ধরুন, আপনি একজন গোয়েন্দা। এক রাতে আপনাকে ডাকা হলো একটি চুরির রহস্য উঘাটনের জন্য।
ঘটনার বিবরণ
রাত প্রায় আড়াইটা। কুয়াশাচ্ছন্ন, নির্জন শহরের এক কোণে অবস্থিত পুরোনো লাইব্রেরি। সকালে শহরে হইচই পড়ে যায়—লাইব্রেরিতে চুরি! ম্যানেজার করিম সাহেব ছুটে এসে দেখেন, অফিস কক্ষ থেকে একটি ল্যাপটপ এবং একটি দামি ঘড়ি উধাও। দরজা ঠিকঠাক বন্ধ, কিন্তু জানালার একটি পাল্লা আধখোলা। জানালার পাশে পড়ে আছে একটি মোবাইল ফোন।
লাইব্রেরির ভেতরে থাকা একমাত্র সিসিটিভি ফুটেজে দেখা যায়—রাত ২টা ৩০ মিনিটে একজন হুডি পরা ব্যক্তি ল্যাপটপ ও ঘড়ি সরাচ্ছে এবং একটি মোবাইল রেখে যাচ্ছে। তবে সিসিটিভি ক্যামেরায় আর কিছু স্পষ্ট দেখা যায়নি।
চারজন কর্মচারীর জবানবন্দি
রানা (কেয়ারটেকার): “আমি লাইব্রেরির ভেতরের আমার কক্ষে ঘুমিয়ে ছিলাম। কিছুই বুঝতে পারিনি। ঘটনার দিন থেকে জানালার চাবিটাও খুঁজে পাচ্ছি না।”
কামাল (ম্যানেজার): “ঘটনার আগের দিন একটু আগে বাসায় যাই, আর পরদিন সকালে আসি।”
শাকিল (সহকারী): “আমার মোবাইল কিছুদিন আগে হারিয়ে গেছে, আমি সেটা পুলিশে জানিয়েছি।”
সুমি (পরিচ্ছন্নতাকর্মী): “আমি ভোরে এসেছি, পরিষ্কার করে আবার চলে গেছি।”
পুলিশ তদন্ত করে আরও কিছু তথ্য পায়
১. টেবিলের ওপর পাওয়া মোবাইলটি শাকিলের।
২. একজন প্রতিবেশী রাতে বাসায় যাওয়ার সময় দেখতে পায়, রাত ২টা ৩০ মিনিটে হুডি পরা লোকটি জানালার গ্রিল খুলে ভেতরে ঢুকছে।
৩. লাইব্রেরির দরজা ও জানালার সব চাবিই কেবল রানার কাছেই থাকত। প্রশ্ন থেকে যায়—চোর কেন দরজা দিয়ে না ঢুকে জানালা দিয়ে ঢুকবে?
৪. শাকিল সেদিন একটু আগেই অফিস থেকে চলে যায়।
৫. সুমি বিকেলে দ্বিতীয়বার অফিসে আসে।
পুলিশের ভাবনা
১. চোর জানে কখন কে আসে-যায়।
২. জানালার চাবি ছিল তার কাছে।
৩. মোবাইল পড়ে থাকাটা কি উদ্দেশ্যমূলক?
৪. ম্যানেজার সেদিন কেন আগে চলে গেলেন?
৫. চাবি হারানোর ব্যাপারটাও কি রহস্যময় নয়?
৬. শাকিল কি মিথ্যা মোবাইল চুরির অভিযোগ করেছিল?
৭. নাকি সুমিই কোনোভাবে চাবি বা মোবাইল হাতিয়ে চোরের সহায়তা করেছিল?
এখন প্রশ্ন পাঠকের কাছে
১. আসলে কে চোর? এবং কীভাবে সে চুরি করল?
২. আপনার বিশ্লেষণ কী বলে?
উত্তর পাঠানোর ঠিকানা:
আপনার উত্তর ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে নিচের ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিন: detectivebdp@gmail.com
উত্তর পাঠানোর সময় অবশ্যই আপনার নাম, পরিচয় এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে ভুলবেন না।
