রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলে অবস্থিত শম্পা জুয়েলার্সে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় প্রায় ১৯০ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৯৩.৫ গ্রাম রুপা, নগদ ১ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা এবং একটি মোটরসাইকেল।
গ্রেফতারকৃতরা হলেন—শাহিন মাতাব্বর ওরফে সাহিদ ওরফে শাহিন (৪৬), অনিতা রায় (৩১), মো. নূরুল ইসলাম (৩৩) এবং উত্তম চন্দ্র সুর (৪৯)।
ডিবি জানায়, ৮ অক্টোবর ২০২৫ দিবাগত রাতে শম্পা জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় মামলা রুজু হলে ডিবির একটি বিশেষ দল ছায়া তদন্ত শুরু করে।
তদন্তে জানা যায়, আসামিরা প্রায় তিন মাস ধরে পরিকল্পনা করে চুরির প্রস্তুতি নেয়। তারা একাধিকবার রেকি করে হাতুড়ি, শাবলসহ সরঞ্জাম আগে থেকেই মার্কেটের পেছনে টিনের চালের নিচে লুকিয়ে রাখে। ঘটনার দিন দিনের বেলায় এক আসামি বাথরুমের জানালায় সুতার ‘ইউ’ লুপ তৈরি করে এবং মুখ ঢাকার জন্য বোরকা রেখে আসে। গভীর রাতে তারা ছাদ দিয়ে বাথরুমে ঢুকে শপিং মলে প্রবেশ করে শম্পা জুয়েলার্সে চুরি করে এবং একই পথে পালিয়ে যায়। ব্যবহৃত বোরকা ও সরঞ্জাম তারা গণপূর্ত কোয়ার্টারের টয়লেটের সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়।
ধারাবাহিক অভিযানে চট্টগ্রাম থেকে শাহিন মাতাব্বরকে গ্রেফতার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১২১.০৭ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। বরিশালে অভিযান চালিয়ে অনিতা রায়ের কাছ থেকে ৫২.৮১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ থেকে নূরুল ইসলামকে গ্রেফতার করে তার কাছ থেকে প্রায় দুই ভরি স্বর্ণ, একটি মোটরসাইকেল ও ১ লক্ষ ৭৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে শাখারী বাজার থেকে উত্তম চন্দ্র সুরকে গ্রেফতার করে তার কাছ থেকে ১৩.৬৭ ভরি স্বর্ণ এবং ৯৩.৫ গ্রাম রুপা উদ্ধার করা হয়।
