সাতটি চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন চাঁদ মিয়া (৩০), জাহিদ মাতব্বর (২২) ও দিপু মালাকার (৩১)। তাদের হেফাজত থেকে বিভিন্ন মডেলের সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউয়ের পূর্ব প্রান্তে পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার পাশ থেকে ৫ আগস্ট দুপুর আনুমানিক দুইটা পঁচিশ মিনিট থেকে দুইটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মো. ফাহাদ (২৫)-এর মালিকানাধীন সবুজ রঙের ১৫০ সিসি Hero Hunk মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
মামলার তদন্তে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর রাত আনুমানিক আটটার দিকে নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চাঁদ মিয়াকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে চাঁদ মিয়া জানায়, চোরাইকৃত মোটরসাইকেলটি সে তার সহযোগী জাহিদ মাতব্বরের সহায়তায় চুরি করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন এলাকায় বসবাসরত দিপু মালাকারের কাছে বিক্রি করে। এই তথ্যের ভিত্তিতে ডিবি দল ১৬ অক্টোবর রাত আনুমানিক দুইটা দশ মিনিটে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে দিপু মালাকারকে গ্রেফতার করে। এ সময় তার বসতঘরের সামনের গ্যারেজ থেকে মামলার চোরাইকৃত সবুজ রঙের Hero Hunk মোটরসাইকেলসহ মোট সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে চাঁদ মিয়া ও দিপু মালাকারের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ অক্টোবর সকাল আনুমানিক ছয়টা দশ মিনিটে মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা থেকে তাদের অপর সহযোগী জাহিদ মাতব্বরকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, জাহিদ মাতব্বর সাধারণত মোটরসাইকেলের মালিকদের অনুসরণ করত এবং মালিক দূরে সরে গেলে চাঁদ মিয়া সুকৌশলে লক ভেঙে মোটরসাইকেল চুরি করত। পরে চোরাই মোটরসাইকেলগুলো টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় দিপু মালাকারের মাধ্যমে কেনাবেচা করা হতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
