গত ৩১ অক্টোবর ২০২৫ রাজশাহীর কালেক্টরেট মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে “বিভাগীয় বইমেলা–২০২৫”–এর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার আজিম আহমেদ, এনডিসি, বিভাগীয় কমিশনার, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু সুফিয়ান, কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
আলোচনা সভায় পুলিশ কমিশনার বলেন, বর্তমান সমাজে অতিরিক্ত মোবাইল স্ক্রিন ব্যবহারের কারণে তরুণদের মধ্যে পাঠাভ্যাস কমে যাচ্ছে। এ প্রেক্ষাপটে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তরুণ সমাজকে বইয়ের সঙ্গে যুক্ত করতে বইমেলার মতো উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, জ্ঞান অর্জনের জন্য বইয়ের বিকল্প নেই; তবে প্রকৃত শিক্ষা সেই জ্ঞানই, যা সমাজকে ইতিবাচকভাবে পরিচালনায় সহায়ক হয়।
তিনি আশা প্রকাশ করেন, এই বইমেলার মাধ্যমে রাজশাহীসহ সারাদেশে পাঠাভ্যাসের নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। অনুষ্ঠানের শেষাংশে তিনি লেখক, পাঠক, প্রকাশক, শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
