্যতম কারণ অসচেতনতা। অনেক মানুষই জানেন না যে নদীতে অবৈধ বালু উত্তোলনের মতো কাজ আইনত অপরাধ। তারা একে জীবিকার উৎস হিসেবে দেখে পুলিশের হস্তক্ষেপকে অযৌক্তিক মনে করে। এই সুযোগে অপরাধচক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে পুলিশের বিরুদ্ধে উসকে দেয়, ফলে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা কঠিন হয়ে পড়ে।

একইভাবে, অনেক জেলে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। মা ইলিশ ধরা নিষিদ্ধ মৌসুমে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় তারা নিষেধাজ্ঞা অমান্য করতে বাধ্য হন। সরকারিভাবে ভাতা প্রদান করা হলেও তা অনেক ক্ষেত্রে অপ্রতুল এবং ব্যবস্থাপনার দুর্বলতায় প্রকৃত উপকারভোগীদের হাতে সময়মতো পৌঁছায় না। এ ক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

আরও একটি বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক ছত্রছায়ায় সংঘটিত অপরাধ ও শক্তিশালী অপরাধী সিন্ডিকেট। অবৈধ বালু উত্তোলন, নদী দখল কিংবা নদীপথে ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ অনেক সময় রাজনৈতিক প্রভাব বা সংঘবদ্ধ সিন্ডিকেটের মদদে সংঘটিত হয়। এসব শক্তিশালী চক্র মোকাবিলা করা পুলিশের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

এ ছাড়া এখতিয়ারগত সীমাবদ্ধতাও নৌ পুলিশের কার্যক্রমে প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে নদীপথে সংঘটিত অপরাধের তদন্ত করে স্থানীয় থানা, যদিও অপরাধের প্রকৃতি ও বাস্তবতা সম্পর্কে নৌ পুলিশই বেশি অবগত থাকে। তবুও তাদের সরাসরি তদন্তের সুযোগ সীমিত, যা অপরাধের মূলোৎপাটনে বাধা সৃষ্টি করে।

তবুও এতসব সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্যেও নৌ পুলিশ নদীপথে চলাচলকারী মানুষের জীবন, জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে নদীপথে সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে এসব কাঠামোগত ও নীতিগত চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

সামনে এগিয়ে যাওয়ার করণীয়

নৌ পুলিশের সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমিত সম্পদ, প্রতিকূল আবহাওয়া এবং অনিশ্চিত নদীপথ অতিক্রম করেও তারা প্রতিদিন পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। তবে ভবিষ্যতের জন্য কিছু সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে তাদের এই প্রচেষ্টা আরও বিস্তৃত ও কার্যকর হবে।

দেশের বিস্তৃত নদীপথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশকে আরও প্রযুক্তিনির্ভর ও সমন্বিত সক্ষমতা অর্জন করতে হবে। বাংলাদেশের নদীগুলো মৌসুমি বন্যা, ঘূর্ণিঝড় এবং রাতের ঘন কুয়াশার কারণে প্রায় সারা বছরই অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ থাকে। এসব পরিস্থিতিতে প্রচলিত নৌযান দিয়ে টহল কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।

তাই নৌ পুলিশের জন্য অল-ওয়েদার প্যাট্রোল বোট অত্যাবশ্যক, যা বর্ষা, ঝড় কিংবা ঘূর্ণিঝড়ের সময়েও অভিযান পরিচালনায় সক্ষম হবে। একই সঙ্গে নাইট ভিশন নেভিগেশন ও থার্মাল অবজারভেশন সিস্টেম সংযুক্ত নৌযান অপরাধীদের রাতের অন্ধকারে চলাচল পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিকভাবে আটক করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। কারণ নদীপথে অপরাধীরা প্রায়ই রাতের আঁধারে বা দূরবর্তী চরাঞ্চলে নৌকা পরিবর্তন করে পালিয়ে যাওয়ার কৌশল অবলম্বন করে।

এই সক্ষমতাকে কার্যকরভাবে কাজে লাগাতে নৌ পুলিশের জন্য একটি নিরবচ্ছিন্ন ভিএইচএফ বা ভেরি হাই ফ্রিকোয়েন্সি হটলাইন ও রেডিও কমিউনিকেশন নেটওয়ার্ক চালু করা প্রয়োজন। নদীপথে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত থাকায় জরুরি তথ্য আদান-প্রদানে ভিএইচএফ যোগাযোগ ব্যবস্থা তাৎক্ষণিক সমাধান দিতে পারে। নৌ পুলিশ, নিকটবর্তী টহল ইউনিট এবং নদীবন্দর-সংলগ্ন প্রশাসনের মধ্যে সরাসরি ওদ্রুত যোগাযোগ অপরাধ প্রতিরোধ ও উদ্ধার অভিযানে সময় বাঁচাতে সহায়ক হবে।

এ ছাড়া নৌ পুলিশের জন্য একটি সমন্বিত ড্রোন নজরদারি ইউনিট গঠন করা অত্যন্ত প্রয়োজন, যা নদীপথে রিয়েল-টাইম নজরদারি পরিচালনা করতে পারবে এবং টহল ইউনিটকে সরাসরি দিকনির্দেশনা দিতে সক্ষম হবে। ড্রোনের মাধ্যমে চরাঞ্চল, দুর্গম নদীশাখা এবং সন্দেহজনক নৌযানের গতিবিধি দূর থেকে পর্যবেক্ষণ করা সম্ভব। পাশাপাশি গুরুত্বপূর্ণ নদীতীর, ঘাট, টার্মিনাল ও ফেরিঘাট এলাকায় সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক ও ভেসেল ট্রাফিক মনিটরিং সিস্টেম স্থাপন করা হলে নৌযানের চলাচল, অস্বাভাবিক থামা বা গতিপথ পরিবর্তন সহজেই শনাক্ত করা যাবে। এতে চাঁদাবাজি, যাত্রী হয়রানি, অবৈধ টোল আদায় ও নৌপথকেন্দ্রিক সংঘটিত অপরাধ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

নদীপথে কার্যকর নজরদারির জন্য নৌ পুলিশের ডিজিটাল সক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এজন্য দুর্গম ও অফ-গ্রিড এলাকায় যোগাযোগ নিশ্চিত করতে স্টারলিংকভিত্তিক ইন্টারনেট ব্যাকবোন স্থাপনের বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে। এর মাধ্যমে টহল নৌযান, ড্রোন ইউনিট ও কমান্ড সেন্টারের মধ্যে লাইভ ডেটা, ভিডিও ফিড ও ম্যাপিং তথ্য আদান-প্রদান সম্ভব হবে, যা সিদ্ধান্ত গ্রহণকে আরও দ্রুত ও তথ্যভিত্তিক করবে।

মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। জনবল সংকট নিরসনের পাশাপাশি সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সমন্বিত বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। আধুনিক ফ্লিট ব্যবহারের জন্য আধুনিক ফ্লিট ও সেইলর ট্রেনিং অপরিহার্য, যেখানে উন্নত নৌযান পরিচালনা, যান্ত্রিক রক্ষণাবেক্ষণ, জরুরি উদ্ধার কৌশল এবং খারাপ আবহাওয়ায় নেভিগেশন অন্তর্ভুক্ত থাকবে।

একই সঙ্গে নদীপথে অপরাধ দমনে নৌ পুলিশকে কেবল শারীরিক সক্ষমতাই নয়, আধুনিক প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করতে হবে। এজন্য নদীকেন্দ্রিক ইন্টেলিজেন্স অ্যানালাইসিস, হাইড্রোগ্রাফিক ম্যাপ রিডিং, রাত্রিকালীন অভিযান কৌশল এবং জলকেন্দ্রিক প্রমাণ সংগ্রহে ফরেনসিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক্ষেত্রে নৌ পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী, বিআইডব্লিউটিএ এবং বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত ট্রেনিং প্রোগ্রাম চালু করা যেতে পারে। যৌথ প্রশিক্ষণ ও সিমুলেশন অনুশীলনের মাধ্যমে তথ্য বিনিময়, ভূমিকা স্পষ্টীকরণ এবং সংকটকালীন সমন্বয় আরও কার্যকর হবে। নদীপথে অপরাধ দমন একটি একক সংস্থার কাজ নয়; বরং সমন্বিত সক্ষমতার ওপরই এর সাফল্য নির্ভর করে।

এই লক্ষ্য বাস্তবায়নে একটি স্বয়ংসম্পূর্ণ ও স্থায়ী “নৌ পুলিশ ট্রেনিং স্কুল” প্রতিষ্ঠা করা যেতে পারে, যার উদ্দেশ্য হবে জলকেন্দ্রিক অপরাধ দমন, আধুনিক নৌযান পরিচালনা, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং আন্তঃসংস্থাগত সমন্বয় প্রশিক্ষণের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলা। দীর্ঘমেয়াদে এমন একটি প্রতিষ্ঠান নৌ পুলিশকে কেবল প্রতিক্রিয়াশীল বাহিনী নয়, বরং নদীপথ নিরাপত্তায় একটি পেশাদার, তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শক্তিতে রূপান্তরিত করতে পারে।

শেষকথা

 নৌ পুলিশের ভূমিকা নদীমাতৃক এই দেশের নিরাপত্তা ব্যবস্থার এক অপরিহার্য অংশ। সীমিত সম্পদ ও প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা সাহস, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে জলপথের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে। জলদস্যুতা, চোরাচালান ও প্রাকৃতিক দুর্যোগের মতো নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে—দায়িত্ববোধই তাদের সবচেয়ে বড় শক্তি।

আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই বাহিনী আরও সক্ষম হয়ে উঠবে এবং জনগণের আস্থা আরও দৃঢ় হবে। নদী যেমন বাংলাদেশের জীবনরেখা, তেমনি নৌ পুলিশ তার অতন্দ্র প্রহরী।

লেখক
অতিরিক্ত আইজিপি
নৌ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

সম্প্রতি

নাগরিক সংযোগ