রংপুর শহরের তিলক বসাকের বেতপট্রি এলাকার ‘লক্ষ্মী জুয়েলার্স’-এ ১৪ মে ২০২৫ তারিখে সংঘটিত অভিনব কায়দার চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের সদস্যদের গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) চাঞ্চল্যকর এই মামলার রহস্য উদঘাটন করেছে। চুরির পরপরই
ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা অশোক কুমার চৌহান ঘটনাস্থল পরিদর্শন, সিসি ক্যামেরা বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজনদের গতিবিধি শনাক্ত করেন। যেহেতু অপরাধীরা রংপুরের স্থানীয় নয়, বরং যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা, তাই তদন্তে সময় লাগলেও তদন্তকারী দলের তৎপরতা থেমে থাকেনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশনায় ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাতের অন্ধকারে ডিবির বিশেষ টিম ঢাকার যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় অভিযান চালিয়ে চক্রটির পাঁচ নারী সদস্যকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে চুরির সঙ্গে সম্পৃক্ত কিছু আলামত উদ্ধার করে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
