জননিরাপত্তা রক্ষা ও অপরাধ দমন রাষ্ট্রের মৌলিক দায়িত্বগুলোর অন্যতম। রাষ্ট্রের এই দায়িত্ব পালনে পুলিশ বাহিনী একটি গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করে। কিন্তু এই কর্তৃত্ব প্রয়োগের ক্ষেত্রে একটি মৌলিক প্রশ্ন সবসময় থেকেই যায়—এই ক্ষমতার সীমা কোথায়? একজন পুলিশ সদস্য কী পরিমাণ বলপ্রয়োগ করতে পারেন, কখন সেই বলপ্রয়োগ বৈধ এবং কখন তা অতিরিক্ত অথবা অবৈধ বলে বিবেচিত হবে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদের ফিরে যেতে হয় সংবিধান, প্রচলিত আইন, আন্তর্জাতিক নীতিমালা, ইতিহাস ও একাডেমিক বিশ্লেষণের দিকে।
প্রচলিত আইনের কাঠামো
বাংলাদেশে পুলিশের বলপ্রয়োগ ও কর্তৃত্বসংক্রান্ত একটি প্রাচীন ও বহুমাত্রিক আইন কাঠামো বিদ্যমান। এর মধ্যে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (সিআরপিসি) হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন, যেখানে পুলিশের গ্রেপ্তার, তল্লাশি, জনসমাবেশ নিয়ন্ত্রণের সময় বলপ্রয়োগ সংক্রান্ত বিধান রয়েছে। উদাহরণস্বরূপ, সিআরপিসির ধারা ৫৪ পুলিশকে সন্দেহভাজন কাউকে গ্রেপ্তারের সুযোগ দেয়। কিন্তু এটি দীর্ঘদিন ধরে বিতর্কিত, যেহেতু এর মাধ্যমে নাগরিক অধিকার সীমিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে পুলিশ আইন, ১৮৬১ হলো ঔপনিবেশিক সময়ের একটি আইন, যা মূলত জননিয়ন্ত্রণ ও শাসকগোষ্ঠীর স্বার্থ রক্ষায় প্রণীত হয়। আজও এই আইনটি বিদ্যমান, যদিও প্রেক্ষাপট সম্পূর্ণভাবে বদলে গেছে। এটি পুলিশ বাহিনীর গঠন, দায়িত্ব ও কর্তৃত্ব নির্ধারণ করলেও যুগোপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ হলো একটি গুরুত্বপূর্ণ নগরভিত্তিক আইন। এটি শহরের নিরাপত্তা রক্ষায় পুলিশকে বিশেষ ক্ষমতা দেয় (যেমন জমায়েত নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সময়ের জন্য কোনো স্থানে অবস্থান নিষিদ্ধ ঘোষণা ইত্যাদি)। অস্ত্র আইন, ১৮৭৮-এর মাধ্যমে পুলিশ বা অন্য বাহিনীর অস্ত্র ব্যবহারের শর্তাবলি নির্ধারিত হয়েছে। এটি পুলিশের অস্ত্র বহন ও ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপ করে, যেন বলপ্রয়োগ অতিমাত্রায় না হয়।
সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ আধুনিক সময়ের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ আইন, যেখানে সন্ত্রাস মোকাবিলায় পুলিশের জন্য বিশেষ বলপ্রয়োগের বিধান আছে। তবে এই আইনের অপব্যবহার নাগরিক স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যদি না জবাবদিহিতা নিশ্চিত করা হয়।
সংবিধান ও মানবাধিকার
বাংলাদেশের সংবিধান সরাসরি নাগরিক অধিকার ও পুলিশের ক্ষমতার সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান। ৩১ ও ৩২ নং অনুচ্ছেদে নাগরিকদের জীবন ও স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে, আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে এসব অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ৩৩ নং অনুচ্ছেদে গ্রেপ্তারের পর ন্যূনতম অধিকার যেমন আইনজীবীর সঙ্গে যোগাযোগ, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরকরণ ইত্যাদি নিশ্চিত করা হয়েছে। ৩৫ নং অনুচ্ছেদ নির্যাতন ও নিষ্ঠুর ব্যবহারের বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে কাজ করে। এই বিধানগুলো বলপ্রয়োগের সীমা নির্ধারণে একটি নৈতিক ও আইনি ভিত্তি প্রদান করে, যেন পুলিশ বা অন্যান্য বাহিনী অতিরিক্ত বা নির্বিচারে বলপ্রয়োগ না করে।
আন্তর্জাতিক নীতিমালা ও তুলনামূলক বিশ্লেষণ
পুলিশের বলপ্রয়োগ সংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ডে সর্বাগ্রে গুরুত্ব পায় ন্যূনতম প্রয়োগ, আনুপাতিকতা ও জবাবদিহিতা, যা জাতিসংঘের মৌলিক নীতিমালায় (UN Basic Principles on the Use of Force and Firearms) স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কোন পরিস্থিতিতে পুলিশের যতটুকু বলপ্রয়োগ অপরিহার্য, ঠিক ততটুকুই করা যাবে, তার অতিরিক্ত নয়। মানবাধিকারের দৃষ্টিকোণ থেকেও এই নীতিগুলো গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক মানবাধিকার সনদ যেমন ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস (ইউডিএইচআর) ও ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর)-এ জীবনের অধিকার, গ্রেপ্তারের সময় নির্যাতন থেকে মুক্তি ও ন্যায্য আইনি প্রক্রিয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
বিশ্বব্যাপী পুলিশি ব্যবস্থায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের মতো দেশে, ‘ইউজ অব ফোর্স কনটিনিউয়াম’ শীর্ষক একটি কাঠামো অনুসরণ করা হয়, যার মাধ্যমে পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী ধাপে ধাপে বলপ্রয়োগ নির্ধারণ করা হয়। এই কাঠামোর প্রথম ধাপেই রয়েছে একজন অফিসারের উপস্থিতি, যেখানে ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্যের পেশাদার আচরণই অনেক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট হয়ে ওঠে। পরবর্তী ধাপে আসে মৌখিক নির্দেশ, যেখানে শান্ত, স্পষ্ট ও দৃঢ়ভাবে ব্যক্তিকে নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এরপর প্রয়োজনে শারীরিক নিয়ন্ত্রণ প্রয়োগ করা হয়—প্রথমে নরম কৌশল (যেমন ধরে রাখা বা জয়েন্ট লক) এবং পরবর্তীতে কঠিন কৌশল (যেমন ঘুষি বা লাথি)। যদি পরিস্থিতি আরও জটিল হয়, তখন ব্যবহার করা হয় কম প্রাণঘাতী অস্ত্র যেমন লাঠি, পিপার স্প্রে অথবা টেজার। শেষ পর্যন্ত একান্তই যদি প্রয়োজন হয় (যেমন যদি কারো প্রাণহানি বা গুরুতর ক্ষতির তাৎক্ষণিক হুমকি দেখা দেয়), তখনই কেবল প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার অনুমোদিত হয়। এই ধারাবাহিক ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো পরিস্থিতি যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা, জনগণের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন প্রয়োগে পেশাদারিত্ব বজায় রাখা।
ইতিহাস ও নীতির বিবর্তন
ঔপনিবেশিক আমলে বলপ্রয়োগের নীতিমালা ছিল নিয়ন্ত্রণ ও দমনের ওপর ভিত্তি করে। ১৮৬১ সালের পুলিশ আইন সেই মনোবৃত্তির প্রতিফলন। পাকিস্তান আমলে আংশিক পরিবর্তন এলেও মৌলিক কাঠামো অপরিবর্তিত ছিল।
স্বাধীনতার পর গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নীতিমালার প্রয়োজনীয়তা অনুভূত হয়। তাই বলপ্রয়োগে গণমুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে—প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ, মামলাভিত্তিক তদন্ত দক্ষতা বৃদ্ধি, জনসম্পৃক্ত সেবা উন্নয়ন ইত্যাদি। তবে আইন সংস্কার বা প্রয়োগে সামগ্রিকভাবে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো সম্পূর্ণ হয়নি।
একাডেমিক বিশ্লেষণ ও গবেষণা
এই বিষয়টি বিশ্লেষণের জন্য একাধিক একাডেমিক ডিসিপ্লিনারি অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইন ও সমাজবিজ্ঞানের আলোকে রাষ্ট্র, নাগরিক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হয়। ক্রিটিক্যাল পুলিশিং স্টাডিজ প্রশ্ন তোলে—পুলিশ কতটুকু ক্ষমতা নিয়ে কাজ করে, কার স্বার্থে সেই ক্ষমতা ব্যবহার হয় এবং কী ধরনের সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়? আবার হিউম্যান রাইটস ল’-এর দৃষ্টিকোণ থেকে দেখা হয় বলপ্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। ফরেনসিক বিজ্ঞান ও মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ বলপ্রয়োগের সময় পুলিশ সদস্যের মানসিক প্রস্তুতি, আবেগ নিয়ন্ত্রণ, সংকটের মূল্যায়ন ও প্রতিক্রিয়া বিশ্লেষণে সহায়তা করে।
বাস্তবতা ও আধুনিকায়ন
বাংলাদেশ পুলিশ বর্তমানে জনমুখী ও প্রযুক্তিনির্ভর পদ্ধতির দিকে এগোচ্ছে। ডিজিটাল ফরেনসিক, সাইবার ক্রাইম ইউনিট, সিসিটিভি নজরদারি, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, নারী পুলিশের অংশগ্রহণ—এসব উপাদান পুলিশের প্রতি আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। প্রযুক্তি ও প্রশিক্ষণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং কমিউনিটির অংশগ্রহণের ওপর গুরুত্ব দিলে পুলিশের বলপ্রয়োগের ক্ষেত্রে ইতিবাচক সংস্কৃতি গড়ে উঠবে।
সুপারিশমালা
- বলপ্রয়োগ নীতিমালা হালনাগাদ ও আইনি সংস্কার প্রয়োজন, যেন ঔপনিবেশিক মনোভাব থেকে সরে এসে জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষা নিশ্চিত হয়।
- প্রত্যেক বলপ্রয়োগের ঘটনায় স্বচ্ছ ও স্বাধীন তদন্ত ব্যবস্থা গড়ে তোলা উচিত, যেন পুলিশ অপব্যবহারে জড়ালে দায় এড়াতে না পারে।
- পুলিশকে নিয়মিত মানবাধিকার ও সংবিধানভিত্তিক প্রশিক্ষণ প্রদান জরুরি, বিশেষ করে নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য।
- কমিউনিটিভিত্তিক পুলিশিং এবং নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করে জনগণের আস্থা অর্জন করতে হবে।
সর্বোপরি, পুলিশের বলপ্রয়োগ এমন হতে হবে, যেন তা নাগরিকের অধিকার ক্ষুণ্ন না করে; বরং জননিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত মজবুত করে।
লেখক
অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
