মুন্সিগঞ্জের শ্রীনগর থানার সদর ইউনিয়নের একটি নির্জন স্থানে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুন্সিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল ঢাকা জেলা পুলিশের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকার একটি বাসা থেকে ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী রাসেল হাওলাদার এবং তার সহযোগী সাখাওয়াত ব্যাপারী ও তারেক খানকে ১৪ অক্টোবর ২০২৫ গ্রেফতার করে।
পুলিশ জানায়, রাসেল হাওলাদার ১১ মামলার আসামি। তিনি প্রায় এক বছর আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অন্যান্য আসামি গ্রেফতারে পুলিশি তৎপরতা চলমান রয়েছে।
