সেপ্টেম্বর ২০২৫
বর্তমানকে ধারণ করে ভবিষ্যৎ নির্মাণের পথে এগিয়ে যাওয়া—এটাই সমাজব্যবস্থার চিরায়ত বৈশিষ্ট্য। এই ঐতিহাসিক যাত্রাপথে জননিরাপত্তা, সামাজিক ন্যায়বিচার ও সুশাসনের প্রশ্ন সবসময়ই কেন্দ্রীয় ভূমিকা পালন করে এসেছে। আমাদের বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। গত কয়েক দশকে উন্নয়নের তীব্র স্রোত যেমন লক্ষণীয়, তেমনি দৃশ্যমান হয়েছে এক নিবিড় সামাজিক রূপান্তর—দ্রুত নগরায়ন, প্রযুক্তির ব্যাপক বিস্তার, পারিবারিক কাঠামোর পরিবর্তন এবং তরুণ প্রজন্মের জীবনযাত্রায় অজানা প্রতিযোগিতার চাপ।
এই পরিবর্তনগুলো সমাজের সম্ভাবনাকে যেমন উজ্জ্বল করছে, তেমনি কিছু অন্ধকার ছায়াও ফেলছে, যার সবচেয়ে প্রকট প্রতিফলন হলো কিশোর অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা। আজকের কিশোররা দেশ ও সমাজের ভবিষ্যৎ। কিন্তু তাদের একাংশ যখন গ্যাং সংস্কৃতি, মাদকাসক্তি বা সাইবার অপরাধের জালে জড়িয়ে পড়ছে, তখন সেটি কেবল আইনশৃঙ্খলার সংকট নয়; বরং আমাদের জাতীয় মূল্যবোধ ও সামাজিক বন্ধনের ভাঙনের ইঙ্গিত। এই বিপথগামী তরুণরা শাস্তির নয়, বরং সংশোধনের উপযোগী। তাদের প্রতি সহানুভূতি, সঠিক দিকনির্দেশনা ও পুনর্বাসনের সুযোগই হতে পারে প্রকৃত প্রতিরোধের পথ। এই পথ ধরে তাদের আলোর জগতে ফিরিয়ে আনাই আমাদের সম্মিলিত দায়িত্ব।
এই গভীর সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে ডিটেকটিভ-এর সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদ রচনার মূল সুর— ‘কৈশোরে অপরাধের কলঙ্ক নয়: চাই সংশোধনের সুযোগ’। এখানে কিশোর অপরাধের সামাজিক ও মানসিক কারণ, পারিবারিক ও প্রযুক্তিগত প্রভাব এবং পুনর্বাসনমূলক পদক্ষেপের বাস্তব দিকগুলোর ওপর আলোকপাত করা হয়েছে। একই সঙ্গে বর্তমানে কিশোরদের মধ্যে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া অনলাইন জুয়া, যা তাদের সামাজিক ও পারিবারিক জীবনের ওপর গুরুতর প্রভাব ফেলছে—সে বিষয়েও এবারের সংখ্যায় একটি বিশেষ প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে।
দেশে বর্তমানে চলছে সংস্কার ও পরিবর্তনের সুবাতাস। আর এই সংস্কারের আলোচনাকে আরও গভীরতা দিয়েছে ‘পুলিশ সংস্কার’ বিভাগে প্রকাশিত বিশ্লেষণধর্মী নিবন্ধ ‘পেশাদার ও জবাবদিহিমূলক পুলিশ’। পুলিশিং কীভাবে আরও জনবান্ধব হতে পারে, তার কিছু বৈশ্বিক উদাহরণ তুলে ধরা হয়েছে ‘বৈশ্বিক পুলিশিং’ বিভাগে। সেখানে অনলাইন গেমসের মাধ্যমে ডেনমার্ক পুলিশের নতুন উদ্যোগ দেখিয়েছে—কীভাবে আধুনিক সমাজে পুলিশ তরুণদের প্রতিপক্ষ নয়, বরং বন্ধুর ভূমিকায় অবতীর্ণ হতে পারে।
দেশের প্রেক্ষাপটে সংস্কার, প্রযুক্তিগত সেবা উন্নয়ন ও কাঠামোগত সক্ষমতা যেন কেবল শহরকেন্দ্রিক না হয়ে প্রতিটি অঞ্চলে পৌঁছে যায়—এই ভাবনা থেকেই ‘সুরক্ষাতন্ত্র’ বিভাগে লেখা হয়েছে ‘স্থানীয় পুলিশ ব্যবস্থার আধুনিকীকরণ ও প্রয়োজনীয় সেবা’ বিষয়ক বিশেষ নিবন্ধ। উন্নত সেবার জন্য প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ। ‘পেশাগত মানোন্নয়ন’ বিভাগে সেই প্রয়োজনীয়তাকেই পুনর্ব্যক্ত করা হয়েছে এবং দেওয়া হয়েছে প্রয়োজনীয় দিকনির্দেশনা।
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে আমরা দেশের পর্যটন শিল্পের সম্ভাবনাময় ক্ষেত্রটিকে গুরুত্ব দিয়েছি। ‘বাহিনীর কথা’ বিভাগে ট্যুরিস্ট পুলিশের নিরলস প্রচেষ্টা, সাফল্য ও সংগ্রামের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে।
এবারের সংখ্যাতেও রয়েছে নিয়মিত আয়োজন—পুলিশ কুইজ, অভিযানের সংবাদ, খেলাধুলা এবং বাহিনীর নানাবিধ সাফল্যের গল্প।
সুপ্রিয় পাঠক, ডিটেকটিভ বাংলাদেশ পুলিশের মুখপত্র হলেও এর মূল অংশীজন আপনারাই। আপনাদের অনুসন্ধিৎসাই আমাদের লেখার প্রেরণাদায়ী শক্তি। আপনাদের এই জ্ঞানপিপাসা কিছুটা হলেও মেটাতে পারলে তবেই আমাদের প্রয়াস সার্থক হবে। সবার জন্য শুভকামনা।
