সোমবার, এপ্রিল ৬, ২০২৬
29 C
Dhaka

ডিটেকটিভ পাবলিশার

হোমআরওসঠিকভাবে মামলা নথিভুক্ত করার নিয়ম

সঠিকভাবে মামলা নথিভুক্ত করার নিয়ম

ডিটেকটিভ ডেস্ক
,

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্র প্রতিটি নাগরিককে আইনি সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশে কোনো নাগরিকের আইনগত অধিকার লঙ্ঘিত হলে বা কেউ অপরাধের শিকার হলে, তার প্রতিকার পাওয়ার প্রথম ও প্রধান ধাপ হলো যথাযথ কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের বা মামলা নথিভুক্ত করা। মামলা বলতে মূলত বোঝায় বিচার পাওয়ার আশায় থানা বা আদালতে দাখিলকৃত কোনো আনুষ্ঠানিক অভিযোগ। অপরাধের প্রকৃতি ও বিচারিক প্রক্রিয়া ভেদে বাংলাদেশে মামলাগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: ফৌজদারি মামলা এবং দেওয়ানি মামলা। এছাড়াও বিশেষ কিছু অপরাধ ও বিরোধের জন্য রয়েছে বিশেষায়িত আইনি ব্যবস্থা।

“মামলা” শব্দের উৎপত্তি যেভাবে
“মামলা” শব্দটি বাংলায় প্রচলিত হলেও এটি মূলত আরবি
ভাষার “আমল” শব্দ থেকে এসেছে, যার অর্থ কাজ, কর্ম বা
কার্য সম্পাদন। এই শব্দ থেকেই ফারসি ভাষায় “মামলা”
শব্দটি গঠিত হয়, যার অর্থ দাঁড়ায় কোনো বিষয় নিয়ে ব্যবস্থা
গ্রহণ বা কার্যক্রম চালানো। পরবর্তীতে উপমহাদেশে ফারসি
প্রশাসনিক ও আইনগত ভাষার প্রভাবের কারণে “মামলা”
শব্দটি বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত হয়।

ফৌজদারি মামলা:

ফৌজদারি মামলা মূলত এমন অপরাধের বিরুদ্ধে দায়ের করা হয় যা সমাজের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে এবং জান-মালের নিরাপত্তা ক্ষুণ্ন করে। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, অপহরণ বা মারামারির মতো অপরাধগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত।এই ধরনের মামলার মূল উদ্দেশ্য হলো অপরাধীকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা। বাংলাদেশে ফৌজদারি মামলা দায়েরের দুটি প্রধান উপায় রয়েছে:

১. থানায় এজাহার (এফআইআর): যেকোনো আমলযোগ্য অপরাধ
সংঘটনের পর ভুক্তভোগী বা প্রত্যক্ষদর্শী নিকটস্থ থানায় অভিযোগ
দায়ের করতে পারেন। একে বলা হয় ‘ফার্স্ট ইনফরমেশন
রিপোর্ট’ বা এফআইআর (ঋওজ)। অভিযোগটি থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত আকারে পেশ করতে হয়। এতে
ঘটনার সময়, স্থান, পূর্ণ বিবরণ এবং আসামির নাম-ঠিকানা (যদি
জানা থাকে) স্পষ্টভাবে উল্লেখ থাকা বাঞ্ছনীয়। পুলিশ অভিযোগটি
গ্রহণ করে একটি মামলা নম্বর দিলে তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

২. আদালতে নালিশি মামলা: যদি কোনো
কারণে থানা মামলা নিতে অস্বীকৃতি জানায় বা ভুক্তভোগী সরাসরি
আদালতের শরণাপন্ন হতে চান, তবে তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে নালিশি মামলা দায়ের করতে পারেন। এ ক্ষেত্রে বিচারক
অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করেন এবং প্রাথমিক সত্যতা যাচাই
সাপেক্ষে মামলাটি আমলে নেওয়ার বা তদন্তের নির্দেশ দেন।

দেওয়ানি মামলা

দেওয়ানি মামলা কোনো অপরাধের শাস্তির জন্য নয়, বরং এটিমূলত ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠা, সম্পত্তির বিরোধ নিষ্পত্তি বা ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে পরিচালিত হয়। জমিজমা সংক্রান্ত বিরোধ,পারিবারিক সমস্যা (যেমন—বিবাহবিচ্ছেদ, দেনমোহর, খোরপোষ),চুক্তিভঙ্গ বা পদোন্নতি সংক্রান্ত জটিলতা এই শ্রেণীর অন্তর্ভুক্ত।দেওয়ানি মামলা দায়েরের পদ্ধতি ফৌজদারি মামলা থেকে ভিন্ন। এই মামলা সরাসরি সংশ্লিষ্ট এখতিয়ার সম্পন্ন আদালতে ‘আরজি’ দাখিলের মাধ্যমে শুরু করতে হয়। আরজি হলো বাদীর লিখিত আবেদন, যেখানে তিনি তার দাবির পক্ষে যুক্তি ও তথ্য উপস্থাপন করেন। জমিজমা সংক্রান্ত মামলা সাধারণত সহকারী জজ বা যুগ্ম-জেলা জজ আদালতে এবং পারিবারিক বিষয়গুলো পারিবারিক আদালতে নিষ্পত্তি হয়। আরজির সাথে প্রয়োজনীয় দলিলাদি এবং নির্ধারিত কোর্ট ফি জমা দেওয়া বাধ্যতামূলক। বিশেষ ক্ষেত্রে, যেমন ঋণ সংক্রান্ত মামলায়, আরজির সাথে হলফনামা বা এফিডেভিট সংযুক্ত করতে হয়।

বিশেষায়িত মামলা ও ট্রাইব্যুনাল

প্রথাগত ফৌজদারি ও দেওয়ানি মামলার বাইরেও আধুনিক সমাজব্যবস্থায় উদ্ভূত বিশেষ কিছু বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশে আলাদা আইন ও আদালত রয়েছে:

শ্রম আদালত: শ্রমিক ও মালিকের মধ্যকার বিরোধ, যেমন—ন্যায্যমজুরি না পাওয়া, বেআইনি ছাঁটাই বা কর্মপরিবেশ সংক্রান্ত জটিলতা নিরসনে শ্রম আদালতে মামলা দায়ের করা যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ: পণ্যের মান নিয়ন্ত্রণ, ওজনে কারচুপি বা সেবার ত্রুটি নিয়ে প্রতারিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করা যায়; প্রয়োজন হলে অধিদপ্তর আইনগত
ব্যবস্থা গ্রহণ করে।

সাইবার অপরাধ: তথ্যপ্রযুক্তির এই যুগে ডিজিটাল মাধ্যমে সংঘটিতঅপরাধ, যেমন—হ্যাকিং, অনলাইনে হয়রানি বা প্রতারণার প্রতিকার পেতে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ রয়েছে।

শেষ কথা

আইনি প্রতিকার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।অপরাধের ধরন বুঝে সঠিক জায়গায়—থানায় বা আদালতে—যথাসময়ে মামলা নথিভুক্ত করা ন্যায়বিচার পাওয়ার পূর্বশর্ত। দেওয়ানি মামলায় যেমন অধিকার পুনরুদ্ধার ও ক্ষতিপূরণ মূখ্য, তেমনি ফৌজদারি মামলায় অপরাধীর শাস্তি নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। আইনের সঠিক প্রয়োগ এবং নাগরিকদের সচেতনতাই পারে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে,যেখানে কেউ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে না।

 

সম্প্রতি

নাগরিক সংযোগ