সোমবার, এপ্রিল ৬, ২০২৬
25 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমপ্রবন্ধশক্তি ও সুরক্ষার মেলবন্ধন

শক্তি ও সুরক্ষার মেলবন্ধন

অধ্যাপক এম আকতারুজ্জামান
,

সবুজ শস্যের মাঠে ফসলের প্রাচুর্য আর খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা—এটাই আমাদের গর্বের বাংলাদেশ। তবে এই সম্ভাবনাময় চিত্রের আড়ালেই লুকিয়ে আছে এক নীরব সংকট। জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) কর্তৃক প্রকাশিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫’ অনুযায়ী, বাংলাদেশের প্রায় পৌনে আট কোটি মানুষ এখনও স্বাস্থ্যসম্মত খাবার পায় না এবং ১০ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। কিন্তু খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা সত্ত্বেও এই পুষ্টিহীনতা কেন? এর কারণ মূলত দুটি—চরম দারিদ্র্য ও অসচেতনতা। সিংহভাগ মানুষ হয় টাকার অভাবে পুষ্টিকর খাবার কিনতে পারেন না, অথবা কী খেতে হবে, কীভাবে খেতে হবে—সে সম্পর্কে কোনো ধারণাই রাখেন না।

এই জনগোষ্ঠীকে পুষ্টিশিক্ষায় শিক্ষিত করে তোলা এখন কেবল প্রয়োজন নয়, বরং একটি জাতীয় কর্তব্য। জনসাধারণের পাশাপাশি যারা দিনরাত আমাদের সুরক্ষায় নিয়োজিত, সেই পুলিশ সদস্যদের জন্য সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব আরও বেশি। তাদের কঠোর শারীরিক পরিশ্রম ও মানসিক ধকল মোকাবিলায় পুষ্টিকর খাবারই হলো প্রধান চালিকাশক্তি। একটি সুস্থ দেহ ও সতেজ মন তাদের কর্মদক্ষতাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে। এই ভাবনা থেকেই এবারের স্বাস্থ্যকথায় আমরা আলোচনা করব ‘দৈনন্দিন খাদ্যাভ্যাসে পুষ্টির ছোঁয়া’ নিয়ে।

খাদ্য কী?

যেকোনো কিছু খেলেই তাকে খাদ্য বলা যায় না। বস্তুত যেগুলো গ্রহণ করলে আমাদের শরীরের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধসহ বিভিন্ন উপকার সাধিত হয়, সেগুলোকেই খাদ্য বলা হয়। ক্ষুধা পেলে আমরা খাদ্য গ্রহণ করি; কিন্তু খাদ্য গ্রহণের উদ্দেশ্য শুধু ক্ষুধা নিবারণ বা পেট ভরানো নয়। এর প্রধান উদ্দেশ্য হলো সুস্থ ও সক্রিয়ভাবে বেঁচে থাকার জন্য শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করা।

তাই প্রতিদিন আমরা যে খাদ্যসামগ্রী গ্রহণ করি, তাতে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে আছে কি না—তা জানা ও চেনা আবশ্যক। এভাবে জ্ঞান ও সচেতনতার সঙ্গে পরিমিত পরিমাণে সঠিক খাবার গ্রহণ করাকে সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট বলা হয়।

খাদ্য ও পুষ্টি উপাদান

আমরা যখন কোনো খাবার খাই, তা আমাদের পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রে গিয়ে হজম হয় এবং অত্যন্ত ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে পড়ে। এর একটি বৃহৎ অংশ বর্জ্য হিসেবে মলমূত্র আকারে শরীর থেকে বেরিয়ে যায়। অবশিষ্ট যে অংশটুকু শরীর শোষণ করে রক্তে প্রবাহিত করে এবং যা শরীরের বিভিন্ন উপকারী কাজে লাগে, তাকেই পুষ্টি উপাদান (নিউট্রিয়েন্ট) বলা হয়।

প্রধান পুষ্টি উপাদান ছয়টি। এই উপাদানের ওপর ভিত্তি করে খাদ্যসামগ্রীকে ছয়টি প্রধান ভাগে ভাগ করা হয়—
শর্করা বা শ্বেতসার: ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু, মিষ্টি আলু, কলা, কচু, গুড়, চিনি, মধু ইত্যাদি। এটি শরীরের প্রধান শক্তির উৎস।
স্নেহ বা তেলজাতীয় খাদ্য: তেল, ঘি, মাখন, চর্বি, মাছের তেল ইত্যাদি। স্নেহ পদার্থ শর্করার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ তাপশক্তি উৎপাদন করে।
আমিষ বা প্রোটিন: মাছ, মাংস, ডিম, দুধ, পনির, ডাল ইত্যাদি। দেহের গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণে মুখ্য ভূমিকা রাখে।
খনিজ লবণ (মিনারেল): বিভিন্ন শাকসবজি, ফলমূল, কলিজা, ডিম, দুধ, সামুদ্রিক মাছ ইত্যাদিতে ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, জিংক, ম্যাগনেসিয়ামের মতো খনিজ লবণ পাওয়া যায়।
ভিটামিন: রঙিন শাকসবজি, ফলমূল, কলিজা, ডিম, দুধ ইত্যাদিতে তেলে বা পানিতে দ্রবণীয় বিভিন্ন প্রকার ভিটামিন পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
পানি: বিশুদ্ধ খাবার পানি ও প্রতিটি খাদ্যদ্রব্যের মধ্যে থাকা জলীয় অংশ। শরীরের প্রতিটি জৈবনিক কাজের জন্য পানি অপরিহার্য।

পুষ্টি উপাদানগুলোর কাজের ওপর ভিত্তি করে এই ছয়টি উপাদানকে প্রধানত তিনটি গ্রুপে ভাগ করা যায়—
১. শক্তি উৎপাদক: শর্করা, প্রোটিন (আমিষ), চর্বি।  এই গ্রুপটি শরীরকে কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।
২. দেহ গঠনকারী: আমিষ (প্রোটিন), খনিজ লবণ। এই গ্রুপটি দেহ গঠন, বৃদ্ধি এবং ক্ষয়পূরণে সাহায্য করে।৩. রোগ প্রতিরোধকারী ও দেহ নিয়ন্ত্রক: ভিটামিন, খনিজ লবণ, পানি। এই গ্রুপটি শরীরের বিভিন্ন কার্যকারিতা নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

ব্যালেন্সড ডায়েটের সংজ্ঞা ও পরিকল্পনা

যেসব পরিমিত ও নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে বয়স, পেশা, লিঙ্গ এবং শারীরিক অবস্থানুযায়ী একজনের প্রতিদিনের প্রয়োজনীয় সব খাদ্য উপাদান সঠিকভাবে সরবরাহ করা সম্ভব, তাকে বলা হয় সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট। সুস্থ একজন মানুষ যিনি হালকা কাজ করেন, তার জন্য ন্যূনতম পরিমাণে সুষম খাদ্য প্রয়োজন। পরিশ্রম বেশি হলে খাদ্যের চাহিদা বেড়ে যায়। যেমন, অতিরিক্ত পরিশ্রমী নির্মাণ শ্রমিক বা গর্ভবতী ও প্রসূতি মায়েদের ক্ষেত্রে খাদ্যের চাহিদা ন্যূনতম চাহিদার প্রায় দ্বিগুণ হয়ে থাকে।

খাদ্যকে সুষম করতে হলে তিনটি গ্রুপ থেকেই প্রতিদিন একাধিক খাদ্যদ্রব্য গ্রহণ করতে হবে। প্রত্যেকটি গ্রুপ থেকে যত বেশি বৈচিত্র্যপূর্ণ খাদ্য গ্রহণ করা যায়, খাবার তত বেশি সুষম হবে। সুষম খাদ্য অবশ্যই স্বাদ, গন্ধ ও রুচিতে গ্রহণযোগ্য হতে হবে। এ ছাড়া খাদ্যে কিছু পরিমাণ আঁশ থাকা আবশ্যক, কারণ আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে। শাকসবজি ও ফলে প্রচুর আঁশ পাওয়া যায়।

আমরা সাধারণত তেল দিয়ে রান্না করি, আবার অনেকে মাখন দিয়ে রুটি খান—এভাবেই শরীরের তেলের চাহিদা মেটে। প্রতিদিন প্রচুর পানি পান করতে হবে। রান্না করার সময় ভিটামিন ‘সি’ নষ্ট হয়ে যায়, তাই প্রতিদিন তাজা ফল খাওয়া জরুরি। প্রতিদিন তিনটি গ্রুপ থেকে খাবার অদলবদল করে খেতে হবে। বাংলাদেশে সহজলভ্য সব খাদ্যদ্রব্য এভাবে খাওয়া সম্ভব; এতে খাদ্যের যাবতীয় উপাদান আমাদের শরীরে প্রবেশ করবে।

সুষম খাদ্যের সহজ উদাহরণ

আমরা প্রতিদিন যে খাবার খাই—সকাল, মধ্যাহ্ন, বিকাল ও রাতের খাবার—এই খাবারগুলোর মাধ্যমে যদি শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান নিশ্চিত করা যায়, তবে তাকে সুষম খাদ্য বলা হয়।
প্রথম উদাহরণ: ভাত, রুটি, মাছ বা ডিম, ডাল, বিভিন্ন ধরনের সবজি, দুধ ও ফল। এই তালিকায় শর্করা,     আমিষ,ফ্যাট, ভিটামিন ও খনিজ পদার্থ সবই উপস্থিত।

  • দ্বিতীয় উদাহরণ: রুটি, মাখন, ডিম, দুধ, শাকসবজি, মাছ, মাংস, ডাল, বিস্কুট, চা ও ফল। এখানেও খাদ্যের সব কয়টি গ্রুপ থেকে উপাদান যুক্ত করা হয়েছে।

বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন খাদ্যের পুষ্টিমান সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট থেকে প্রকাশিত ‘দেশীয় খাদ্যের পুষ্টিমান’ বইটি একটি নির্ভরযোগ্য উৎস হতে পারে। 

একটি নমুনা আদর্শ খাদ্যতালিকা

পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্রের কারণে প্রায়শই দীর্ঘ সময় ধরে সচল থাকেন; তাই তাদের শারীরিক সুস্থতার জন্য একটি পরিকল্পিত খাদ্যতালিকা অত্যন্ত জরুরি। বর্ষাকালে বাংলাদেশে সহজে পাওয়া যায়—এমন শাকসবজি ও ফলমূল দিয়ে তৈরি একটি আদর্শ খাদ্যতালিকা নিচে দেওয়া হলো।

পুলিশ সদস্যদের জন্য আদর্শ ডায়েট প্ল্যান (বর্ষাকালীন)

খাবার সময়   খাবার তালিকা     বিকল্প খাবার
সকাল (৭ঃ০০-৭ঃ৩০) লাল আটার রুটি (দুটি) অথবা ওটস (এক বাটি), ডিম(একটি), সবজি ভাজি (যেমন- পটোল, করলা,

চিচিঙ্গা), সাথে এক কাপ গ্রিন টি ।

ব্রাউন ব্রেড (দুই স্লাইস), কলা (একটি),

সবজি স্যুপ (এক বাটি)

সকালের নাশতা(১০:৩০-১১:০০) যেকোনো মৌসুমি ফল (যেমন- আমড়া,

পেয়ারা, আনারস)

এক গ্লাস ঘোল/লাচ্ছি
দুপুর (১:৩০-২:০০) ভাত (এক কাপ), মাছ/মুরগি/ডাল (এক টুকরা/ এক

কাপ), সবজি (যেমন- কাঁকরোল, ঢেঁড়শ, পুঁইশাক),

সালাদ (শসা, টমেটো, পেঁয়াজ)

ভাত (এক কাপ), ডাল (এক কাপ),
সবজি (যেমন চিচিঙ্গা, ঝিঙে, চালকুমড়া),
সালাদ (শসা, টমেটো, পেঁয়াজ)
বিকাল (৫:০০-৫:৩০) এক কাপ চা (চিনি ছাড়া), এক মুঠো বাদাম এক কাপ গ্রিন টি, দুটি বিস্কুট
রাত (৮:৩০-৯:০০) ভাত (এক কাপ), ডাল (এক কাপ), সবজি
(যেমন-পটোল, করলা,চিচিঙ্গা),সালাদ (শসা,টমেটো,পেঁয়াজ)
রুটি (দুটি), সবজি ভাজি (যেমন—কাঁকরোল, ঢেঁড়শ, পুঁইশাক),
সালাদ (শসা, টমেটো, পেঁয়াজ)
ঘুমানোর আগে (১০:৩০-১১:০০) এক গ্লাস গরম দুধ (হলুদ মিশিয়ে) এক কাপ গ্রিন টি

 

পুলিশ সদস্যদের খাদ্যাভ্যাসে বিশেষ সতর্কীকরণ: অতিরিক্ত শর্করা ও চিনির প্রভাব

পুলিশ সদস্যদের মধ্যে প্রায়শই অতিরিক্ত চা পান এবং বেশি শর্করা (ভাত, রুটি ইত্যাদি) খাওয়ার প্রবণতা দেখা যায়, যা তাদের  খাদ্যের প্রয়োজনীয় পুষ্টির ভারসাম্য নষ্ট করে। মাত্রাতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত মিষ্টি শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ করে, যা ওজন বৃদ্ধি ও স্থূলতার মূল কারণ। এর ফলস্বরূপ টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। রক্তে শর্করার দ্রুত ওঠানামার ওঠানামা হওয়ায় প্রায়শই ক্লান্তি আসে এবং বারবার ক্ষুধা অনুভব হতে পারে। দীর্ঘমেয়াদে এর থেকে ইনসুলিন রেজিস্ট্যান্সও দেখা দিতে পারে। এছাড়াও,অতিরিক্ত চিনি ও কার্বোহাইড্রেট রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

অন্যদিকে লিভারের ওপর চাপ সৃষ্টি করে এটি ভবিষ্যতে ফ্যাটি লিভারের কারণ হতে পারে। চিনিকে বলা হয় ‘খালি ক্যালরি’, কারণ এটি প্রোটিন, ভিটামিন বা খনিজ কিছুই সরবরাহ করে না, ফলে শরীরে পুষ্টি-ঘাটতি তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। মিষ্টি এবং নরম পানীয় দাঁত ও মাড়ির ক্ষয় বাড়ায়। পাশাপাশি, শক্তির দ্রুত ওঠানামা মেজাজকেও প্রভাবিত করে। তাই সুস্থতা বজায় রাখতে পুলিশ সদস্যদের জন্য খাদ্যে পরিমিততা এবং পুষ্টির ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি। 

পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় কিছু প্রয়োজনীয় সুপারিশ:

  • অতিরিক্ত তেল, ভাজা-পোড়া খাবার,ফাস্ট ফুড ও কোমল পানীয় পরিহার করুন।
  • প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন (প্রায় ৮-১০ গ্লাস)।
  • নিয়মিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন(প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা)।
  • প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন।
  • স্থানীয় ও মৌসুমি ফলমূল এবং সবজি বেশি করে খান।

আমাদের সুস্থ জীবনের জন্য সুষম খাদ্য অপরিহার্য। এটি শুধু পেট ভরানোর বিষয় নয়, বরং শরীরের কর্মক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটি বিজ্ঞানসম্মত উপায়। পুলিশ সদস্যদের জন্য ব্যস্ত জীবনের মধ্যেও পরিকল্পিত খাবার গ্রহণ সম্ভব। সুস্বাস্থ্য বজায় রাখতে হলে কেবল খাবার খেলেই হবে না, বরং তা হতে হবে পরিমিত, পরিষ্কার ও পুষ্টিকর

লেখক
অধ্যাপক
পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট
ঢাকা বিশ্ববিদ্যালয়

সম্প্রতি

নাগরিক সংযোগ