ভারত মহাসাগরে মাদক পাচারবিরোধী অভিযানে কেনিয়ার নৌবাহিনী এক টনেরও বেশি ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করেছে। INTERPOL–এর সহায়তায় পরিচালিত এই অভিযানে পতাকাবিহীন একটি ধাও জাহাজ থেকে ছয়জন নাবিককে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬৩ মিলিয়ন মার্কিন ডলার।
২১ অক্টোবর ২০২৫ মোাম্বাসা উপকূল থেকে প্রায় ৩৪০ নটিক্যাল মাইল পূর্বে জাহাজটি আটক করা হয়। বাহরাইনভিত্তিক RNIFC এবং সেশেলসভিত্তিক RCOC–এর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। পরে জাহাজটি মোাম্বাসা বন্দরে এনে বহুসংস্থার সমন্বয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ৭৬৯টি প্যাকেটে মোট ১,০২৪ কেজি মেথামফেটামিন উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষায় মাদকের বিশুদ্ধতা ৯৮ শতাংশ নিশ্চিত হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের মামলা হয়েছে এবং কেনিয়ার অ্যান্টি-নারকোটিক্স ইউনিট তদন্ত অব্যাহত রেখেছে।
এই অভিযান ভারত মহাসাগর অঞ্চলে সামুদ্রিক মাদক পাচার রোধে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের গুরুত্ব আবারও স্পষ্ট করেছে।
