রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি কর্পোরেট অফিসের ভল্ট থেকে এক কোটি টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা। গ্রেফতারকৃতরা হলেন মো. রাশেদ নিজাম (৩৭) ও মো. সাইদুর রহমান (৪৩)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৯৫ নম্বর বাসায় অবস্থিত WINDY গ্রুপের কর্পোরেট অফিসে ৩ অক্টোবর সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট এবং ৪ অক্টোবর সকাল সাতটা ছেচল্লিশ মিনিটে প্রতিষ্ঠানটির ফাইন্যান্স বিভাগের ডেপুটি ম্যানেজার মো. রাশেদ নিজাম অফিসের ভল্ট রুম খুলে লকার থেকে নগদ এক কোটি টাকা চুরি করে পালিয়ে যান।
ঘটনার পর WINDY গ্রুপের ডিজিএম (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) মো. হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর চুরি যাওয়া টাকা উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে উত্তরা পশ্চিম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ১৪ অক্টোবর পল্লবী থানাধীন ব্লক–বি, রোড নম্বর ০৯-এর ১৫২ নম্বর বাসা থেকে মূল আসামি মো. রাশেদ নিজামকে গ্রেফতার করা হয়। এ সময় তার লাগেজ থেকে নগদ ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে রাশেদ নিজামের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সহযোগী মো. সাইদুর রহমানকে সাভার থানাধীন ব্যাংক কলোনি এলাকার বি/৪২ নম্বর বাসা থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে আরও ২৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া মোট ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় চুরির ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
