খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), খুলনা সদর থানার কর্মকর্তা, চেতনানাশক ব্যবহার করে সংঘটিত এক ইজিবাইক চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খুলনা সদর থানাধীন শিশু হাসপাতালের সামনে জনি মার্টিন গাইন (৬৫) নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা আসামিদের হাতে চেতনানাশকের প্রভাবে জনি মার্টিন গাইন তার ব্যাটারিচালিত ইজিবাইক হারান। পরদিন তার মেয়ে সীমা রানী গাইন (৪৭) খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলার উলপুর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্য—লায়েক মোল্ল্যা (৫৮) ও লেবু মোল্ল্যা (৪৬)-কে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে চোরাই ইজিবাইকটি উদ্ধার করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চেতনানাশক প্রয়োগ করে সম্পদ ছিনিয়ে নেওয়া একটি গুরুতর অপরাধ, যা দণ্ডবিধির ৩২৮ ধারায় সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডযোগ্য। দ্রুত অভিযান ও আন্তঃজেলা সমন্বিত তৎপরতার মাধ্যমে চোরচক্র শনাক্ত ও ইজিবাইক উদ্ধারে খুলনা সদর থানার পদক্ষেপ পুলিশের পেশাদারিত্ব এবং নাগরিক নিরাপত্তায় প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছে।
পুলিশ এই ঘটনায় নাগরিকদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে—বিশেষত অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণে সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয় ।
