সেপ্টেম্বরে বর্ষাকাল চলমান থাকে এবং এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়, যার দরুন কিছু এলাকায় জলাবদ্ধতা বা স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। এর ফলে বিভিন্ন পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, টাইফয়েডের সংক্রমণ বৃদ্ধি পায়। একই সঙ্গে এডিস মশার বিস্তারে ডেঙ্গুর ঝুঁকি বাড়ে। এ প্রেক্ষিতে পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে নিচের নির্দেশনাগুলো মেনে চলুন।
- বিশুদ্ধ পানি পান করুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন।
- মশা থেকে নিজেকে রক্ষা করুন, এবং অবশ্যই ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
- ত্বকের ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এড়াতে পরিচ্ছন্নতা বজায় রাখুন।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিনের খাদ্যতালিকায় পেয়ারার মতো পুষ্টিকর মৌসুমি ফল ও শাকসবজি রাখুন।
নারীদের জন্য:
- ভেজা ও স্যাঁতসেঁতে পোশাকে দীর্ঘ সময় থাকলে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, তাই ভেজা পোশাক দ্রুত পরিবর্তন করুন।
- বর্ষায় সুতির পোশাক ব্যবহার করুন, যা ঘাম শোষণ করে ত্বককে শুষ্ক রাখে এবং সংক্রমণের ঝুঁকি কমায়।
- মাসিকের সময় ভারী শোষণক্ষম স্যানিটারি প্যাড ব্যবহার করুন এবং ঘন ঘন তা পরিবর্তন করুন, যাতে আর্দ্রতা ও বৃষ্টিজনিত কারণে কোনো সংক্রমণ না হয়।
শিশুদের জন্য:
- আপনার শিশুকে ঠান্ডা লাগার ঝুঁকি থেকে রক্ষা করতে বৃষ্টির পানি থেকে দূরে রাখুন এবং শুষ্ক রাখুন।
- তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত খাবার দিন এবং বাইরের অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার দেওয়া পরিহার করুন।
- যদি আপনার শিশুর কোনো অসুস্থতার লক্ষণ দেখা যায়, তবে অবহেলা না করে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
