রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিয়মিত অপরাধ বিশ্লেষণ ও পর্যালোচনার মাধ্যমে নগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে আগস্ট ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।
সভায় নগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা এবং গত মাসে গৃহীত পদক্ষেপের কার্যকারিতা নিয়ে বিশদ আলোচনা হয়। কমিশনার মহোদয় বিশেষভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
আলোচনায় আগস্ট মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়, যাতে অপরাধ প্রতিরোধ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও উদ্দেশ্যনির্ভর ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা যায়।
সভা শেষে জুলাই থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত শ্রেষ্ঠ পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে এসআই (নিঃ) হেদায়েত উল্লাহ (বোয়ালিয়া মডেল থানা), সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল মাহমুদ (ট্রাফিক বিভাগ) এবং এএসআই (নিঃ) মো. আসাদুজ্জামান (বোয়ালিয়া মডেল থানা) শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন। এছাড়া আরও ১২ জন কর্মকর্তা কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ আরও কয়েকজন কর্মকর্তা অর্থ পুরস্কারে ভূষিত হন। সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা।
এই নিয়মিত অপরাধ পর্যালোচনা সভা কেবল পরিসংখ্যানগত বিশ্লেষণে সীমাবদ্ধ নয়; বরং পুলিশিং কার্যক্রমে “প্রমাণনির্ভর সিদ্ধান্তগ্রহণ ও কর্মদক্ষতা মূল্যায়ন সংস্কৃতি” গড়ে তুলছে ।
